চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেদের প্রতি মনোযোগ দিনশেষ পর্যন্ত মাকেও দিতে হলো বলি! এত দিন উত্ত্যক্তকরণের শিকার হয়ে মেয়েরা আত্মগ্লানিতে ভুগে আত্মহননের পথ বেছে নিয়েছিল। আজ মায়েরাই হত্যার শিকার! একি মগের মুল্লুক যে প্রতিবাদ করলেই তাকে প্রাণ দিতে হবে? কিছুদিন আগে প্রতিবাদ করায় নিরীহ শিক্ষক প্রাণ হারালেন। সত্যিই কি সমাজ এগোচ্ছে?এসব বেপরোয়া ছেলেদের জন্য আমরা অভিভাবকেরাও অনেকখানি দায়ী। পরিবারে ছেলে ও মেয়েকে ভিন্ন মনোভাবে গড়ে তুলি। পরিবার থেকেই ছেলেগুলো দেখছে তার প্রাধান্য মেয়েটির চেয়ে বেশি। ছেলেটিকে কোনো জিনিস পুরোটা দিচ্ছি তো মেয়েটিকে দিচ্ছি অর্ধেক।আমরা আমাদের মেয়েদের জন্য যে শিক্ষাগুলো প্রযোজ্য করে রেখেছি যেমন কোমলমতি হতে, নমনীয় হতে, ভদ্র আচরণ করতে, চড়া গলায় কথা না বলতে—এ শিক্ষাগুলো ছেলেদের বেলায় কেন প্রয়োগ করছি না? শিক্ষক মিজানুর রহমানকে হত্যা করার পরও হত্যাকারী রাজনের মা অবলীলায় অস্বীকার করলেন, তাঁর ছেলের অপরাধ। ছেলেসন্তান এত কাম্য যে তার ন্যায্য-অন্যায্য সব আচরণকেই প্রশ্রয় দিচ্ছি।সব সম্ভবের দেশ হয়ে গেল এ দেশ। আইনের ফাঁক গলে সহজেই জীবনযাপন করা যায় বলেই এত পৈশাচিক হয়ে উঠছে এই অল্প বয়সী ছেলেগুলো। ক্ষণিকের উত্তেজনায় তারা বড় বড় অপরাধ করে চলেছে। মানুষের ঘরেই জন্ম, অথচ ন্যূনতম মানবিকতাবোধও নেই। কঠোর আইন দিয়ে হয়তো শৃঙ্খলিত করা যায়, কিন্তু মানুষের প্রতি মমত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ—এগুলো পরিবার থেকেই শেখাতে হয়।আসুন, আমরা আমাদের ছেলেসন্তানদের নমনীয় হতে শেখাই, সভ্য আচরণ করতে শেখাই, কোমল মনের অধিকারী হতে শেখাই। কারণ এ গুণগুলোই মানুষের ভেতর জাগিয়ে তোলে মমত্ববোধ। একজন ভালো মানুষ হতে শেখায়।আফরোজা পারভীন, পল্লবী, ঢাকা।হায় বুড়িগঙ্গাকয়েক মাস ধরে আমরা বুড়িগঙ্গার আশপাশের মানুষ খুবই শান্তিতে ছিলাম। আমাদের প্রতিদিন আসা-যাওয়ার পথে নাকে রুমাল দিয়ে হাঁটতে হতো না। নৌকায় চড়েই আমরা পার হতাম। সরকারের উদ্যোগে বুড়িগঙ্গায় ড্রেজিং ও পলিথিন অপসারণের ফলে মনে করেছিলাম, এর সুফল আমরা এবার শুকনো মৌসুমে পেতে যাচ্ছি। পচা দুর্গন্ধে আমাদের নাভিশ্বাস হবে না। কিন্তু কয়েক দিন পরই নদী পার হতে গিয়ে দেখলাম, নদীর দুই ধারে আশপাশের বাচ্চারা ও বয়স্করা দুই হাত দিয়ে শুধু নদী থেকে মাছ তুলছে আর ব্যাগে ভরছে। মাঝিকে জিজ্ঞেস করলে তিনি বললেন, ‘ভাই, পানি তো আবার ময়লা ও দুর্গন্ধযুক্ত হয়ে গেছে; তাই এই বর্ষায় যে মাছগুলান আইছিল নদীতে, হেই মাছগুলান নদীর মাইজখানে থাকতে না পাইরা পাড়ে আইসা নিঃশ্বাস নিতাছে আর মরতাছে, এই পোলাপানগুলা হেই মাছগুলান নদীর পাড় থেইক্কা হাত দিয়াই ধরতাছে।’ হায়রে আর কয় দিন পর আবার সেই বুড়িগঙ্গার রূপ ফুটে উঠবে। সরকারের সব উদ্যোগই কি বিফলে যাবে? বুড়িগঙ্গা কি আর রক্ষা করা গেল না? আলমগীর হোসেন, কেরানীগঞ্জ, ঢাকা।