চিঠিপত্র
স্বল্প মূল্যে রেশনচতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের স্বল্প মূল্যে রেশন দেওয়ার বিষয়ে সম্প্রতি সরকারের আগ্রহের কথা জানা গেছে। এই উদ্যোগটি প্রশংসনীয়। তবে আমি মনে করি, অবসরপ্রাপ্ত চতুর্থ ও তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারীদেরও একই সঙ্গে সম্পৃক্ত করা উচিত। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা যে পেনশন পান, তাতে তাঁরা দুর্মূল্যের বাজারে মানবেতর জীবন যাপন করছেন। যে কর্মচারীরা জীবনে একটি পয়সাও ঘুষ বা অবৈধ পথে গ্রহণ করেননি, তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া আবশ্যক। তাই স্বল্প মূল্যে রেশন বিতরণ কার্যক্রমে অবসরপ্রাপ্ত চতুর্থ ও তৃতীয় শ্রেণীর কর্মচারীদের অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।মো. লুৎফর রহমানবানারীপাড়া, বরিশাল।ধানমন্ডির যন্ত্রণাধানমন্ডি আবাসিক এলাকায় গড়ে উঠেছে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। প্লে গ্রুপ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এ জন্য দুর্বিষহ যানজট আরও অসহনীয় হয়ে উঠেছে। একই রাস্তার ওপরে ছয়-সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপিত হওয়ার নজিরও এই আবাসিক এলাকায় বিদ্যমান। আবাসিক এলাকা বাণিজ্যিক ব্যবহারের জন্য ভাড়া দিলে কয়েক গুণ বেশি ভাড়া পাওয়া যায়। মাশরুমের মতো অপরিকল্পিতভাবে এমন সব প্রতিষ্ঠান গজিয়ে ওঠার এটাই হয়তো প্রধান কারণ। কে অনুমতি দিলেন, কেন দিলেন, তার কি কোনো জবাবদিহি নেই? আমি মনে করি, প্লে গ্রুপ থেকে ও-লেভেল পর্যন্ত পড়ার জন্য যেখানে-সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান চালু না করে সরকারি বা বেসরকারিভাবে স্থাপিত কেন্দ্রীয় স্কুল জোনে করলে শিক্ষার্থীরা বেশি উপকৃত হবে এবং তা হবে দেশের জন্য মঙ্গলজনক। ধানমন্ডি আবাসিক এলাকার বাসিন্দারা ‘স্কুল-জঞ্জাল’ হতে আশু মুক্তির লক্ষ্যে বলিষ্ঠ পদক্ষেপ চায়। এম এ গফুর ধানমন্ডি, ঢাকা।হাসপাতাল চাইমানিকগঞ্জের দৌলতপুর থানার অন্তর্গত বাচামারা ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের জন্য কোনো ভালো মানের চিকিৎসালয় না থাকায় নিদারুণ দুর্ভোগে পড়তে হয়। স্থানীয় লোকজনদের উন্নত চিকিৎসার জন্য ৫০ মাইলের বেশি পথ পাড়ি দিয়ে মানিকগঞ্জ বা পাবনায় যেতে হয়। গরিব মানুষের পক্ষে এত দূরে গিয়ে চিকিৎসার আনুষঙ্গিক ব্যয় বহন দুরূহ। আবার সহজ যোগাযোগের ব্যবস্থাও নেই। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসকের শরণাপন্ন হতে রোগীর অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। অনেক সময় গরিব জনসাধারণ স্থানীয় বাজারের হাতুড়ে ডাক্তারের শিকারে পরিণত হয়। জরুরি অবস্থায় ওদের কাছে না গিয়েও উপায় থাকে না। তাই চরাঞ্চলের মেহনতি মানুষের জীবন রক্ষার্থে ও সুস্বাস্থ্যের নিশ্চয়তা বিধানকল্পে এসব ওয়ার্ডের উপযুক্ত স্থান নির্বাচন করে সেখানে একটি হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মো. বজলুল হক দৌলতপুর, মানিকগঞ্জ।অপকর্মের দায়আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল, সংঘর্ষ, চাঁদাবাজিসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের ফলে শিক্ষাঙ্গনে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ রেহাই পাবে না। এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। না করলে তিনি যে-ই হোন না কেন, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু কথাতেই নয়, জনগণ বাস্তবমুখী পদক্ষেপ ও তার যথাযথ বাস্তবায়ন দেখতে চায়। সরকারের একাধিক মন্ত্রী বিভিন্ন সময়ে বলেছেন, ছাত্রলীগের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সরকার কিংবা আওয়ামী লীগ দায়ী নয়। কিংবা এ কর্মকাণ্ডের দায় সরকার নেবে না। দেশের জনগণ জানে যে সরকার চালাচ্ছে কারা আর তাদের সঙ্গে ছাত্রলীগের সম্পর্কই বা কী। সুতরাং এখানে সরকারের পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপাই নেই। তাই ছাত্রলীগের নেতা-কর্মীদের চাঁদাবাজি, সংঘর্ষসহ নেতিবাচক কর্মকাণ্ডের দায় বর্তমান সরকারকে ও আওয়ামী লীগকেই নিতে হবে। মন্ত্রীদের কাছে অনুরোধ, এসব দায়সারা কথা না বলে কঠোর আইন প্রয়োগ করে তাদের শান্ত করুন। তা না হলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেমন সংঘাত দিন দিন বাড়বে, তেমনি লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হবে। আর তাতে সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে বিনষ্ট হবে। দেশের শান্তিপ্রিয় মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি চায়, এ রকম সংঘাতময় রাজনীতি চায় না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর থেকে প্রতিদিন কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের মারামারির খবর পত্রিকায় পাওয়া যায়। দেশের শান্তিপ্রিয় জনগণ এই মহাজোটের কাছে এ রকম কর্মকাণ্ড কখনো আশা করেনি এবং ভবিষ্যতে করবেও না। দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের একক আধিপত্য থাকা সত্ত্বেও তারা অন্তর্দলীয় কোন্দলকে কেন্দ্র করে প্রায়ই মারামারি করে। ছাত্রলীগের নেতা-কর্মীদের মনে রাখা উচিত যে তাদের সমর্থিত সরকার এখন দেশ পরিচালনা করছে। তাদের ওই সহিংস আচরণের দ্বারা সরকারের ভাবমূর্তিসহ জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। হাবিবুর রহমানশিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা।