চিঠিপত্র
আবর্জনারাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় হূদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। দূর থেকে দেখলে প্রাণ জুড়িয়ে যায়, যেন কালো পিচের পরে সবুজ উদ্যান। এই হাসপাতালে পায়ে হেঁটে প্রবেশ করার জন্য দুই পাশে দুটি গেট রয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পাশের গেটের অবস্থাটা খুবই করুণ। এই প্রবেশপথের সামনেই রয়েছে একটি ডাস্টবিন। যেখানে হাসপাতালের নানা বর্জ্য পদার্থ থেকে শুরু করে মলমূত্র পর্যন্ত ফেলা হচ্ছে। ফলে এখানে সারাক্ষণ দুর্গন্ধ থাকে। এর পাশ দিয়ে হেঁটে গেলে সুস্থ মানুষেরও অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা। প্রশাসন এ ব্যাপারে নির্বিকার। এমন একটি জাতীয় সেবামূলক প্রতিষ্ঠানের সামনে দুর্গন্ধযুক্ত ডাস্টবিন রাখা কোনোক্রমেই কাম্য নয়। তাই গেটের সামনে থেকে ডাস্টবিনটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।ফকির শফিক হাসানভাঙ্গা, ফরিদপুর।প্রতিহিংসাআমাদের দেশে প্রতিহিংসার রাজনীতির কারণে দেশবাসীর চরম দুর্ভোগ হচ্ছে। তুচ্ছ ঘটনায় হরতাল, ভাঙচুর, বিক্ষোভ, সংসদ বর্জন, আগুন লাগানো, গ্রেপ্তার, নির্যাতন, মামলা-হামলা ও পরস্পরবিরোধী দোষারোপে দেশবাসী অনেক কষ্ট পাচ্ছে। ফলে দেশ ও দেশের জনগণ অনেক পিছিয়ে যাচ্ছে। অনেক মন্ত্রী, এমপি, কর্মকর্তা ও সৎ ব্যক্তিরা তাঁদের দায়িত্ব ও ক্ষমতা দিয়ে দেশের ভালো করতে চাইলেও প্রতিহিংসার রাজনীতির কারণে তাঁরা তা করতে বাধার মুখে পড়ছেন। এটা দেশ ও দেশের সাধারণ জনগণের জন্য ক্ষতিকর ও বিপজ্জনক। দেশের জনগণের দুঃখ-দুর্দশা ও দারিদ্র্য দূরীকরণের জন্য প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সংসদে বসে গঠনমূলক আলোচনা-সমালোচনা করে সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য সরকার ও বিরোধী দলের প্রতি অনুরোধ জানাচ্ছি।শরীফউদ্দিনতেজকুনিপাড়া, ঢাকা।প্রতিবন্ধীদের স্কুলগত ২৮ অক্টোবর প্রথম আলোর ‘আলোকিত চট্টগ্রাম’-এ চট্টগ্রামের মুরাদপুরে অবস্থিত প্রতিবন্ধীদের স্কুলটি সম্পর্কে একটি প্রতিবেদেন পড়লাম। ওই প্রতিবেদনটি ছিল ব্যতিক্রমী। পড়ে ভীষণ ভালো লাগল। স্কুলের লেখাপড়ার মান ভালো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেসব প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন তাঁদের অধিকাংশই এই স্কুলের ছাত্র ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ওই স্কুলে শিক্ষকতা করছেন মোখলেসুর রহমান। তাঁর প্রাথমিক শিক্ষাও তিনি এই স্কুল থেকেই শেষ করেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী ফাউন্ডেশনের রশি টানাটানির কারণে শিক্ষকেরা কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। অবকাঠামোগত নানা সমস্যা, বর্ষায় হাঁটুপানি মাড়িয়ে, প্রশিক্ষিত শিক্ষকের অভাব সত্ত্বেও ওই স্কুলের শিক্ষকেরা তাঁদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে দেন। সেই শিক্ষকেরা কয়েক মাস বেতন পাচ্ছেন না, এর চেয়ে দুঃখজনক খবর আর কী হতে পারে। আমি একজন প্রতিবন্ধী সন্তানের পিতা। প্রতিবেদক যে ৮৮ জন শিক্ষার্থীর হিসাব দিয়েছেন, তার মধ্যে আমার সন্তানটিও রয়েছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপে অবস্থান করে অনেক কাঠখড় পুড়িয়ে ২০০৯ সালে তাকে ওই স্কুলে ভর্তি করিয়েছি। তাকে স্কুলে ভর্তির আগমুহূর্ত পর্যন্ত আমাকে একটি দুশ্চিন্তা তাড়া করত। সন্তানটিকে নিয়ে আমি কোথায় যাব, কী করব, কেমন করে লেখাপড়া শেখাব—এসব চিন্তায় আমার পাগল হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। প্রতিবেদনে আরও জানতে পারলাম, স্কুলটি স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত হয়েছে। স্কুলটির অবস্থা শুরুর মতোই রয়েছে। পঞ্চম শ্রেণী থেকে আর কোনো দিকে নড়াচড়া নেই। দশম শ্রেণী তো দূরের কথা, অষ্টম শ্রেণী পর্যন্তও উত্তীর্ণ হচ্ছে না। তাই দড়ি টানাটানি না করে ওই স্কুলের শিক্ষকদের বেতন নিয়মিত করার পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে স্কুলটি দশম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ করতে ফলপ্রসূ চিন্তাভাবনা করুন। পবিত্র কুমার রায়চট্টগ্রাম।