চিঠিপত্র
বেসরকারি মেডিকেলসম্প্রতি দেশে ২০১০-১১ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে প্রথম বর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করা ছাত্রছাত্রীদের তালিকা আংশিকভাবে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশ করলেও এসব প্রতিষ্ঠানে ভর্তির এককালীন প্রদেয় ফি বাবদ সরকার টাকার অঙ্ক বেঁধে না দেওয়ায় ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা পড়েছেন মহা সংকটে। আংশিক সরকারি নিয়ন্ত্রণে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুকদের পূর্ণাঙ্গ পাসের তালিকা প্রকাশ না করে এই সীমিত তালিকা প্রকাশের কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। সরকার যখন বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফির অঙ্ক বেঁধে দিতে অসম্মত, তখন সব পরীক্ষার্থীর পাসের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করাই ছিল যুক্তিযুক্ত। উল্লেখ্য, সরকারের বিধানমতে যারা ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের অর্জিত শিক্ষাগত যোগ্যতাবলে সবাই চিকিৎসাবিজ্ঞান পড়তে সক্ষম। এ অবস্থায় প্রয়োজনীয়সংখ্যক আসন না থাকায় সবাই দেশে পড়ার সুযোগ পায় না। ফলে তাদের ভবিষ্যৎ হয় বিপন্ন। এ ক্ষেত্রে যারা আর্থিকভাবে সক্ষম, তাদের অনেকেই চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি নিতে বিদেশে পাড়ি জমায়। এতে দেশের মুদ্রা বিদেশে চলে যাওয়ার পাশাপাশি দেশের মূল্যবান মেধা পাচার হয়।এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।সৈয়দা সালেহা বেগমগোলাপগঞ্জ।সমাপনী পরীক্ষাসরকারি কর্মকর্তা হিসেবে হাওর ও পাহাড়ে দায়িত্ব পালনকালে আমি দেখেছি, ওই সব এলাকায় গ্রামের অনেক সাধারণ মানুষের পক্ষে ছেলেমেয়েকে স্কুলে পাঠানো কতটা কষ্টকর। অনেক পরিবারে অল্প বয়সী ছেলেমেয়েরা মা-বাবার সঙ্গে কাজে যেতে বাধ্য হয় দুবেলার খাদ্য জোগাড় করতে। তাদের পক্ষে দূরের স্কুলে গিয়ে পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া কঠিন। অন্যদিকে, পাবলিক পরীক্ষায় অংশ নিতে গেলে তাদের সঙ্গে অভিভাবককেও যেতে হয়। এতে তারও সময় নষ্ট হয়। আবার এ ধরনের পাবলিক পরীক্ষা বহু শিক্ষার্থীর মনে পরীক্ষা-ভীতি তৈরি করতে পারে। অল্প বয়সে বহু শিক্ষার্থীর ঝরে যাওয়ার আশঙ্কাও বাড়ে। তাই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও জেএসসি পরীক্ষা নিয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে আমি মনে করি। এসব পরীক্ষার নানা সুবিধাও আছে। তাই এ পরীক্ষার আয়োজনের ব্যাপারে নতুন করে ভাবা দরকার। ম ইসলাম, হাজারীবাগ, ঢাকা।শিশুদের বিনোদনঢাকা মহানগরে দিন-দিন শিশুদের বিনোদনের সুযোগ কমে যাচ্ছে। দলগত খেলাধুলার সুযোগ না থাকায় শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। যে শিশুরা পড়ালেখার সঙ্গে সঙ্গে খেলাধুলার মাধ্যমে নিজেকে মেলে ধরবে, নিজেকে বিকশিত করবে সে শিশুরা আজ চার দেয়ালে বন্দী। শিশুদের বিনোদনের জন্য উন্মুক্ত স্থান উদ্যান ও খেলার মাঠ প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ঢাকায় এসব সুবিধা ক্রমান্বয়ে ধ্বংস হচ্ছে। শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মানবপ্রেমিক, দেশপ্রেমিক ও প্রকৃতিপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করা দরকার। এ ব্যাপারে সরকারের উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। একটি আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সবার আগে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সাধন সরকারশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা