চিঠিপত্র
শিশুপার্ক চাইপর্যটন শহর হিসেবে কক্সবাজারের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এখানে শিশুদের বিনোদনের জন্য কোনো উদ্যান নেই। পর্যটন এলাকায় এমন উদ্যান স্থাপন করার মতো যথেষ্ট জায়গা আছে। লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে চিত্তবিনোদনের প্রয়োজন। তা ছাড়া শিশুপার্ক স্থাপন করা হলে রাজস্ব আয়ও হবে। তাই কক্সবাজারে শিশুপার্ক নির্মাণ করে কোমলমতি শিশুদের বিনোদনের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাই।সবুজ চৌধুরীবোয়ালখালী, চট্টগ্রাম।অমানবিক সমাধান২০০৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশের পর কোথাও কোথাও অভিযোগ ওঠে, শিক্ষকেরা নিজেরা খাতা না দেখে অন্যদের দিয়ে দেখিয়েছেন। হঠাৎ করে এত বড় একটা পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার পর মাত্র ১৫-২০ দিনে ফলাফল প্রকাশ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের শ্রম ও নিষ্ঠার যে পরিচয় দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে তাঁদের ভাগ্যে ধন্যবাদ না জুটে ২০১০ সালে এসে তাঁদের পরিশ্রমের ফলাফল হিসেবে ভাগ্যে জুটেছে অমানবিক শাস্তি: শিক্ষকেরা যাতে অন্যদের দিয়ে খাতা দেখাতে না পারেন এবং কোনো রকম স্বজনপ্রীতি না করেন, সে জন্য এবার সমাপনী পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে থানা শিক্ষা কার্যালয়ে গিয়ে মাত্র দুই দিনে দুই শ খাতা তাঁদের দেখতে হবে। খাতা নিয়ে কেউ বিদ্যালয় অথবা বাসায় আসতে পারবেন না।অন্যান্য পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশে যেখানে তিন থেকে চার মাস সময় ব্যয় হয়, সেখানে প্রাথমিক বিদ্যালয়ের জন্য সময় ১৫ থেকে ২০ দিন। দেশের সব স্তরের শিক্ষকেরা যখন খাতা বাসায় নিয়ে নিজেদের সুবিধামতো দেখতে পারেন, তখন প্রাথমিক স্তরের শিক্ষকের খাতা দেখতে হবে থানা শিক্ষা কর্মকর্তার সামনে তাঁর অফিসে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এত দিন পরোক্ষভাবে অবহেলা আর বৈষম্যের শিকার ছিলেন। অতি নগণ্য স্কেলে বেতন পাওয়া শিক্ষকেরা ধীরে ধীরে যে মেরুদণ্ডহীন মানুষে পরিণত হচ্ছেন, তার প্রমাণ লাখ লাখ শিক্ষক প্রশাসনের এই নিয়মে ক্ষুব্ধ অথচ নীরব।অনেকেই অসুস্থ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা অসুস্থতার শিকার। একই জায়গায় গাদাগাদি করে বসে একসঙ্গে এক দিনে ১০০ খাতা মূল্যায়ন করা কোনো মানুষের পক্ষে সম্ভব কি না, তা দেশের সচেতন মানুষের ভেবে দেখতে হবে। সেই সঙ্গে ভাবতে হবে অভিভাবকদেরও। প্রশাসন তার এই অমানবিক সিদ্ধান্তের মাধ্যমে সমগ্র শিক্ষককে সততাকে প্রশ্নের মুখে ফেলল। শিক্ষার প্রাথমিক স্তরের শিক্ষকদের যদি গণ-অবিশ্বাস করা হয়, তাহলে দেশের ভবিষ্যৎ নিয়েই তো গুরুতর সংশয় তৈরি হয়।মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে বিশ্বাসযোগ্য কোনো কাজের প্রয়োজনে সরকারকে সব সময়ই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর নির্ভর করতে হয়। অথচ এ বছর এই অভিনব খাতা মূল্যায়ন পদ্ধতি শিক্ষকদের যে সম্মানটুকু অবশিষ্ট ছিল, তা ধূলিসাৎ করে দিল। অনিয়ম আর দুর্নীতি দু-এক জায়গায় বিচ্ছিন্নভাবে যদি থাকে, তা দূর করার জন্য সুদূরপ্রসারী নীতিমালা প্রণয়ন করা যায়। এ ধরনের অমানবিক পদক্ষেপ শুধু শিক্ষকের জন্য অপমানজনকই নয়, শিক্ষার্থীর খাতার সঠিক মূল্যায়নের ক্ষেত্রেও অন্তরায়। সোনিয়া রহমানমিরপুর, ঢাকা।রেলসেতুব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি রেলসেতু রয়েছে, যাতে কোনো রেলিং নেই। যদিও এতে কোনো দুর্ঘটনা ঘটেনি কখনো, কিন্তু ভবিষ্যতে সমূহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা অনিশ্চিত নয়। সারা দেশে এমন আরও সেতু রয়েছে। এগুলো অত্যন্ত ভীতিকর ও বিপজ্জনক। সেতুগুলোতে রেলিংয়ের ব্যবস্থা করতে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।রেজওয়ানা নাজহবিগঞ্জ।