চিঠিপত্র
সহোদরার অধিকারজাতীয় দৈনিকগুলোতে আমরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতির সিদ্ধান্ত জানতে পেরেছি। এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে সহোদরাদের জন্য প্রতি শাখায় মাত্র একজন করে ২৬ জনের আসন সংরক্ষিত করা হয়েছে, যেটা বোনের সংখ্যার তুলনায় খুবই নগণ্য। ঢাকার যেসব স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়, সেখানে এক বোন পড়লে ভর্তির ক্ষেত্রে সহোদরা অগ্রাধিকার পায়। আগে ভিকারুননিসা স্কুলের ভর্তি-প্রক্রিয়াতে এক বোন ছাত্রী হলে সহোদরার জন্য বোনাস পাঁচ নম্বর বরাদ্দ ছিল। ফলে খুব সহজেই দ্বিতীয় বোন একই স্কুলে পড়ার সুযোগ পেত।তীব্র যানজটের এই নগরে দুই মেয়েকে দুই স্কুলে আনা-নেওয়া একজন অভিভাবকের জন্য কতখানি ঝামেলাপূর্ণ, তা সচেতন মানুষ মাত্রই বোঝেন।তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ, প্রাথমিক বাছাইয়ের মাধ্যমেই বোনদের ভর্তির সুযোগ করে দিন। যেখানে এক হাজার ৫৬৮ জন ছাত্রী ভর্তি করা হবে, সেখানে বোনদের জন্য ৩০০ আসন কি বরাদ্দ করা যায় না? শুনেছি, ঢাকার সব স্কুলেই লটারি পদ্ধতি চালু হবে। এ পদ্ধতিতে যাতে এক পরিবারের দুই সন্তান একই স্কুলে পড়তে পারে, সে ব্যবস্থা রাখার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।সাহানা নার্গিসপশ্চিম রামপুরা, ঢাকা।