চিঠিপত্র
গাছ ঘাতকসম্প্রতি রাজশাহীতে একটি আমবাগানের প্রায় ১৫০টি আম্রপালি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। টিভি চ্যানেলগুলোতে সংবাদটি প্রচারিত হয়েছে। মানুষ প্রতিশোধপরায়ণ হয়ে কেন এমন হবে! এর আগেও এখানে এমন কিছু ঘটনার খবর প্রকাশিত হয়েছে। কারও হিংসার বলি হলো এমন গাছগুলো। গাছগুলো বেঁচে থাকলে হয়তো বা এই দুর্বৃত্তরাও প্রচণ্ড রৌদ্রে সেই গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে পারত কিংবা গাছ থেকে একটি আম পেড়ে খেতে পারত। কিন্তু সেই সুযোগ গাছগুলো পেল না। এভাবে হিংসা চরিতার্থ করতে বলি হচ্ছে কারও গাছ, কারও খামারের গরু কিংবা পুকুরের মাছ। বারবার এমন ঘটনা ঘটে চলেছে। তাই এখনই সময় এসেছে এসিড ও নারী নির্যাতনের মতো কঠিন আইন করে তা বাস্তবায়নের। আলী আকবরশিক্ষার্থী, ঢাকা কলেজ।টাকার গায়ে লেখাপ্রায়ই দেখা যায় যে বিনিময়ের কাজে ব্যবহূত টাকার নোটের গায়ে বিভিন্ন লেখা, চিহ্ন আঁকা এবং ছবিকে বিকৃত করে রাখা হয়।বিশেষ করে দুই টাকা মূল্যমানের নোটে শত্রুতাবশত অপরের নাম ও মোবাইল নম্বর লিখে পণ্য বিনিময়ের মাধ্যমে বাজারে ছেড়ে ওই ব্যক্তিকে সমাজ ও জাতির কাছে হেয় করা হয়। দেশের সচেতন নাগরিক, বাংলাদেশ ব্যাংক ও সরকারের কাছে আবেদন, নোটের ওপর কোনো ধরনের লেখা, মোবাইল নম্বর লেখা এবং ছবিকে কোনো ধরনের বিকৃত না করার জন্য গণসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিন; বিকৃত নোট লেনদেনের ক্ষেত্রে অনুপযোগী ঘোষণা করুন এবং এ জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে শাস্তির বিধান কার্যকর করুন।পঙ্কজ কুমার সরকারগাইবান্ধা।