চিঠিপত্র
‘দুঃখটাকে ভাগাভাগি করি’গত ২৬ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত মুহম্মদ জাফর ইকবালের লেখাটিতে সাধারণভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। লেখাটি ছিল বিশ্ববিদ্যালয়গুলোয় সমন্বিত ভর্তি-প্রক্রিয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে। কিন্তু যে গুরুত্বপূর্ণ কারণে সমন্বিত প্রক্রিয়াটি সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেছেন, তা পুরোপুরি সঠিক মনে করি না। ভর্তি-প্রক্রিয়ার কোটি কোটি টাকার বড় অংশ শিক্ষকেরা ভাগাভাগি করে নেওয়ার কথা লিখে শিক্ষকের নৈতিকতা, বিবেককে প্রশ্নবিদ্ধ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, অনুষদ বা ইউনিট ভর্তি কমিটি ছাড়া বেশির ভাগ শিক্ষক কত টাকা পারিশ্রমিক (ভাগ) পান? আর ওই কমিটির ওপর যে ধকল যায় তাও কি কম? এই সামান্য কটা টাকার জন্য সব শিক্ষককে কাঠগড়ায় দাঁড় করানো, হেয় করা, লজ্জায় ফেলার কোনো দরকার ছিল কি? কী সব কারণে এ বছর সমন্বিত পরীক্ষা হয়নি, তা উপাচার্যরা তথা বিশ্ববিদ্যালয়গুলো অবশ্যই দেখিয়েছে। সবাই যখন না নেওয়ার পক্ষে ছিলেন, তাহলে ধরে নিতেই হবে, গ্রহণযোগ্য যৌক্তিক কারণেই তা হয়নি। কিন্তু শিক্ষকদের টাকা ভাগাভাগিকে মূল কল্পনা করে বিশ্ববিদ্যালয়ের ওপর মন্ত্রণালয়, সংসদ, আদালত টেনে আনা নিতান্তই অপ্রয়োজনীয়, অযাচিত। পৃথিবীতে নানা বিশ্ববিদ্যালয়ের কথা বলে শুধু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিষ্ঠুর উপস্থাপন খুব বাড়াবাড়ি নয় কি? মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা অনুধাবনের মানসিকতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কম নয়, বরং অনেক বেশি।সমন্বিত পরীক্ষা হলে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থী, অভিভাবক এমনকি শিক্ষকদেরও নানা ভোগান্তি লাঘব হবে। তাই প্রক্রিয়াটি ভবিষ্যতে সম্পন্ন হবে বলে প্রত্যাশাও করি। সীমাবদ্ধতাগুলো (অবশ্যই শিক্ষকদের টাকা ভাগাভাগি নয়) দূর হয়ে সুন্দর আনন্দঘন পরিবেশে ভর্তি-প্রক্রিয়ায় সঠিক শিক্ষার্থীও নির্বাচিত হবে বলে মনে করি। তবে মুহম্মদ জাফর ইকবালের বক্তব্যের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভর্তি পরীক্ষা নেওয়ার বিপক্ষে আমার সবিনয় অবস্থান। ফলাফলের আগে এমন পরীক্ষা অনেক শিক্ষার্থীর (যারা ফেল করবে) জন্য হবে বাড়তি খরচ, ভোগান্তি।এ কে এম মাঈনুল হকসহযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।