চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালসাধারণ জনগণ কি শুধুই রাজনীতিকদের হাতে বলির পাঁঠা হয়ে থাকবে? নির্বাচনের সময় বড় বড় বুলি, নির্বাচনে হেরে গেলে সেসব আর মনে রাখার দরকার নেই! সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, গভীর ষড়যন্ত্র ইত্যাদি বিরোধী দলের নেতা-কর্মীদের সাধারণ বুলি। অন্যদিকে অবিশ্বাস্য কম দামে চাল খাওয়ানো কিংবা দিনবদলের বুলি। কিন্তু ক্ষমতায় এলে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি যেন সবাই বেমালুম ভুলে যায়।স্বাধীনতার চার দশকে আমরা পৌঁছে গেলাম। কিন্তু এমন কোনো সরকার বা প্রধান বিরোধী দল দেখলাম না, যারা ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের বৃহৎ স্বার্থকে প্রাধান্য দিয়েছে। জনগণের মঙ্গল কামনা মনে হয় তারা কেউ চায় না। নাহলে গরিব ও মেহনতি মানুষের কষ্ট বাড়ানোর জন্য একের পর এক হরতাল ডাকত না। প্রধান দুই দলের যারাই বিরোধী দলে, তারাই তাদের প্রতিশ্রুতি ভুলে হরতালের মতো বল প্রয়োগের কর্মসূচি দেয়।প্রাকৃতিক নিয়মে রাতের শেষে দিন আসে। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মনের মধ্যে এতই অন্ধকারাচ্ছন্ন যে তাঁরা জনগণের স্বার্থকে অন্ধকারে তলিয়ে দিয়ে নিজেদের স্বার্থ দিনের আলোয় উদ্ভাসিত করছেন। এ থেকে কি আমাদের মুক্তি আদৌ মিলবে? আলমগীর হোসেনরামগঞ্জ, লক্ষ্মীপুর।কোচিং-নির্ভরতাবর্তমানে প্রাইভেট ও কোচিং সেন্টার নিয়ে বিভিন্ন মহল ও কর্তৃপক্ষ উদ্বিগ্ন। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করার পরিবর্তে প্রাইভেট ও কোচিংয়ের ওপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছে। ইদানীং বহু শিক্ষার্থী ক্লাসে বিলম্বে আসে কিংবা শেষ না করেই চলে যায়। কারণ, তাদের কোচিং আছে। কেন শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস না করে এভাবে প্রাইভেট বা কোচিংয়ের ওপর এত নির্ভরশীল হচ্ছে? তবে, একজন শিক্ষক ক্লাস চলাকালে কর্মস্থলে উপস্থিত না হয়ে কীভাবে বাসায় পড়াচ্ছেন, সেটা ভাবলে দুঃখ লাগে। শিক্ষার্থীরা দিন-রাত যেভাবে শ্রেণীকক্ষে পড়ার বদলে প্রাইভেট বা কোচিং সেন্টারে সময় ও অর্থ ব্যয় করছে, তাতে তাদের বাসায় পড়ালেখার সময় পাওয়াই দায়। একজন সীমিত আয়ের অভিভাবকের পক্ষে (বিশেষ করে বিজ্ঞান শিক্ষার্থী) একাধিক সন্তানের পড়ালেখার এ ধরনের বাড়তি ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়া উদ্বেগজনক। শ্রেণীকক্ষে উপস্থিতির বিষয়টা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। শ্রেণীকক্ষে উপস্থিতির হার ন্যূনতম ৬০ শতাংশ না হলে ফরম পূরণে অযোগ্য এবং ৭০ শতাংশের কম হলে বোর্ডকে ১৫০ টাকা নন-কলেজিয়েট ফি দিয়ে ফরম পূরণের বিধান বহাল থাকলেও দেশের গুটিকয়েক শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া তা অনুসরণ করা হচ্ছে না। নির্বাচনী পরীক্ষায় পাওয়া নম্বরের মতো শ্রেণীকক্ষে উপস্থিতির হারও এন্ট্রি ফরমে বাধ্যতামূলকভাবে উল্লেখ করা প্রয়োজন। তা ছাড়া কলেজে শিক্ষকদের নিয়মিত উপস্থিতিও নিশ্চিত করতে হবে।শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে শ্রেণীকক্ষে, প্রাইভেট বা কোচিং সেন্টারে নয়। ক্লাসে পাঠদানের প্রতি একজন শিক্ষককে হতে হবে আন্তরিক ও নিবেদিত। তাহলেই শিক্ষার্থীদের প্রাইভেট বা কোচিং সেন্টারের প্রতি নির্ভরশীল হওয়ার প্রয়োজন হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক।চিকিৎসাশিক্ষাগত ২৯ নভেম্বর প্রথম আলোয় ‘ইচ্ছামতো ফি নেওয়ার অভিযোগ’ শীর্ষক প্রতিবেদনটি পড়ে একটু অবাকই হয়েছিলাম এই ভেবে যে এই অব্যবস্থাপনার বিষয়টিও তাহলে কারও নজরে পড়ল! আমি নিজেও এর ভুক্তভোগী। আনন্দ পেয়েছিলাম এই ভেবে, এবার হয়তো এর কোনো প্রতিকার হবে।আমাদের দেশে শিক্ষার্থীর তুলনায় উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা অনেক কম। আর এ কারণে প্রতিবছরই অনেক শিক্ষার্থী পরের বছর মেডিকেল কলেজে পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করেন এবং দেখা যায় নতুনদের তুলনায় পুরোনো পরীক্ষার্থীরা বেশি সুযোগ পাচ্ছেন। ফলে প্রতিবছরই মোট পরীক্ষার্থীর একটি বিশাল অংশ পিছিয়ে পড়ছে। এভাবেই চলছে অনেক দিন।যাঁরা সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারেন না, তাঁদের কেউ কেউ বেসরকারি মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। কিন্তু, সাধ থাকলেও এঁদের বেশির ভাগেরই সেই সাধ্য থাকে না। কেননা, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভর্তি ফি এমন আকাশচুম্বী বা দিন দিন যেভাবে বেড়েই চলেছে, তাতে এসব প্রতিষ্ঠানে মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানদের পড়াশোনা করার স্বপ্নটাও ওই আকাশেই উড়ে যায়! যে দেশে পর্যাপ্ত চিকিৎসকের অভাবে অধিকাংশ মানুষ স্বাস্থ্যসেবা পায় না, সে দেশে কি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এই কসাইসুলভ মানসিকতা মানায়? ফারজানাউত্তর শাহজাহানপুর, ঢাকা।