চিঠিপত্র
বিশ্বকাপের ভেন্যুআগামী বিশ্বকাপ ক্রিকেট উপমহাদেশের তিনটি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তানে অনুষ্ঠেয় খেলাগুলো না হওয়ায় সেগুলো বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বণ্টন করে দেওয়ার ফলে প্রত্যাশার চেয়েও বেশি ম্যাচ আমাদের দেশে হতে যাচ্ছে। ম্যাচগুলো বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে দিলে টেলিভিশনের মাধ্যমে বিশ্বের জনগণ আমাদের নানা অঞ্চলের বৈচিত্র্য সম্পর্কে অবগত হতে পারত। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে শুরু থেকেই উদাসীন ছিল। চট্টগ্রামে দুটি খেলা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে সান্ত্বনা হিসেবে খুলনা বিভাগীয় স্টেডিয়ামকে বিকল্প বা ‘রিজার্ভ’ ভেন্যু হিসেবে রাখা হয়েছে। তবে, কোনো প্রস্তুতি ম্যাচও এখানে অনুষ্ঠানের কথা নেই। দেশের অত্যন্ত সম্ভাবনাময় ক্রিকেট ভেন্যু হওয়ার সব যোগ্যতা আছে খুলনা বিভাগীয় স্টেডিয়ামের।বিশ্বকাপের মতো বড় আসরের মাধ্যমে আয়োজক দেশগুলো সব সময় তাদের পর্যটনকে এগিয়ে নিতে চায়। বিশ্বকাপ দেশের পর্যটনের গুরুত্বপূর্ণ প্রচারণার ক্ষেত্রও হয়ে ওঠে। কিন্তু আমাদের কি সেদিকে কোনো মনোযোগ আছে? খুলনায় রয়েছে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন, যা বিশ্বের ‘প্রাকৃতিক সপ্তাশ্চর্য’ হওয়ার প্রতিযোগিতা করছে। তা ছাড়া রয়েছে খানজাহান আলীর মাজার ও মংলা সমুদ্রবন্দর। খুলনা উপকূলের অদূরে শুরু হয়েছে ‘অতল জল’ এলাকা, যা হাজার মাইলের অধিক পথ পরিক্রমায় বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরে লীন হয়েছে। সুন্দরবনের নিবিড় বনেও রয়েছে প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ। খুলনায় অন্তত একটি খেলা, তা প্রস্তুতি ম্যাচ হলেও অনুষ্ঠানের পদক্ষেপ কি নেওয়া যায় না?খালিক শামরেকীধানমন্ডি, ঢাকা।রেলের টিকিট বিক্রি১৯৯৩ সালে রেলের টিকিট বিক্রির পদ্ধতিতে কম্পিউটার চালু হওয়ার পর থেকে যাত্রার নয় দিন আগে টিকিট কাটা যেত। দীর্ঘদিন সেই হিসাবেই টিকিট কেটে আসছি। কিন্তু গত ২১ নভেম্বর চট্টগ্রাম স্টেশন থেকে ২৮ নভেম্বরের সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের টিকিট কাটতে গিয়ে শুনি, সেই সময়সীমা পুনর্নির্ধারণ করে পাঁচ দিন (যাত্রার দিনসহ) হয়েছে। সে অনুযায়ী ২৪ নভেম্বর সন্ধ্যায় ২৮ তারিখের টিকিট কাটতে গিয়ে জানতে পারি, একটি আসনও শূন্য নেই। ব্যাপারটা সন্দেহজনক মনে হওয়ায় বুকিং ক্লার্কের কাছে জানতে চাইলাম, এক দিনেই কীভাবে পুরো ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেল। প্রত্যুত্তরে তিনি জানালেন, স্টেশনে পাঁচ দিন আগে থেকে টিকিট বিক্রি করার নিয়ম করা হলেও ফোন কোম্পানিগুলোর সেবাকেন্দ্র থেকে আগের নিয়মেই নয় দিন আগে থেকে টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে স্টেশনে বিক্রি শুরু হওয়ার আগেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে যাচ্ছে মুঠোফোনে। এমনকি মুঠোফোনে টিকিট বিক্রির কোনো সীমা বা সিলিংও বেঁধে দেওয়া হয়নি। এভাবে ট্রেনের যাত্রীদের মুঠোফোনের সেবাকেন্দ্র থেকে টিকিট কিনতে বাধ্য করা হচ্ছে।কথা হচ্ছে, মুঠোফোনে কেন স্টেশনের চার দিন আগে টিকিট বিক্রির সুযোগ দেওয়া হলো। এই অগ্রাধিকার তো হিসাব মতে স্টেশনেরই পাওয়ার কথা। কর্তৃপক্ষ যদি পাঁচ দিন আগেই টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে সেটা দুটো ক্ষেত্রেই প্রয়োগ করা হোক।জয়দীপ দেদক্ষিণ খুলশী, চট্টগ্রাম।হরতাল নয়দেশের অর্থনীতির জন্য হরতাল ভীষণ ক্ষতিকর। এতে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বড় ধাক্কা খায়। জনগণের সীমাহীন দুর্ভোগের নাম হরতাল। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিরোধী দলের হরতাল আসলে সরকারের ও ক্ষমতাসীন দলের কোনো ক্ষতি করতে পারে না, বরং এর বলি হয় জনগণ ও দেশের স্বার্থ। এটা যে ধ্বংসাত্মক কর্মসূচি, তা প্রধান রাজনৈতিক দলগুলোও মনে করে। তাই তারা বিভিন্ন সময় বলে, তারা আর হরতাল করবে না। কিন্তু যখন তাদেরই আবার হরতাল করতে দেখি, তখন দেশের সাধারণ একজন মানুষ হিসেবে বড় অসহায় বোধ করি। দেশের জন্য মায়া-মমতা থেকে আর তারা হরতাল করবে না—এই প্রত্যাশা রাখি।এনামুল হক চৌধুরীব্রাহ্মণবাড়িয়া।