চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসে ফিরিয়ে নিনমওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা প্রায় পাঁচ মাস ধরে নিরুপায় হয়ে ক্লাসের বাইরে অবস্থান করছেন। এই বিভাগের শিক্ষার্থীরা বিদ্যমান বিএসসি (অনার্স) ডিগ্রির পরিবর্তে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রির দাবি জানিয়ে আসছেন। তাঁরা যে পাঠ্যসূচিতে অধ্যয়ন করছেন, প্রায় একই পাঠ্যসূচিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া সত্ত্বেও তাঁদের দেওয়া হচ্ছে বিএসসি (অনার্স) ডিগ্রি। ফলে বাস্তবমুখী কাজে তাঁদের কম গুরুত্ব পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নানাভাবে তুলে ধরা সত্ত্বেও প্রশাসন নির্বিকার রয়েছে।গত ২১ সেপ্টেম্বর থেকে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের ক্লাস বন্ধ হয়ে আছে। গত ২৮ নভেম্বর থেকে অন্যান্য বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণে ওই বিভাগের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাসহ শিক্ষাজীবনই পড়ে গেছে বিরাট অনিশ্চয়তার মুখে।শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন, ক্লাসের বাইরে থাকতে নয়। এসব শিক্ষার্থী ইতিমধ্যে সেশনজটে পড়েছেন। কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন থেকে কয়েক মাস ঝরে পড়া মানে কতটা পিছিয়ে পড়া ও হতাশাজনক, তা কেবল ভুক্তভোগীরাই বুঝতে পারেন। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ, শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা করে তাঁদের ক্লাসে ফিরিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নিন।সাকিবুল হাসান, শিক্ষার্থীমওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।ভ্রাম্যমাণ আদালতবখাটেদের উৎপাতে সবাই যখন অতিষ্ঠ, মেয়েদের জন্য নিরাপদে রাস্তায় চলা কঠিন হয়ে পড়ল, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বখাটেদের রুখতে তৎপর হয়ে ওঠে। তার পরও বন্ধ হচ্ছিল না রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা। বরং বেড়েই চলছিল এই সামাজিক ব্যাধি। এ পরিস্থিতিতে সরকার উত্ত্যক্ত করা বন্ধে ভ্রাম্যমাণ আদালত চালু করে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটাতে পেরেছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এটা করতে পারার অন্যতম কারণ, বখাটেকে সঙ্গে সঙ্গে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হচ্ছে। এতে ভুক্তভোগী আর হয়রানির শিকার ব্যক্তিরা সঙ্গে সঙ্গে ন্যায়বিচার পাচ্ছে। পাশাপাশি রাস্তাঘাটে ভ্রাম্যমাণ আদালতের টহল থাকায়ও উপকার পাওয়া যাচ্ছে। তাই বখাটেদের ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা চালু রাখতে হবে। নইলে একবার সাজা ভোগকারী বখাটে মুক্ত হয়ে আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা বলবৎ থাকবে আশা করি।রেহানা রিমিঠাকুরগাঁও।রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সম্প্রতি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে আমাদের প্রধানমন্ত্রী শান্তিনিকেতনের আদলে শিলাইদহে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যে ঘোষণা দিয়েছেন, তা ইতিবাচক। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনা করতে হলে বহুমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে, তাদের সুকুমার হূদয়বৃত্তিকে জাগিয়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হলে তা সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। তাই কোনো সংকীর্ণতাই যেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়।এস এম আবদুর রহমানচুয়াডাঙ্গা।হরতালের খবরদেশের উদ্বিগ্ন ব্যবসায়ী সম্প্রদায় এক জোট হয়ে হরতালের বিরুদ্ধে তাঁদের মনোভাব ব্যক্ত করেছেন। এমনকি তাঁরা হরতাল বন্ধে সংসদে আইন পাসের দাবিও জানিয়েছেন। সাধারণ মানুষ অনেক দিন থেকেই রাজনৈতিক দলগুলোর ঘোষিত যেকোনো ধরনের হরতাল কর্মসূচির প্রতি বিরক্ত। তা সত্ত্বেও আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাবের কারণে বারবার হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি পালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন আলামত স্পষ্ট। হরতাল যাঁরা পালন করেন, তাঁরা এর সমর্থনে আগের দিন থেকেই রাস্তায় রাস্তায় ব্যানার-ফেস্টুনসহ মিছিল-পিকেটিং শুরু করেন। আর যাঁরা বিরোধিতা করেন, তাঁরাও অনরূপভাবে মিছিল এবং হরতালের সপক্ষের লোকদের রাস্তা থেকে হটিয়ে দিতে ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়ায় অংশ নেন। গণমাধ্যমে এসব সংবাদ অত্যন্ত গুরুত্বের সঙ্গে ছবিসহ প্রচারিত হয়, টিভিতে অনেক সময় লাইভ প্রচার করা হয়। রাজনৈতিক দলের কর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেওয়ার সময় গণমাধ্যমে নিজেদের ছবি, বক্তব্য, প্রতিক্রিয়া ইত্যাদি প্রচারের সুবাদে দলীয় নেতাদের নেকনজরে পড়ার এবং নিজের গুরুত্ব বাড়ানোর জন্য অনেক সময় বাড়াবাড়ি কর্মকাণ্ড করেন। তাই গণমাধ্যমে রাজনৈতিক দলগুলোর যেকোনো সংবাদ প্রচারে আরও বেশি সতর্ক এবং নিস্পৃহ মনোভাব দেখালে এ ধরনের কর্মীদের বেপরোয়া উৎসাহে কিছুটা হলেও ভাটা পড়বে আশা করি।শাহীদুল আযমমিরপুর, ঢাকা।মানঘড়িস্কুলজীবনে শিখেছিলাম, বাংলাদেশ মূল মধ্যরেখা থেকে ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। এই অবস্থানের কারণে গ্রিনিচ মান সময় থেকে আমাদের সময় ঠিক ছয় ঘণ্টা এগিয়ে বা বেশি অর্থাৎ গ্রিনিচে যদি মধ্যাহ্ন ১২টা হয়, তখন আমাদের সময় হবে সন্ধ্যা ছয়টা। এই কারণে আমাদের দেশটির বিশেষত আন্তর্জাতিক সময়ক্রমে বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের সৌভাগ্য যে ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাটি দেশের ঠিক মাঝ বরাবর অতিক্রম করে গেছে। আমাদের দেশটির পূর্ব-পশ্চিমে বিস্তার অল্প বলে পুরো দেশটির জন্য একটিমাত্র প্রমাণ সময় রয়েছে অর্থাৎ দেশের কোনো একটি অংশে যদি সকাল সাতটা বাজে, তবে দেশের সব অংশেই সকাল সাতটা বাজে। আশ্চর্যের বিষয় এই যে আমাদের মান সময় রয়েছে; কিন্তু আমাদের কোনো মানঘড়ি নেই। ফলে কোন ঘড়ির সময়কে আমরা মেনে চলব বা আমাদের জাতীয় বা রাষ্ট্রীয় মান সময় হিসাবে স্থির করব, তা নির্দিষ্ট নয়। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন সময় অনুসরণ করা হয়। আবহাওয়া অফিস, বেতার বাংলাদেশ, বিটিভি ও বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে ভিন্ন ভিন্ন সময় জাতির সামনে প্রচার করা হয়। এটা কোনো এক জাতির জন্য অস্বস্তিকর, বিব্রতকর। সুতরাং আমাদের দেশের মান সময়ের জন্য একটি মানঘড়ি নির্দিষ্ট করা হোক। আর ঘড়িটি যেন অবশ্যই এমন কোনো জায়গায় অবস্থিত থাকে, যেখানে জনগণের অবাধ ও সহজ প্রবেশাধিকার থাকে।মো. ইফতেখার রহমাননওগাঁ।আন্তর্জাতিক রসায়ন বর্ষরসায়নবিদ্যাকে সাধারণ মানুষের মধ্যে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ইউনেসকো ২০১১ সালকে ‘আন্তর্জাতিক রসায়ন বর্ষ’ ঘোষণা করেছে। আমাদের স্কুল-কলেজের শিক্ষার্থীদের একটা বড় অংশ রসায়নকে ‘মুখস্থের বিষয়’ বলে ধরে নেয় এবং এতে খুব একটা আগ্রহ খুঁজে পায় না। রসায়নের ব্যবহারিক অভিজ্ঞতা ও দৈনন্দিন জীবনে রসায়নের ব্যাপক ব্যবহার সম্পর্কে ধারণা না থাকা এর একটি অন্যতম কারণ।রসায়নের ব্যবহারিক জ্ঞানকে সহজলভ্য করে তোলার মাধ্যমে এ সমস্যার প্রতিকার করা যাবে বলে মনে হয়। এই লক্ষ্যে ২০১১ সালে পর্যায়ক্রমে সারা দেশে প্রতি এলাকায় এক বা দুই দিন ধরে ‘ব্যবহারিক কর্মশালা’র আয়োজন করা যেতে পারে। প্রতিদিন সেখানে পাতন, স্ফটিকীকরণ, লবণ শনাক্তকরণ প্রভৃতি সহজ ও স্বল্প ব্যয়সাপেক্ষ পদ্ধতিগুলো প্রদর্শন করা এবং কর্মশালার শেষে আগ্রহীদের মধ্যে ব্যবহারিকের ওপরই ছোটখাটো আনন্দমুখর প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। এরই সঙ্গে প্রচলিত রসায়ন অলিম্পিয়াড, বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড, কুইজ প্রভৃতি চালিয়ে গেলে তা রসায়নে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে সহায়ক হয়ে উঠবে। আশা করি, বিভিন্ন সমিতি, ক্লাব, সংগঠন ও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।শাহরিয়ার কবিরশিক্ষার্থী, বুয়েট, ঢাকা।