চিঠিপত্র
পদ্মা সেতুর নকশা ‘কাজ না করেই টাকা উত্তোলন’ শিরোনামে ১২ ডিসেম্বর প্রথম আলোয় পদ্মা সেতুর নকশা প্রণয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি সম্পর্কে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা উদ্বেগজনক। এটি সরকারের অগ্রাধিকার প্রকল্প হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা নানা ছুতোয় ব্যয় বাড়িয়ে নিচ্ছেন, যার ধারাবাহিকতায় নকশা খাতে ব্যয় বাড়ছে বলে পত্রিকায় প্রকাশিত তথ্যসংক্রান্ত বিষয়টি তদন্ত হওয়া অপরিহার্য।আলোচ্য প্রকল্পটি (নকশা প্রণয়ন) পরিচালনার পূর্বে অভিজ্ঞ পরামর্শক দ্বারা টার্ম অব রেফারেন্স (টিওআর) প্রণয়ন করা হয়েছে, যাতে কাজের পরিধি, সময়সীমা এবং ব্যয় প্রাক্কলন চিহ্নিত করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সামান্য হেরফের হতে পারে এবং তদনুযায়ী সময় ও ব্যয় কিছুটা বৃদ্ধি/হ্রাস পেতে পারে। এর ব্যত্যয় হলে তা পুঙ্খানুপুঙ্খরূপে খতিয়ে দেখার দাবি রাখে। পরামর্শক চুক্তির বাইরে ২৭টি সমীক্ষা করেছে বলে প্রকল্পের পরিচালক যে তথ্য দিয়েছেন, তা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। কেননা, চুক্তিবহির্ভূত এতগুলো সমীক্ষা করা হলে টিওআরটিই প্রশ্নবিদ্ধ হয়।অন্যদিকে চুক্তি অনুযায়ী যেসব কাজ ১৬ মাসের মধ্যে করার কথা, তা ২২ মাসের মধ্যেও সম্পন্ন করা সম্ভব হয়নি, যে জন্য পরামর্শক বাড়তি পারিশ্রমিক দাবি করেছে। এই দাবি অযৌক্তিক। এ বিষয়ে বাকি কাজ বিনা পারিশ্রমিকে করতে হবে বলে সেতু বিভাগের সচিব যে মন্তব্য করেছেন, তা খুবই যৌক্তিক এবং কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।উল্লেখ্য, এ কাজে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে এবং পরামর্শকের কাজের অভিজ্ঞতা ও তাদের সঙ্গে দর-কষাকষির পরই পরামর্শক নির্বাচন করা হয়েছে। এখন নানা অজুহাতে ব্যয় বৃদ্ধি করা হলে দরপত্রে অংশগ্রহণকারী অন্যান্য পরামর্শকের সঙ্গে পরোক্ষভাবে অবিচার করা হয় এবং দরপত্র আহ্বানের মাধ্যমে পরামর্শক নির্বাচনের আর কোনোই গুরুত্ব থাকে না। পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী শুরু থেকেই পরামর্শক দর-কষাকষি করে ১০০ কোটি টাকার স্থলে ১১৬ কোটি টাকায় চুক্তি করতে সমর্থ হয়। এখন চুক্তির সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাজ না করে ৭০ কোটি টাকা ব্যয় বৃদ্ধি করার পাঁয়তারা শুরু করেছে, যা কোনো মতেই বিধিসম্মত হতে পারে না।জাতীয় স্বার্থে চুক্তিসংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ আইনজ্ঞ দ্বারা বিষয়টি মোকাবিলা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. শামসুজ্জোহা, মিরপুর, ঢাকা।শ্রেণীকক্ষে নির্যাতন১৬ ডিসেম্বর প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বরগুনার আমতলী উপজেলার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেত মেরে শাস্তি দেওয়ার রীতি এখনো চালু আছে। আমাদের শিক্ষাঙ্গনের জন্য এটা দুর্ভাগ্যজনক। শিক্ষার্থীদের বেত দিয়ে আঘাত করলে যেমন তাদের মানসিক বিকাশ ব্যাহত হয়, তেমনি শারীরিক ক্ষতিও ঘটে। বেতের আঘাতে শিক্ষার্থীর মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ঘটে।শিক্ষকের প্রথম দায়িত্ব হলো শিশুর মনকে গুরুত্ব দেওয়া। শিশুকে বোঝার চেষ্টা করা। শিশুর চাওয়া-পাওয়ার মধ্যে নিজেকে সম্পৃক্ত করা। পড়াকে শিশু কীভাবে নিতে চায়, তা শিক্ষককে বুঝতে হবে। অনেক সময় দেখা যায়, শ্রেণীকক্ষে অনেক শিশু অন্যমনস্ক থাকে। এই অন্যমনস্কতার কারণ খুঁজে বের করে তাকে কীভাবে পাঠে মনোযোগী করা যায়; সেই কৌশলটা শিক্ষককেই খুঁজে বের করতে হবে। শিখন-প্রক্রিয়া হতে হবে শিশুদের সহায়ক। যে বিষয়টি শিশুর কাছে কঠিন মনে হবে, তাকে প্রথমে তা সহজ করে বোঝাতে হবে। শিশুর কল্পনার চূড়ায় শিক্ষককে পৌঁছাতে হবে। তবেই শিক্ষাদান সার্থক হবে।আনন্দঘন পরিবেশে কিংবা খেলার ছলে কিংবা অভিনয়ের মাধ্যমে যদি কোনো শিক্ষার্থীকে পড়া শেখানো হয়, তবে তা হবে শিশুর জন্য খুব বেশি সহায়ক। এতে শিশু সহজে বুঝতে পারবে, মনে রাখতে পারবে। শিশুরা চায়, একটু ভালোবাসা, স্নেহ, আর সহানুভূতি। কোনো বিষয়ে শিক্ষার্থী না পারলে, তাকে লজ্জা দেওয়া ঠিক নয়। তার দিকে সহযোগিতার হাত বাড়াতে হবে। সেই সঙ্গে শিক্ষককে হতে হবে সৃষ্টিশীল মনের অধিকারী। আমাদের শিক্ষার সঠিক ব্যবহারের মাধ্যমে শিশুর আবেগিক, সামাজিক, দৈহিক, মানসিক বিকাশ পরিপূর্ণভাবে ঘটাতে হবে। বেতের ব্যবহার কিংবা যেকোনো ধরনের শাস্তি শিশুর এই বিকাশগুলোকে ব্যাহত করে। তাই বেত নয়, শিক্ষার্থীকে শিক্ষাদানের মাধ্যম তথা কৌশল হবে স্নেহ-ভালোবাসা-অনুভূতির সমন্বয়ে উৎসাহ জোগানো। তবেই আমরা পাব শিক্ষা ক্ষেত্রে শতভাগ অগ্রগতি।সঞ্জয় কুমার ভৌমিক মৌলভীবাজার।সংশোধনী গতকাল মিজানুর রহমান খানের ‘জবাবদিহি করতে বিচার বিভাগের অনীহা কেন’ শীর্ষক নিবন্ধের তৃতীয় প্যারায় ব্রিটেনের সংসদীয় জাস্টিস কমিটির সভাপতি ‘স্যার অ্যালান বেথ এমপির’ নামের আগে অনবধানতাবশত ‘প্রধান বিচারপতি’ এবং তার আগের বাক্যে ‘জাস্টিস কমিটিতে’ কথার পরিবর্তে ‘জাস্টিস কমিটির’ ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য দুঃখিত। —বি.স.