চিঠিপত্র
শিক্ষক নিবন্ধন সনদদেশের বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। শিক্ষক হওয়ার স্বপ্ন অনেকের থাকলেও দেশের সরকারি স্কুল ও কলেজের আসনসংখ্যা সীমিত থাকায় সবার পক্ষে শিক্ষক হওয়া সম্ভব হয়ে ওঠে না। এ কারণে অনেকে বেসরকারি স্কুল-কলেজে চাকরি করতে আগ্রহী হন। আর বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রধান উদ্দেশ্য হলো বেসরকারি স্কুল-কলেজে মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে স্বজনপ্রীতি, পেশিশক্তি ও পকেট কমিটির মতো বিষয়গুলো রোধকল্পে সম্পূর্ণভাবে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করা।আর এরই লক্ষ্যে ২০০৫ সালে প্রথম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হলো ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১০। বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে জাতীয় পর্যায়ে সরকার কর্তৃক মনোনীত ও নিযুক্ত কয়েক সদস্যবিশিষ্ট প্যানেল কমিটি গঠিত হওয়ার কথা সেই সময়ে শোনা গেলেও তা বাস্তবায়নের লক্ষ্যে কোনো পদক্ষেপ সরকার কর্তৃক আজ পর্যন্ত গৃহীত হয়নি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্কুল-কলেজে আগের সেই বেহালদশার উন্নতি তো নেই-ই বরং যত দিন গড়াচ্ছে, তত পকেট কমিটির পকেট আরও অধিকতর ভারী ও গরম হয়ে উঠছে।নিবন্ধন সনদের মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর। কোনো পরীক্ষার্থী যদি নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাঁচ বছর সময়ের মধ্যে নিজেকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করতে না পারেন, তাহলে তাঁকে পুনরায় নিবন্ধন পরীক্ষা দিয়ে সনদ নিতে হয়। এই সনদের মেয়াদ নির্ধারণ এবং একই ব্যক্তির পুনরায় পরীক্ষা নেওয়া অযৌক্তিক নয় কি? বিষয়টি বিবেচনার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।সুশান্তকুমার রায়, ফতেপুর, রংপুর।শিশু ভিক্ষুকদিনে দিনে বাড়ছে শিশু ভিক্ষুকের সংখ্যা। রাস্তাঘাট, স্কুল-কলেজসহ সব জায়গায় এরা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা অথবা সাহায্য চায়। অনেক ক্ষেত্রে মানুষের সহানুভূতি আদায়ের জন্য এদের ভিক্ষার কাজে ব্যবহার করা হয়। এতে এদের ভবিষ্যৎ অনেকাংশে ধ্বংস হয়ে যায়।ছোট বলে ওদের কেউ ফেরাতে পারে না। এটি শিশুদের অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। শিশুরা পড়াশোনার দিকে মনযোগ না দিয়ে অর্থের দিকে মনযোগ দিচ্ছে। অনেকে বড় হয়ে শিক্ষার অভাবে দক্ষ কর্মী না হয়ে জড়িয়ে পড়ে অপরাধমূলক কর্মকাণ্ডে।শিশু ভিক্ষুকের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকা সমাজের জন্য অশনিসংকেত। কারণ, শিশুরা যেকোনো সমাজেরই ভবিষ্যতের কর্ণধার। শিশুদের বেড়ে ওঠার জন্য ভালো পরিবেশ তৈরি করতে না পারলে একটি শান্তিপ্রিয় সুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই কেউ যেন শিশুদের ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করতে না পারে, সেদিকে খেয়াল রাখা উচিত।রেহানা রিমি, ঠাকুরগাঁও।