চিঠিপত্র
স্কুলে ভর্তির আগেই...আমাদের পাঁচ বছরের মেয়ে কুশিয়ারা। একটু বড় হওয়ার পর যখন সে খাতা-পেনসিলে আঁকিবুঁকি করতে শিখল, তখন থেকেই সে স্কুলে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করল। টিভিতে যখন সে স্কুল ড্রেস পরা শিশুদের দেখে কিংবা কোনো স্কুলের সামনে দিয়ে যায়—তখন বলে, ‘মা, আমি কখন স্কুলে যাব?’ বলে, ‘বাবা আমাকে স্কুল ড্রেস কিনে দাও না কেন?’তার সঙ্গে আমরাও স্বপ্ন দেখি, চার-পাঁচ বছর হলেই তাকে স্কুলে দেব। সাদা-মেরুন কিংবা সাদা-আকাশি পোশাক পরে সে স্কুলে যাচ্ছে—আমাদের স্বপ্নের দৃশ্য!লেখাপড়াটা সে উৎসাহ নিয়েই করে। অঙ্ক, বাংলা, ইংরেজি, ছবি আঁকা—সবকিছুতেই তার আগ্রহ ও দখল। সব বাচ্চাই হয়তো এ রকম। তবু নিজের মেয়ে বলে আমাদের কাছে কুশিয়ারাই সেরা।২১ ডিসেম্বর ছিল কুশিয়ারার স্বপ্নের স্কুলের ভর্তি-প্রক্রিয়ার শুরুর দিন। অর্থাৎ জীবনের প্রথম স্কুলের ভর্তি পরীক্ষা। সাধারণত সকাল ১০টার আগে সে ঘুম থেকে জাগে না। কিন্তু ২১ তারিখ আটটার আগেই সে জেগে তৈরি হয়ে গেল। বাসা থেকে বের হলাম এক ঘণ্টা হাতে নিয়ে। পরীক্ষা ১০টায়। রিকশা নেই। ১৫ মিনিট হাঁটলাম। মেয়ে তো যেন দৌড়াচ্ছে তার স্বপ্নকে ধরার জন্য। সকাল পৌনে ১০টায় স্কুলে পৌঁছে ভিড় ঠেলে মেয়েকে পাঠিয়ে দিলাম পরীক্ষাকেন্দ্রে। অনেক বাচ্চাই মা-বাবাকে ছেড়ে একা একা কাঁদছিল। অনেকে পরীক্ষা না দিয়ে চলেও এসেছে। কিন্তু কুশিয়ারা উৎসাহের সঙ্গে পরীক্ষার কক্ষে ঢুকেছে।দেড় ঘণ্টা উৎকণ্ঠায় কাটিয়ে দিলাম। সবার মতো আমাদের চিন্তা হচ্ছিল—না জানি কী করছে ওরা ভেতরে! প্রশ্ন বুঝতে পারছে তো! শিক্ষকেরা বুঝিয়ে দিচ্ছেন তো!পরীক্ষা শেষ হলো। ভিড়ের ভেতর থেকে মেয়েকে খুঁজে নিলাম। কোলে উঠেই মেয়ে কাঁদতে কাঁদতে বলল, ‘ম্যাডাম আমাকে মেরেছে।’ আমি তো অবাক! রিকশায় আসতে আসতে তাকে জিজ্ঞেস করলাম, বাসায় ফিরে জিজ্ঞেস করলাম। তার একই কথা—প্রশ্ন বুঝতে পারেনি বলে ম্যাডাম ওকে থাপড় মেরেছে। আমি, ওর মা বারবার বললাম—ওটা থাপড় নয়, গালটিপে তোমাকে আদর করেছে। বিরক্ত হয়ে এবার সে নিজের গালে কষে থাপড় বসিয়ে বলল, ‘ঠিক এভাবে মেরেছে।’ আমরা নির্বাক! কী বলব! কী করব!স্কুলে শারীরিক শাস্তি দণ্ডনীয় অপরাধ—এটা নাহয় বাদই দিলাম, ও এখনো স্কুলে ভর্তিই হয়নি, তবু তাকে শাস্তি দেওয়া হলো—এটাও বাদ দিলাম, বাচ্চাদের স্কুলের শিক্ষকেরা বাচ্চার মনস্তত্ত্ব বোঝেন না—তাও বাদ দিলাম; আমি শুধু ভাবছি—আমাদের মেয়ের এক আনন্দময় স্বপ্নের ক্ষেত্রকে নিরানন্দ, বিষাদময়, আতঙ্কসংকুল করে দেওয়ার শাস্তি কী। কে দেবে সেই শাস্তি।মেয়ে যখন বলে, ‘বাবা, স্কুল আমার ভালো লাগেনি’, তখন আমরা কী করতে পারি! আমরা বিচলিত হয়ে পড়ি।মাইনুল এইচ সিরাজীশিক্ষক, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট।[email protected]