চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথাপিছু পানির বিলনিত্যপণ্যের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে ঢাকা মহানগরের বাড়িওয়ালারা বাড়ি ভাড়া বাড়িয়ে চলেছেন। বড় দুঃখের বিষয়, বাড়িওয়ালাদের এই লাগামহীন ভাড়া বাড়ানোর দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নেই। পত্রিকায় অনেক লেখালেখি করেও কোনো ফল পাওয়া যায় না। দেশে আইন থাকলেও স্বল্প আয়ের মানুষগুলো বাড়িওয়ালাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করতে পারেন না। কেননা, ঢাকায় হুট করে বাসা পাওয়াও যায় না। সেই সুযোগই ব্যবহার করেন বাড়িওয়ালারা।কিছু কিছু জায়গায় দেখা যায়, অভিনবভাবে বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের কাছ থেকে পানির বিল নিয়ে থাকেন। যেমন দেখা যায় হাজারীবাগ ট্যানারি মোড়ের কিছু কিছু বাসার মালিকদের ক্ষেত্রে। সেখানে কিছু কিছু বাড়িওয়ালা মাথাপিছু হিসেবে পানির বিল নেন। এ কেমন নিয়ম? ঢাকা ওয়াসা তো আর বাড়ির সদস্যদের মাথাপিছু পানির বিল নেয় না। বাড়িওয়ালাদের এ ধরনের অত্যাচার থেকে সাধারণ ভাড়াটিয়াদের মুক্তি কি আদৌ মিলবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনুগ্রহ করে আপনারা শুধু আইন নয়, সরেজমিনে তদন্ত করে ভুক্তভোগী ভাড়াটিয়াদের রক্ষা করুন।আলমগীর হোসেনআজিমপুর, ঢাকা।মাতৃভাষাচলতি মাসে সারা দেশের কলেজগুলোতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০১১-এর জন্য প্রয়োজনীয় তথ্যসংবলিত এইচএসসি ফরম পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে তা সম্পন্ন হয়েছে। এই ফরমের ১০ ও ১১ নম্বরে যথাক্রমে মাতৃভাষা এবং শিক্ষার মাধ্যম কী, তা উল্লেখ করতে বলা হয়েছে। দেখা যাচ্ছে, দেশের আদিবাসী জনগোষ্ঠীসহ সবার ক্ষেত্রেই ১০ নম্বরে মাতৃভাষা হিসেবে বাংলাকে উল্লেখ করতে বলা হচ্ছে। কোনো কোনো কলেজে বাধ্যতামূলকভাবে। একজন চাকমার মাতৃভাষা চাকমা, মারমার মারমা আর ত্রিপুরার ককবরক ভাষা। বাংলাদেশের রাষ্ট্রভাষা এবং শিক্ষার প্রধান মাধ্যম বাংলা। কিন্তু সবার মাতৃভাষা তো বাংলা নয়। দেশে ৪৫টি আদিবাসী জনগোষ্ঠী (জাতীয় আদিবাসী ফোরামের তথ্যমতে) এবং তাদের অধিকাংশের নিজস্ব মাতৃভাষা রয়েছে। অথচ ব্যক্তিজীবনে এবং রাষ্ট্রীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব কাগজপত্রে যদি আদিবাসীদের মাতৃভাষা হিসেবে বাংলাকে উল্লেখ করতে হয়, তা অত্যন্ত দুঃখজনক। যে দেশে মায়ের সন্তান মায়ের ভাষার জন্য প্রাণ দেন, সেই দেশের মানুষ অপরাপর জাতিগুলোর ভাষার প্রতি সম্মান প্রদর্শন এবং অভ্যন্তরীণ ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাষা সংরক্ষণে দায়িত্বশীলতার পরিচয় দেবে, এটাই প্রত্যাশিত। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষক, বুদ্ধিজীবী, সর্বোপরি নাগরিক সমাজকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।সুলভ চাকমাশিক্ষার্থী, নটর ডেম কলেজ।ডাক বিভাগরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুসারে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে আবেদন করি। বোর্ডের সিদ্ধান্ত অনুসারে ২০ ডিসেম্বর সকাল নয়টায় বাছাই বোর্ডে উপস্থিত হওয়ার জন্য চিঠি পাঠানো হয়। কিন্তু ওই চিঠি ডাক মারফত হাতে পাই ২২ ডিসেম্বর। রংপুর থেকে ডাক বিভাগ ৭ ডিসেম্বর চিঠিটি পাঠিয়েছে বলে সিল রয়েছে। কিন্তু ঢাকায় ডাক বিভাগ যে সিল দিয়েছে, তা স্পষ্ট নয়। মূলত ডাক বিভাগের দায়িত্বহীনতার জন্যই আমি সময়মতো ওই চিঠি হাতে পাইনি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা দেওয়া হয়নি আমার।পরীক্ষাটি দিতে পারলে হয়তো আমার চাকরি হতো। তাই আমি মনে করি, ডাক বিভাগের এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন।ড. মো. মাহবুব হাসানপাটগ্রাম, লালমনিরহাট।[email protected]