চিঠিপত্র
আইপিও রিফান্ড ওয়ারেন্টএকটি লিমিটেড কোম্পানির ঘোষিত প্রাথমিক শেয়ার আবেদনের তারিখ ছিল এ বছরের ২৪ থেকে ২৮ অক্টোবর। সে অনুযায়ী ব্যাংকে টাকা জমাদানের মাধ্যমে আমি তিনটি আবেদনপত্র দাখিল করি। নভেম্বর মাসের শেষ ভাগে আইপিও লটারি অনুষ্ঠিত হয় এবং রিফান্ড ওয়ারেন্ট চেক প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত (৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর) তারিখ ওই স্থানে গিয়ে জানতে পারি, আমার রিফান্ড ওয়ারেন্ট কোনো চেক নেই। কাউন্টারে বসা সংশ্লিষ্ট কর্মকর্তা আমার স্লিপগুলো ফেরত দিয়ে বিনীতভাবে বলেন, সম্ভবত ভুল করে আমার আবেদনের বিপরীতে চেকগুলো ইস্যু করা হয়নি। তিনি দিন দশেক পর তাঁদের দিলকুশা অফিসের ১৭তম তলায় গিয়ে খোঁজ নিতে অনুরোধ করেন। যথারীতি ১৫ ডিসেম্বর আমি সেখানে গিয়ে দেখি, আমার মতো আরও অনেকেই আইপিও জমার ব্যাংক স্লিপ হাতে নিয়ে ঘোরাফেরা করছেন।সেখানে একটি ডেস্কের কর্মকর্তার হাতে স্লিপগুলো জমা দিয়ে ঘটনাটির বিবরণ দিলে তাঁর হাতে থাকা একটি তালিকার সঙ্গে আমার নম্বরগুলো মিলিয়ে বলেন, ‘রিফান্ড ওয়ারেন্টগুলো ইতিমধ্যে কুরিয়ার ডাকযোগে পাঠানো হয়েছে। যথাসময়ে পৌঁছে যাবে।’ তাঁর কথায় সন্তুষ্ট হতে না পেরে কোন কুরিয়ারে, কবে পাঠানো হয়েছে এবং প্রেরণের রসিদ নম্বর জানাতে অনুরোধ করি। তখন তিনি আরেকজন কর্মকর্তার টেবিল দেখিয়ে সেখানে খোঁজ নিতে বলেন। সে অনুযায়ী ওই কর্মকর্তার টেবিলে গিয়ে পূর্বাপর ঘটনা বর্ণনা করলে তিনি আমার হাত থেকে স্লিপগুলো নিয়ে নম্বরগুলো কম্পিউটারে কিছুক্ষণ পরীক্ষা করার পর আমাকে আগামী ১০ জানুয়ারি অথবা পরের যেকোনো দিন আবার আসতে পরামর্শ দেন এবং সেদিন চেক পাওয়া যাবে, এমন নিশ্চয়তা দেন।তাঁদের কথাবার্তায় আমার ধারণা হয়, ভুলগুলো ইচ্ছাকৃত। কারণ, আমার আবেদন ফরমগুলো পূরণে কোনো রকমের ত্রুটি না থাকলেও একটি চেকও তৈরি হয়নি কেন এবং আমার মতো আরও বহু আবেদনকারী কেন চেকের জন্য ঘুরছেন। আসলে পুঁজিবাজার সংস্থার কড়াকড়ির কারণে নির্ধারিত সময়সীমার মধ্যে বেশির ভাগ লটারিতে অসফল আবেদনকারীর টাকার চেক ফেরত দিলেও কয়েক হাজার বিফল আবেদনপত্রের বিপরীতে জমা করা কয়েক কোটি টাকা অতিরিক্ত দুই-তিন মাস কোম্পানির হিসাবে জমা রাখার কৌশল হিসেবে এমন প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে বলে আমার ধারণা।এমতাবস্থায়, বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে ভবিষ্যতে আর কোনো কোম্পানির প্রাথমিক শেয়ারের আবেদনকারীদের রিফান্ড ওয়ারেন্ট চেক পাওয়ার ক্ষেত্রে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে অযথা বিড়ম্বনা বা ক্ষতির শিকার যাতে না হতে হয়, সে বিষয়ে আশু পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।শাহীদুল আযমমিরপুর, ঢাকা।কপোতাক্ষকে বাঁচানকবি মাইকেল মধুসূদন দত্তের কবিতার সেই কপোতাক্ষ আজ আর নেই। নেই সেই যৌবন, সেই স্রোতধারা। সবকিছু হারিয়ে নদটি এখন মৃতপ্রায়। বিগত সরকার এই নদ খননের জন্য পরিকল্পনা নিলেও দুর্নীতির কারণে তা বাস্তবায়িত হয়নি।বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেও তা অত্যন্ত ধীরগতিসম্পন্ন। ফলে নদের দুই পাশে জেগে উঠেছে চর। কিন্তু এই চরও রক্ষা পাচ্ছে না ভূমিদস্যুদের হাত থেকে। কপোতাক্ষকে বাঁচাতে সরকারের কাজের গতি বাড়ানোর অনুরোধ করছি। আর জেগে ওঠা চর সামাজিক বনায়নের আওতায় এনে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য উদ্যোগ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।সুব্রত কুমার দেবনাথতালা, সাতক্ষীরা।গাছ কাটার মহোৎসবঢাকা-চট্টগ্রাম হাইওয়ে। রাস্তার দুই পাশে একসময় শোভা পেত সারি সারি সবুজ গাছ। কিন্তু সে সবুজের হাতছানি এখন আর দেখা যায় না। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশে চান্দিনা থেকে শুরু করে দাউদকান্দি পর্যন্ত হাজার হাজার কড়ইগাছ কেটে ফেলা হচ্ছে। গাছ কাটা হচ্ছে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার প্রশ্ন অন্যখানে। গাছগুলোর অধিকাংশই অপরিণত। বেশির ভাগ গাছের বয়স হবে মাত্র পাঁচ থেকে সাত বছর। ২১ ডিসেম্বর ফেনী থেকে ঢাকায় আসছিলাম। দেখলাম, সারি সারি গাছ কেটে শুইয়ে রাখা হয়েছে। আর বাকিগুলোতে কাটার জন্য চকের দাগ দেওয়া হয়েছে। সারিবদ্ধ কাটা গাছগুলো দেখলে যেকোনো হূদয়বান ব্যক্তি আফসোস না করে পারেন না। গাছগুলো যখন ছিল, তখন রাস্তার দুই পাশে সবুজের ছাউনির মতো ছিল। গাছ কাটার ফলে রাস্তার পাশের কিছু কিছু অংশ ভেঙে গিয়ে বড় ধরনের যেকোনো দুর্ঘটনার আশঙ্কা আছে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, রাস্তার পাশে গর্তগুলো ভরাট করা হোক এবং খালি জায়গায় নতুন গাছ লাগানো হোক। আশা করি, ছোট গাছগুলোর ওপর খড়্গ উত্তোলন করতে কর্তৃপক্ষ সামনে ভেবে দেখবে।আলী আকবরশিক্ষার্থী, ঢাকা কলেজ।