চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ অপহরণ৬ ডিসেম্বর রাতে যখন ঘনিষ্ঠ একজন ফোন করে জানাল, রাব্বির জাহাজটা হাইজ্যাক হয়েছে, তখন বিশ্বাস করতে পারছিলাম না যে, সত্যি না মিথ্যা খবরটা। সোমালীয় জলদস্যুদের হাতে বন্দী ২৬ জন নাবিকের মধ্যে আটকা পড়েছে আমাদের সেই প্রিয় বন্ধু। সহজ, সরল, সদালাপী শাহরিয়ার রাব্বি (বর্তমানে সোমালীয় দস্যুদের হাতে আটক জাহাজের ইঞ্জিন ক্যাডেট)। কী যে সাগরের নেশায় মেতেছিল ছেলেটি! কী এক অদৃশ্য শক্তি যেন টেনে নিয়ে গেল তাকে সাগরের বুকে। প্রতিদিনই পত্রিকা দেখছি, হয়েছে মানববন্ধন। সরকার দিচ্ছে সান্ত্বনার বাণী। কিন্তু যেখানে আমাদের বুকে স্বজনকে না পাওয়ার তীব্র ব্যথা, সেখানে কি শুধু সান্ত্বনা দিয়ে কোনো কাজ হবে? আমাদের ধৈর্য আর কত দিন ধরতে হবে? পররাষ্ট্রমন্ত্রী বললেন, সময়ের ব্যাপার। খবরটা শোনার পর যেন কী একটা তীর এসে বুকে লাগল। কী সান্ত্বনা দেব মাকে (রাব্বীর মা) আর কী সান্ত্বনাই বা আছে বাবার জন্য। খবরটা শোনার পর মা বললেন ফোনে, আর বোধ হয় বাঁচব না। বুঝতে পারছিলাম না ছেলের শোকে পাগলপ্রায় এই মাকে কী বলব। অনেকক্ষণ নির্বাক হয়ে রইলাম। প্রতিদিন মনে মনে বলি, ‘রাব্বি, কখন ফিরে আসবে তুমি, আর কত অপেক্ষা তোমার জন্য, আর কত চোখের জল ফেলব তোমার জন্য?’ সরকার কি কোনো ব্যবস্থা নেবে না এই নাবিকদের ফিরিয়ে আনার জন্য? আমার মতো সব নাবিকের পরিবারই এক অজানা আশঙ্কায়। সবার একটাই প্রশ্ন—কখন ফিরবে তারা? কেমন আছে তারা? সরকার ও জাহাজ কোম্পানির কাছে আমাদের আকুল আবেদন, তারা যেন ২৬ জন নাগরিককে উদ্ধারের জন্য ত্বরিত ব্যবস্থা নেয়। শুধু সান্ত্বনা নয়, স্বজনদের ফিরে পেতে চাই। দেখতে চাই মায়ের মুখের হাসি, সন্তানের চোখে বাবাকে ফিরে পাওয়ার আনন্দ, স্ত্রীর চোখে স্বামীকে পাওয়ার আনন্দাশ্রু। রওশন আক্তার বীণাখাগড়াছড়ি।