চিঠিপত্র
প্রাথমিকের শিক্ষকপ্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণী পর্যন্ত হয়ে যাচ্ছে। আশা করা যায়, এতে প্রাথমিক শিক্ষার মান ও গুরুত্ব বাড়বে। এই প্রশংসনীয় পদক্ষেপ বাস্তবায়নে কর্তৃপক্ষ কতটা দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দেবে, সেটাই দেখার বিষয়।প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখা যায়, পুরুষদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকে স্নাতক আর নারীদের জন্য থাকে এসএসসি থেকে এইচএসসি। বর্তমান সময়ে প্রাথমিক শিক্ষার লেখাপড়া শুধু বইপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। শিশুরা অনেক বেশি জানতে চায়, বুঝতে চায়। সে ক্ষেত্রে শিশুদের পাঠ্যপুস্তকের কোনো বিষয় পড়াতে গেলে অনেক বেশি ধারণা থাকতে হবে এবং শিক্ষককেও অনেক বেশি জানতে হবে। আর প্রাথমিক শিক্ষার স্তর বাড়ানোর ফলে শিক্ষকের, বিশেষত নারী শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা বাড়ানো প্রয়োজন বলে মনে হয়।প্রাথমিক শিক্ষা হলো আমাদের শিক্ষাব্যবস্থার শেকড়। শেকড় দুর্বল হলে গাছ শক্ত হয়ে দাঁড়াতে পারে না। আর সে জন্য একদিকে যেমন শিক্ষার মান উন্নত করতে হবে, তেমনি অন্যদিকে প্রাথমিক শিক্ষকদেরও যথাযোগ্য সম্মান এবং যথেষ্ট সুযোগ-সুবিধা দিতে হবে। আর তাহলেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আরও দক্ষ এবং মেধাসম্পন্ন শিক্ষকের সমাবেশ ঘটবে।সঞ্জয়কুমার ভৌমিকশ্রীমঙ্গল, মৌলভীবাজার।প্রাইভেট কারঢাকা ও চট্টগ্রামে যানজট নিরসনের জন্য শহরের বেশকিছু ভিআইপি সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এতে পরিস্থিতির উন্নতি হয়নি। রিকশা সরিয়ে দেওয়ায় রাস্তার যেটুকু ফাঁকা হয়েছে, তার চেয়ে অনেক বেশি জায়গা দখল করে নিয়েছে রাস্তায় প্রাইভেট কার নেমে।যেসব কারণ দেখিয়ে রাস্তা থেকে রিকশা ওঠানো হয়েছে, তার সব কটিই প্রাইভেট কারের ক্ষেত্রেও প্রযোজ্য। অধিকন্তু এসব গাড়ি শব্দ ও বায়ুদূষণের জন্যও দায়ী। যাত্রীপিছু জায়গাও দখল করেছে বেশি। ব্যক্তিগত গাড়ির ভারে ন্যুব্জ হয়ে পড়েছে ঢাকার পরিবহনব্যবস্থা। অথচ প্রাইভেট কারের চলাচলের ওপর সরকারের কোনো বিধিনিষেধ নেই। প্রাইভেট কারের চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপের কথা সরকারের বিবেচনা করা উচিত।জয়দীপ দেদক্ষিণ খুলশী, চট্টগ্রাম।স্থলবন্দরঐতিহাসিক মুজিবনগর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরে (৭১৬ বর্গ কিলোমিটার) অবস্থিত। শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে মুজিবনগর পিছিয়ে রয়েছে। শিল্প ও ব্যবসা-বাণিজ্য শুধু অর্থনৈতিক উন্নয়ন ঘটায় না, বরং সামগ্রিকভাবে সমাজেরও উন্নতি সাধন করে। এর মাধ্যমে স্থানীয় ও জাতীয়ভাবে বহুমুখী মানুষের সংশ্লিষ্টতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। স্থলবন্দর এমনি একটি কর্মকাণ্ডকে প্রতিষ্ঠিত ও প্রসারিত করে। মুজিবনগরবাসী দীর্ঘদিন ধরে এর দাবি করে আসছে। বর্তমানে কৌশলগত গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী স্থানগুলোর গুরুত্ব নানা কারণে আরও বাড়ছে। মুজিবনগরে সহজে একটি স্থলবন্দর গড়ে তোলা সম্ভব।সরকার ঘোষণা দিয়েছে, দর্শনা থেকে নতুন একটি রেললাইন মুজিবনগরের সঙ্গে সংযুক্ত হবে। এতে এখানে বন্দর করা হলে সার্বিক যোগাযোগব্যবস্থাও চমৎকারভাবে গড়ে উঠবে। এ ছাড়া স্থানটির সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগও রয়েছে। বন্দরটি স্থাপিত হলে মুজিবনগর-মেহেরপুরে শিল্প ও বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।এম রশিদমুজিবনগর, মেহেরপুর।‘আমাদের সন্তানদের বলছি’প্রথম আলোর বিজয় দিবস সংখ্যায় ‘জনযুদ্ধের গণযোদ্ধা’ নিবন্ধের লেখক কামরুল হাসান ভূঁইয়ার পরিচয় ছাপা হয়নি। সেই সঙ্গে তাঁর লেখার শেষ অনুচ্ছেদের শেষ বাক্যটি বাদ পড়ে। অনিচ্ছাকৃত এ ত্রুটির জন্য আমরা দুঃখিত।কামরুল হাসান ভূঁইয়া মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক এবং অবসরপ্রাপ্ত মেজর। তিনি বর্তমানে সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজের চেয়ারম্যান ও প্রধান গবেষকের দায়িত্ব পালন করছেন। তাঁর নিবন্ধের শেষ বাক্যটি ছিল এ রকম: ‘আমাদের সন্তানদের বলছি, একাত্তরের ঘন কালো রক্ত এ দেশের অবারিত শস্যখেতে আর ধূসর ধুলায় হারিয়ে গেছে। আজকের এই বাংলাদেশ অনেক কষ্টের আর অনেক রক্তের বিনিময়ে পাওয়া। এ পবিত্র আমানত তোমাদের কাছে রেখে যাচ্ছি। জীবদ্দশায় স্বাধীন দেশে অনেক কষ্ট পেয়েছি, মরণের পর তোমরা আর কষ্ট দিয়ো না।’—বিভাগীয় সম্পাদক