চিঠিপত্র
পাহাড়ে বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে রাঙামাটিতে নতুন আরেকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা শুনে খুব ভালো লেগেছিল। কিন্তু যখন শুনলাম, স্থানীয় লোকজন এর বিরোধিতা করছে, তখন মনে প্রশ্ন জাগে। প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে স্থানীয় জনগণের আগ্রহ ছিল, কোথাও কোথাও বিশ্ববিদ্যালয় করার দাবিও উত্থাপিত হতে দেখেছি আমরা। কিন্তু দেশের অন্যান্য জায়গার বিপরীত চিত্র দেখা যাচ্ছে রাঙামাটিতে।সেখানকার আদিবাসী জনগণ এটার বিপক্ষে। পত্রিকা ও অন্যান্য মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে বিশ্ববিদ্যালয় হলে আদিবাসীরা তাদের ভূমি হারানোর আশঙ্কা করছে। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা বিভিন্ন সময়ে ভূমি থেকে উচ্ছেদের শিকার হয়েছে। সেসবের প্রতিকার এখনো হয়নি। তাই তারা আর কোনোভাবে উচ্ছেদের পথ খুলে দিতে চায় না।পার্বত্য চট্টগ্রামের স্থানীয় রাজনৈতিক দলগুলোও বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। জনসংহতি সমিতির দাবি, আগে পার্বত্য চুক্তির বাস্তবায়ন, পরে বিশ্ববিদ্যালয়। তবে সবাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে, তা নয়। জেএসএস ও ইউপিডিএফ বিরোধিতা করলেও তাদের দলের অনেকে বিষয়টিকে সমর্থন করেছেন। দেশের যেকোনো প্রান্তে বিশ্ববিদ্যালয় হোক, এটি সবার কাম্য। তবে সরকারের উচিত, স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া।রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতার পেছনে উচ্ছেদ-আতঙ্ক ছাড়াও আরও কয়েকটি কারণ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি সরকারকে আদিবাসীদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাংলার পাশাপাশি আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষাদানের বিষয়টিও সরকার বিবেচনায় রাখবে বলে আশা করি। এসব ছাড়াও তাদের প্রাণের দাবি, ‘শান্তিচুক্তি’র বাস্তবায়ন।আদিবাসী অধ্যুষিত এলাকায় বিশ্ববিদ্যালয় করা হলে তাতে শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তাদের বিশেষ অগ্রাধিকার পাওয়ার বিষয়টি অবধারিতভাবেই চলে আসে। এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে অবশ্যই আদিবাসীদের মতামত যথাযথভাবে বিবেচনায় আনা উচিত। পরিশেষে আদিবাসীদের প্রতি অনুরোধ থাকবে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো একটি মহৎ উদ্যোগ বাস্তবায়নে তারা যেন ক্ষুদ্র স্বার্থের কথা চিন্তা না করে নিজ সম্প্রদায় ও দেশের স্বার্থে সরকারকে সর্বাত্মক সাহায্য করে।সাহেরীন আহমদ চৌধুরীশিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।