চিঠিপত্র
ছাত্র সংঘর্ষজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২১ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সেদিনের পরিস্থিতির ভয়াবতার কারণে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা দুই দিন বন্ধ ছিল। অছাত্রসুলভ কর্মকাণ্ড চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে বারবার কি এঁরা পার পেতেই থাকবেন? সাধারণ শিক্ষার্থীদের কথা কেউ ভাববে না? উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোমতেই কাম্য হতে পারে না। ক্যাম্পাসে সংঘর্ষের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা কখনো সাধারণ শিক্ষার্থীদের কথা ভাবেন না।পত্রিকার খবর অনুযায়ী, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে যাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকেন, তাঁরা শুধু এর ভাবমূর্তি নষ্ট করেন না, সমগ্র দেশের ক্ষতি সাধন করে থাকেন। আইন সবার জন্য সমান—কথাটি খোদ আইন প্রয়োগকারী সংস্থাই যেন ভুলে যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।সাধন সরকার, শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।ঝরে পড়া শিক্ষার্থী২৫ ডিসেম্বর প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা গেছে, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষার বই বিতরণ করা হবে। এটি সফলভাবে সম্পন্ন করা গেলে তা হবে সরকারের জন্য একটি বড় সাফল্য। তবে প্রত্যেক শিক্ষার্থী যাতে বই পায় এবং তা বিনা মূল্যে, সে জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে।প্রতিবছর প্রাথমিক বিদ্যালয়ে শিশু জরিপ করা হয়। এই শিশু জরিপ ব্যবহার করে বিদ্যালয়ে গমনোপযোগী সব শিশুর ভর্তি নিশ্চিত করতে হবে, যাতে একটি শিশুও বিদ্যালয়ে ভর্তি হওয়া থেকে বাদ না যায়। তবে, শিশুদের বিদ্যালয়ে তালিকাভুক্ত করতে পারাই চূড়ান্ত সাফল্য নয়। বরং ভর্তির পর প্রাথমিক স্তরে কোনো শিক্ষার্থী যাতে ঝরে না যায়, সেদিকে নজর রাখতে হবে। প্রাথমিক শিক্ষা সফল করতে গেলে এই ঝরে পড়া রোধ করতেই হবে। এ জন্য শিক্ষকদের দায়িত্ব অনেক। শ্রেণীকক্ষে শিশুদের ধরে রাখার জন্য নিম্নোক্ত ব্যবস্থা নেওয়া যায়। প্রথমত, শিশু জরিপের মাধ্যমে যে তালিকা পাওয়া যাবে, সেই তালিকার প্রত্যেকটি শিশুর বিদ্যালয়ে ভর্তির নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয়ত, অতীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দীর্ঘ সময় অনুপস্থিত ও অসুস্থ শিশুদের খোঁজখবর নেওয়ার জন্য শিশুর বাড়ি যাওয়ার রীতি ছিল। এখন তাঁরা কতটুকু খবর নেন? বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীর খোঁজখবর নিতে শিক্ষকদের উৎসাহ দেওয়া উচিত। তৃতীয়ত, শ্রেণীকক্ষে পাঠদানকে আনন্দময় করে তুলতে হবে। শিশুরা যাতে শ্রেণীকক্ষে থাকতে স্বচ্ছন্দ বোধ করে। চতুর্থত, অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় বাড়াতে হবে।সঞ্জয় কুমার ভৌমিকশ্রীমঙ্গল, মৌলভীবাজার।হাজং শিক্ষার্থীআদিবাসী গোষ্ঠীর শিক্ষার্থীদের প্রত্যাশা থাকে, তাঁরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। কিন্তু গুটিকয়েক জাতিগোষ্ঠী বাদে বেশির ভাগ আদিবাসী জাতিগোষ্ঠীর কোনো সদস্য এখানে পড়ার সুযোগ পান না, বিশেষ করে যাঁরা অধিকতর প্রান্তিক, অবহেলিত ও চরম দারিদ্র্যের শিকার কিংবা উন্নয়ন থেকে বঞ্চিত, মূলত তাঁরাই এখানে আসতে পারেন না। একসময় এ বিশ্ববিদ্যালয়ে তেমনি পিছিয়ে পড়া হাজং শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেলেও ছয় বছর ধরে কোনো হাজং শিক্ষার্থী আর ভর্তি হতে পারছেন না। প্রতিবছরই কিছু না কিছু হাজং শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। বিভিন্ন আদিবাসী গোষ্ঠী থেকে যেন শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন, সেদিকে কর্তৃপক্ষের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।সোহেল হাজংঢাকা।নির্বাচনে মাইকনির্বাচনের সময় প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচনের ৭২ ঘণ্টা আগ পর্যন্ত প্রচার চালাতে পারবেন। একজন প্রার্থী আইনের ধারা মেনে সেই প্রচার-প্রচারণা চালাবেন। কিন্তু তাঁর খেয়াল রাখা দরকার, ভোটারের নজর কাড়তে প্রচারণার নানা কৌশল নিয়ে শেষ পর্যন্ত যেন বিরক্তিরই কারণ না হয়ে ওঠেন, তাঁর শান্তির ব্যাঘাত না ঘটান। একটি পৌরসভায় প্রত্যেক প্রার্থী বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মাইক বাজাতে পারবেন, এ বিধান দেওয়া হয়েছে। দেখা যায়, মেয়র পদপ্রার্থী, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর এবং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা একসঙ্গে তাঁদের প্রচার চালিয়ে যান, তখন যে শব্দদূষণ হয়, তাতে মানুষের শ্রবণেন্দ্রিয়ের মারাত্মক ক্ষতি হয়। বদ্ধ ঘরে এর শব্দ তেমন অনুভব হয় না, কিন্তু দোকানে বসা এবং রাস্তায় হাঁটাচলা ও কথা বলতে মারাত্মক অসুবিধা হয়। একজন মানুষ ৪০ ডেসিবল শব্দের তীব্রতা গ্রহণ করতে সক্ষম। কিন্তু শব্দের তীব্রতা তার থেকে আরও বেশি হলে তা শ্রবণেন্দ্রিয়ের ক্ষতির পাশাপাশি আরও নানা ধরনের ক্ষতির কারণ হতে পারে। একটি ওয়ার্ডের বিভিন্ন স্তরের প্রার্থী মিলে গড়ে ১০ থেকে ১৫ জন প্রার্থী হন। প্রত্যেকে একটি করে মাইক অলিগলিতে বাজাতে থাকলে ভয়ানক যন্ত্রণাদায়ক অবস্থার সৃষ্টি হয়। অনেক সময় মনে হয়, কার শব্দ কতটা জোরে মানুষের কানে ঢোকাতে পারে, তাঁরা যেন সেই প্রতিযোগিতায় ব্যস্ত থাকেন। তাই শব্দদূষণ কমানোর জন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি। শিব সজল যীশু ঢালীমোরেলগঞ্জ, বাগেরহাট।