চিঠিপত্র
উন্নয়ন কর্মকাণ্ডবাংলাদেশের সব অঞ্চলে সমানভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে না। উন্নয়নমূলক কর্মকাণ্ডে বহুদিন থেকে বৈষম্যমূলক আচরণ পরিলক্ষিত হয়ে আসছে। দেশের সব অঞ্চলে যোগাযোগ, কৃষি, শিল্প, শিক্ষা, জনস্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সমানভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার দিকে কর্তৃপক্ষ নজর দিচ্ছে না।যেসব এলাকায় প্রভাবশালী নেতা, মন্ত্রী, সাংসদ অথবা সরকারের আস্থাভাজন উচ্চপর্যায়ের কর্মকর্তা থাকেন, সেসব এলাকায় উন্নয়নের বন্যা বয়ে যায়। অথচ আঞ্চলিক বৈষম্যের শিকার অঞ্চলগুলো বছরের পর বছর উন্নতির ছোঁয়া না পেয়ে পিছিয়ে আছে।পিছিয়ে পড়া অঞ্চলগুলো চিহ্নিত করে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরিত বাস্তবায়নের জন্য সরকারের বিশেষ নজর দেওয়া উচিত। বিষয়টি রাজনৈতিক বিবেচনায় না এনে এবং ক্ষমতাসীন দলের নির্বাচিত প্রতিনিধি না থাকায় আর্থসামাজিক নানা কারণে পিছিয়ে পড়া অঞ্চলগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।দেশের সব অঞ্চলের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পাওয়ার সমান অধিকার রাখে। সরকারের মন্ত্রিপরিষদ ও পরিকল্পনা মন্ত্রণালয়কে এ ব্যাপারে সুদৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি।মাহতাব আলীমিরপুর-১৩, ঢাকা।মুক্তিযোদ্ধা কোটাসম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে ৩০ শতাংশ কোটা পূরণার্থে মুক্তিযোদ্ধার সন্তানদের পাওয়া না গেলে নাতি-নাতনিদের দিয়ে এই কোটা পূরণ করা হবে। এ ধরনের সিদ্ধান্ত কতটা ইতিবাচক, তা ভাবার বিষয়। বাংলাদেশে মুক্তিযোদ্ধা তালিকা কয়েকবার হয়েছে, কিন্তু এই তালিকা বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি। একাত্তরে যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের অনেকেই মুক্তিযোদ্ধা তালিকার অন্তর্ভুক্ত হয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। আবার প্রকৃত অনেক মুক্তিযোদ্ধা নানা কারণে তালিকার অন্তর্ভুক্ত হতে পারেননি। এ অবস্থায় মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের কোটা-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত কিছুটা হলেও আত্মঘাতী হওয়ার সম্ভাবনা আছে। এই সিদ্ধান্তের কারণে একদিকে যেমন ভুয়া মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিদের কাছে প্রকৃত অনেক মেধা অনর্থক হেরে যাবে, আবার যখন কোনো ভুয়া মুক্তিযোদ্ধা সনদের কাছে হার মেনে প্রকৃত একজন মেধাবী বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা চাকরি থেকে বঞ্চিত হয়, তখন স্বাভাবিকভাবেই জাতি মেধাহীনতার দিকেই ধাবিত হয়! তখন এসব বঞ্চিত মেধাবীর কাছে মুক্তিযোদ্ধা পরিচয় শ্রদ্ধার জায়গায় না থেকে বরং তাদের সফলতার পথে প্রতিবন্ধক হিসেবে হাজির হতে পারে। এতে কি মুক্তিযোদ্ধাদের প্রতি কার্যত যথাযথ শ্রদ্ধা দেখানো হবে?মুক্তিযোদ্ধারা যে জাতির শ্রেষ্ঠ সন্তান, তাতেও বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের কোটি টাকা ব্যয় করুক, আপত্তি নেই। কিন্তু কোটার নামে মেধার অবমূল্যায়ন হলে তা মোটেও গ্রহণযোগ্য নয়। সরকারের কাছে দাবি, প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা করে কোটার চিন্তা ঝেড়ে ফেলে তাদের সবার কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।আসাদ আল-আমিন, রাজশাহী।টিআইবির প্রতিবেদনট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান হিসেবে ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে মানুষের অংশগ্রহণ বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা। টিআইবির সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশের পর কিছু মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিচার বিভাগের আইনজীবী এবং পুলিশ প্রশাসন থেকে যে মন্তব্য করা হয়েছে, তা মতপ্রকাশের স্বাধীনতার ওপর অযাচিত হস্তক্ষেপ। আর টিআইবির জরিপের সঙ্গে ‘ষড়যন্ত্র’ কিংবা ‘যুদ্ধাপরাধীদের বিচার’-এর সম্পর্ক খোঁজা সম্পূর্ণ অযৌক্তিক।প্রথম আলোর ২৬ ডিসেম্বরের একটি অনলাইন জরিপে ‘দেশের সবচেয়ে বেশিসংখ্যক মানুষ বিচার বিভাগের দুর্নীতি ও হয়রানির শিকার—টিআইবির এ প্রতিবেদন সমর্থন করেন কি?’ এর ফলাফল হ্যাঁ ৯৪.৭৪%, না ৪.৮৭%, মন্তব্য নেই ০.৩৯%। একই পত্রিকার পরের দিনের আরেকটি জরিপ, ‘বিচার বিভাগের ব্যাপারে টিআইবির প্রতিবেদন সম্পর্কে মন্ত্রীদের অভিযোগ যৌক্তিক বলে মনে করেন কি?’ এর ফলাফল হ্যাঁ ১৪.৮১%, না ৮৩.৮২% এবং মন্তব্য নেই ১.৩৭%। এ দুটি জরিপ থেকেও বোঝা যায়, দেশের জনগণ টিআইবির প্রতিবেদনটি যথার্থ মনে করেন। সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিচার বিভাগ এবং পুলিশ প্রশাসন টিআইবির প্রতিবেদনে কোনো ‘ষড়যন্ত্র’ না খুঁজে নিজ নিজ বিভাগে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করাই হবে উত্তম, যাতে দেশ ও জাতি কাঙ্ক্ষিত সেবা পায়।মো. রোকনুজ্জামানকাঁচিঝুলি, ময়মনসিংহ।লাগামহীন বাড়িভাড়ানিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যেভাবে বাড়ছে, তেমনই নানা অজুহাতে বাড়ছে ঢাকা শহরের বাড়িভাড়া। বাড়িভাড়া বাড়ার যেন কোনো লাগাম নেই। এই শহরের নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষ প্রচণ্ড কষ্টে দিনাতিপাত করছে। বাড়ির মালিকেরা বছর পার না হতেই ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে চলেছেন। তার ওপর বেশির ভাগ ক্ষেত্রে বাড়িভাড়ার রসিদ পর্যন্ত দিতে চান না। দেশের বাড়িভাড়া-বিষয়ক প্রচলিত আইনে বাড়িভাড়া দেওয়ার সময় চুক্তি সম্পাদন করার বাধ্যতামূলক হলেও অনেকে তা মেনে চলেন না। এই চুক্তিনামা না থাকার কারণে ঘন ঘন বাড়িভাড়া বাড়ছে, যা নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হচ্ছে। ভাড়াটিয়াদের স্বার্থ সংরক্ষণে সরকারের আন্তরিক হওয়া দরকার। বিদ্যমান আইন মেনে চলার ব্যবস্থা নেওয়া, বর্গফুট অনুসারে ভাড়া নির্ধারণ, ভাড়ার রসিদ প্রদান, অতিরিক্ত অগ্রিম গ্রহণ না করা বা আইনের সংশ্লিষ্ট ধারা প্রয়োগের কার্যকর ব্যবস্থা গ্রহণে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রভৃতি ব্যবস্থার মাধ্যমে এই সংকট নিরসনে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।জাহেদুর রহমানবাগমারা, রাজশাহী।