চিঠিপত্র
সেরা স্কুল কোনটিপ্রথমবারের মতো এ বছরই সারা দেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হলো। ছাত্র-শিক্ষক-অভিভাবক সবাই বোর্ড পরীক্ষা মাথায় রেখে যথাসাধ্য পরিশ্রম করেছেন। একদিকে প্রথমবারের মতো বোর্ড পরীক্ষা, অন্যদিকে নতুন পরীক্ষাপদ্ধতি (সৃজনশীল প্রশ্নে)—এ দুই-ই ছিল সবার কাছে উদ্বেগের বিষয়। এ জন্য অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে ভালো প্রতিষ্ঠানগুলো তাদের ঐতিহ্য ও মর্যাদা ধরে রাখার জন্য প্রাণান্তকর পরিশ্রম করেছে এবং কাঙ্ক্ষিত ফলও অর্জন করেছে। কিন্তু বিপত্তি ঘটল বোর্ড কর্তৃক প্রকাশিত সেরা স্কুলের তালিকা নিয়ে।যেসব প্রতিষ্ঠান শতভাগ পাস ও জিপিএ-৫ প্রাপ্তির হারের দিক থেকে অনেক এগিয়ে, তাদের নাম তালিকার নিচের দিকে। অপরদিকে যেসব প্রতিষ্ঠানের শতভাগ পাস নেই এবং জিপিএ-৫ প্রাপ্তির হার অনেক কম, তারা তালিকার শীর্ষে রয়েছে। এটা কী করে সম্ভব হলো তা আমাদের বোধগম্য নয়।প্রকাশিত তালিকা থেকে দেখা যায়, ফেল থাকা সত্ত্বেও মাত্র ২৪ দশমিক ৫১ শতাংশ এবং ১৪ দশমিক ৬৩ শতাংশ ছাত্র জিপিএ-৫ পেয়ে মতিঝিল আইডিয়াল স্কুল প্রথম, মাত্র ২৪ দশমিক ২৮ শতাংশ জিপিএ-৫ পেয়ে ভিকারুননিসা নূন স্কুল দ্বিতীয় এবং মাত্র ১৪ দশমিক ৬৩ শতাংশ ছাত্র জিপিএ-৫ পেয়ে মণিপুর উচ্চবিদ্যালয় যথাক্রমে তৃতীয় স্থান লাভ করেছে। আরও অবাক হওয়ার বিষয়, ১৩ ও ১৪ জন করে ফেল থাকা সত্ত্বেও মাত্র ৩ দশমিক ১৯ শতাংশ ও ৩ দশমিক ৯৩ শতাংশ জিপিএ-৫ পেয়ে চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করেছে মতিঝিল মডেল হাইস্কুল ও ডেমরা এ কে হাইস্কুল। শুধু তা-ই নয়, ৩১ জন ফেল এবং অতি নগণ্যসংখ্যক ছাত্র (১ দশমিক ০৭ শতাংশ) জিপিএ-৫ পেয়ে দশম স্থান দখল করেছে মিরপুর বাংলা হাইস্কুল ও ১২ জন ফেল ও ১ দশমিক ৭৮ শতাংশ জিপিএ-৫ পেয়ে ১৩তম স্থান লাভ করে মাইলস্টোন কলেজ।অন্যদিকে শতভাগ পাস আর ৬৫ দশমিক ৩১ শতাংশ ও ৪৭ দশমিক ৮০ শতাংশ জিপিএ-৫ পাওয়া সত্ত্বেও ষষ্ঠ ও সপ্তম স্থান লাভ করেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ও রাজউক উত্তরা মডেল কলেজ। মাত্র ৩ দশমিক ১৯ শতাংশ ও ৩ দশমিক ৯৩ শতাংশ ছাত্র জিপিএ-৫ এবং ১৩ ও ১৭ জন ফেল থাকা সত্ত্বেও চতুর্থ ও পঞ্চম স্থান লাভ হলো।আমাদের প্রশ্ন হলো, কী ধরনের সেই মূল্যায়ন নিয়ামক, যার ভিত্তিতে ফেল থাকা সত্ত্বেও এবং অনেক কম সংখ্যায় জিপিএ-৫ পেয়ে ওই প্রতিষ্ঠানগুলো তালিকায় শীর্ষস্থান লাভ করে? শতভাগ পাস ও শতকরা বেশি সংখ্যায় জিপিএ-৫ পাওয়াই কি ভালো প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হওয়া উচিত নয়? বোর্ড যে সংখ্যার ভিত্তিতে সেরা প্রতিষ্ঠান নির্বাচন করেছে, তাতে সেই প্রতিষ্ঠানগুলোই উৎসাহিত হবে, যারা বাণিজ্যিক উদ্দেশ্যে সারা ঢাকা শহরে শাখা খুলবে, একটা শ্রেণীতে গাদাগাদি করে ছাত্র বসাবে এবং শুধু বেশি সংখ্যায় পাস দেখাবে, কিন্তু পড়াশোনার মান নিশ্চিত করতে পারবে না ও অসাধারণ ফল দেখাতে পারবে না। নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।