চিঠিপত্র
সঞ্চয়পত্রের সুদসঞ্চয়পত্রের সুদের ওপর কর আদায় করার প্রয়োজন পড়লে সরকার তা আদায় করতে পারে। তবে সেখানে জনহিতকর দৃষ্টি রাখা দরকার। একটা নির্দিষ্ট পরিমাণ টাকার ওপর কর ধার্যযোগ্য করা যেতে পারে। তবে সরকার যথেচ্ছভাবে কর আদায় করবে, এটা মেনে নেওয়া যায় না। সরকার যে সঞ্চয়পত্র বিক্রি করে বাজারে, তা কিছু শর্ত বেঁধে দিয়েই করে। যেমন সুদের হার, সময়সীমার মতো কিছু শর্ত নির্ধারণ করে দেওয়া থাকে। জনগণ যখন এসব কেনে, তখন আইনের ভাষায় একটা চুক্তি করে। এই চুক্তি সরকার কিংবা জনসাধারণ যখন-তখন ভাঙতে পারে না। ভাঙলে ক্ষতিপূরণ দিতে হয়। সঞ্চয়পত্র নির্দিষ্ট সময়ের আগে উঠিয়ে নিলে আসল থেকে ওঠানো সুদ কেটে রাখা হয়। সরকারও বিক্রির তারিখে যে সুদের হারে তিন বছরের জন্য সঞ্চয়পত্র বিক্রি করেছে তার মেয়াদ উত্তীর্ণের আগে ওই বিক্রীত সঞ্চয়পত্রের সুদের ওপর কর কেটে রাখতে পারে না। কিংবা সুদের হারও কমাতে পারে না আইনানুগভাবে। এই সহজ কথা সরকারি কর্মকর্তারা জানেন না, তা বিশ্বাস করি না। তবে তাঁরা প্রতিটি সরকারের সময়ই এটা করে থাকেন। জোট সরকারের সময়ও করেছিলেন।আমার সামান্য সঞ্চয়পত্র রয়েছে। সুদ ওঠাতে গেলে সুদের ওপর কর কেটে রাখা হয়। যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেও সঞ্চয়পত্র অফিসের কর্মকর্তা একটা বিজ্ঞপ্তি দেখিয়ে বলেন, এই দেখুন। বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ১ জুলাই ২০১০ হতে পারিবারিক সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র ছাড়া সকল ক্ষেত্রে কর কাটার কথা নয়। বললেন ‘প্রদেয়’ শব্দটার জন্যই কাটতে হবে। আমারটি জুলাই ২০১০-এর অনেক আগে কেনা—এ কথা জানালে তিনি বললেন পাঁচ বছর আগে কেনা থাকলেও সুদ না উঠিয়ে থাকলে কর কেটে রাখা হবে। তাঁকে বোঝাতে চেষ্টা করলাম এখানে ‘প্রযোজ্য’দের ক্ষেত্রে বুঝতে হবে। তিনি আমার যুক্তি শেষমেশ মেনে নিলেও আবার সংশোধিত সার্কুলার না এলে জনগণ হাজার ঝগড়া করলেও এ সুদ কাটা তো বন্ধ হবেই না, আর যে সুদ কেটে রাখা হয়েছে, তা ফেরত দেওয়ার কথাই থাকবে না।অর্থমন্ত্রী মহোদয়ের কাছে আমার বিনীত নিবেদন, যাঁরা এই সব ভুল সিদ্ধান্তের নোট উত্থাপন করে জনগণকে ইচ্ছাকৃতভাবে হেনস্তায় ফেলছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এই ভুলটা একটা সার্কুলারের মাধ্যমে সংশোধন করে জুলাই ২০১০-এর আগের কেনা সঞ্চয়পত্রের সুদের ওপর কর কাটা বন্ধ করা এবং ইতিমধ্যে যা কাটা হয়েছে, তা ফেরতদানের ব্যবস্থা করে দীনহীনের প্রতি দৃষ্টি রাখুন।রাধাকান্ত রায়ইস্কাটন, ঢাকা।শীতার্ত মানুষের সহায়তারাজধানীর ফুটপাত, রেলস্টেশন বা ফুট ওভারব্রিজের মতো নানা স্থানে বসবাস করে অসংখ্য ছিন্নমূল মানুষ। বছরের বাকি সময় তারা কোনো রকমে কাটাতে পারলেও শীতের কয়েক মাস তাদের জন্য রীতিমতো বিভীষিকাময়। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে এ সময় অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে হয় তাদের। দুই বেলা দুই মুঠো অন্নের জন্য যারা সংগ্রাম করে টিকে আছে, তাদের পক্ষে লেপ-কম্বলের মতো মূল্যবান শীতবস্ত্র ক্রয় করা যে অসম্ভব ব্যাপার, এটা সহজেই অনুমেয়। শুধু রাজধানী নয়, এ চিত্র সারা দেশের। যথারীতি এ বছরও এসব ছিন্নমূল অসহায় বঞ্চিত মানুষের কাছে শীত এসেছে অভিশাপ হয়ে। শীতে মৃত্যুর খবরও আসছে। পরিস্থিতি সবচেয়ে নাজুক দেশের উত্তরবঙ্গে। শীতে মৃত্যুর খবরগুলো বেশি আসছে সেখানে থেকেই।ব্যক্তিগত কাজে সেদিন ঢাকার উত্তরায় গিয়েছিলাম। রাত আনুমানিক নয়টার দিকে রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজে উঠতেই চোখে পড়ল এক বৃদ্ধকে; প্রচণ্ড শীতে ঠকঠক করে কাঁপছেন। ওই শীতের রাতে তাঁর শীর্ণ শরীরে জড়ানো ততোধিক শীর্ণ নোংরা কাঁথাখানি যেন আমাদের এই সভ্য (!) সমাজকে কদর্য ভাষায় উপহাস করছে। সত্যি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শহরের অভিজাত মানুষের পোশাক রাখার স্থানে কত রকম অব্যবহূত শীতবস্ত্র অযত্নে পড়ে আছে। অথচ তার পাশেই ছিন্নমূল একদল হতদরিদ্র অসহায় মানুষ পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে যন্ত্রণায় ছটফট করছে। তাদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। আমাদের সবার উচিত সম্মিলিতভাবে এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। এটা আমাদের দায়িত্ব। পাশাপাশি সরকারের দায়িত্ব উদ্যান, ফুটপাত, রেলস্টেশন, ফুট ওভারব্রিজ এসব স্থানে অবস্থানকারী অসহায় শীতার্ত মানুষের দিকে তাকানো, তাদের পাশে দাঁড়ানো। জ্ঞান-বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির এই সময়েও এমন দৃশ্য সত্যি বড় বেমানান। আসুন, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু পারি এসব ভাগ্যহত অসহায় মানুষের পাশে দাঁড়াই।রায়হান গফুর, ঢাকা।