চিঠিপত্র
দেখার কেউ নেইদৈনিক পত্রিকা খুললে মাঝেমধ্যে চোখে পড়ে নিম্নমানের ওষুধ উৎপাদন ও বাজারজাতের জন্য বিশেষ কিছু কোম্পানির জরিমানা বা ফ্যাক্টরি সিলগালা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ফ্যাক্টরি সিলগালা করার পরও কীভাবে সেই সব ওষুধ প্রতিনিয়ত বাজারে আসছে। একটি সিপ্রোফ্লোক্সানিক বড়ির খুচরামূল্য দেওয়া আছে ১৪ টাকা, যার সরকারি ভ্যাট হয় দুই টাকা ৩১ পয়সা, যা সরকারকে দিতে হয়, অথচ এলবিয়ন নামের একটি কোম্পানি মোড়ক নকল করে তা বিক্রি করছে মাত্র এক টাকা ৮০ পয়সায়। ঠিক একই রকম এরিস্টোফার্মা কর্তৃক উৎপাদিত নিওবিওন, ইনসেপ্টা কর্তৃক উৎপাদিত প্যানটোনিক্স, স্কয়ার কর্তৃক উৎপাদিত সিপ্রোসিন, এসকেএফ কর্তৃক উৎপাদিত লোসেকটিলের মোড়ক নকল করে যথাক্রমে এলরিয়ন, রাসা, ন্যাশনাল জাতীয় নামসর্বস্ব কিছু কোম্পানি দীর্ঘদিন ধরে এসব ভেজাল ওষুধ বাজারজাত করে আসছে। এসব নকল ওষুধ বাজারজাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।এসব ওষুধ চালানোর প্রধান হাতিয়ার হচ্ছে গ্রামের পল্লিচিকিৎসক। তাঁদের না আছে কোনো সার্টিফিকেট, না আছে শিক্ষা। অথচ গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা তাঁদের ওপর নির্ভরশীল। তাঁদের কারণে একদিকে প্রতারিত হচ্ছে গ্রামের সাধারণ মানুষ, অপরদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বনামধন্য কোম্পানিগুলো। দুঃখের বিষয়, এসব ওষুধ নিয়ন্ত্রণে সরকারের কোনো মাথাব্যথা নেই। না আছে নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ, না আছে কোনো মনিটরিং। দেখার কেউ নেই, শোনার কেউ নেই।মো. আবদুল জব্বারশালগাড়িয়া, পাবনা।শিক্ষামন্ত্রী সমীপেসরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, প্রতি উপজেলায় একটি করে কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ওই সব কারিগরি বিদ্যালয় থেকে প্রশিক্ষিত দক্ষ কর্মী তৈরি করে কর্মসংস্থানের জন্য বিদেশে প্রেরণ করা হবে। এ জন্য সরকারকে সাধুবাদ।প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা মরহুম ইব্রাহিম বিন খলিল অতীতে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান, চট্টগ্রাম-১৪ আসনের দুবার সাবেক নির্বাচিত এমপি ও দুবার সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলা সদরে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার মানসে কিছু জমি ক্রয় করেন। ওই জমিতে তিনি একটি অর্ধসমাপ্ত দালান ও পুকুর খনন করেন। তাঁর অকালমৃত্যুর কারণে কলেজ প্রতিষ্ঠা করতে পারেননি। বর্তমানে সাতকানিয়া সদরে আরেকটি মহিলা কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় আর মহিলা কলেজের প্রয়োজন নেই।সুতরাং মরহুম ইব্রাহিম বিন খলিলের ক্রয়কৃত মহিলা কলেজের জমিতে সরকার প্রস্তাবিত কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করা যাচ্ছে। বর্তমানে কলেজের জায়গা অব্যবহূত অবস্থায় আছে।সাতকানিয়া উপজেলা অফিসে কলেজের নামে একটি ফাইল, কিছু টাকা, গম ও কয়েক বান্ডিল টিন রয়েছে। সুতরাং অবিলম্বে কারিগরি বিদ্যালয়ের কাজ শুরু করতে সুবিধা হবে। স্থানীয় জনসাধারণ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে কলেজের জায়গায় কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আবেদন করছি।মো. শহিদুল ইসলামরূপকানিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।