চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনের ভেতর ইটভাটাগত ৩০ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘গহিন বনে যুবলীগ নেতার ইটভাটা’ শিরোনামের প্রতিবেদনটি আতঙ্কজনক। প্রতিবেদন থেকে জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকায় স্থানীয় যুবলীগের নেতা জহির আহমদের মালিকানায় বনের ভেতর অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ইটভাটা। সরকার বনাঞ্চল ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করার পরও কার্যত এর কোনো ফল পাওয়া যাচ্ছে না।এই ইটভাটায় প্রতিবার ইট পোড়াতে প্রায় চার থেকে পাঁচ হাজার মণ কাঠ ব্যবহার করা হয়। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, এই জ্বালানি কাঠ সরবরাহ করার জন্য নির্বিচারে কাটা হচ্ছে আশপাশের বনের গাছ। পাশাপাশি পাহাড় কেটে মাটি এনে ব্যবহার করা হচ্ছে ইট তৈরির কাজে, যা বন ও পরিবেশ আইনের পরিপন্থী। একদিকে যেমন উজাড় হচ্ছে বনের গাছ, অন্যদিকে ইটভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। এটা বনের বাস্তুসংস্থান তথা এর জীববৈচিত্র্যকে ঠেলে দিচ্ছে হুমকির মুখে।বৃক্ষ নিধন আক্ষরিক অর্থেই আমাদের অস্তিত্বের শিকড় কেটে ফেলা। প্রশাসনের নির্লিপ্ততা, বন বিভাগের জনবলসংকট ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বৃক্ষ নিধন করেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাই সরকারের কাছে আমাদের দাবি, যারা পরিবেশবিধ্বংসী কার্যক্রমের মধ্য দিয়ে আমদের একটা নিশ্চিত বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।সুজয় সুব্রত, শিক্ষার্থীশাবিপ্রবি, সিলেট।ব্যক্তির স্বাধীনতাআমি হরতাল প্রজন্মের এক ছেলে। হরতাল হলে আমাদের খুব একটা খারাপ লাগে না। একটা দিন স্কুলে যেতে হবে না, একটা দিন সারা দিন বাসায় থাকব অথবা একটা দিন রাস্তায় ক্রিকেট খেলব। যারা এখন হরতাল বা মিছিলে অংশ নেয়, তারা আমারই বন্ধু।কিন্তু এখন আমি হরতালবিরোধী। আমি কি তবে আওয়ামী লীগের পক্ষে? উত্তর হচ্ছে, ‘না।’ আমি রাজনীতি বুঝি না। শুধু এটুকু বুঝি, আমার যে ছোট বোন, হরতাল হলে তার পরীক্ষা পিছিয়ে যায়। হরতাল হলে যে রিকশাওয়ালার রিকশায় আমি চড়ি, তার খুব ক্ষতি হয়ে যায়। হরতাল হলে পলাশীর যে দোকানে গিয়ে আমি বাকিতে চা খাই, সে একটা অলস দিন পার করে।আমি কি তবে বিএনপির বিরুদ্ধে? উত্তর হলো, ‘না।’ আমি জানি, আমাদের সংসদে যে রাজনীতি চলে, সেটা শুধু ঘৃণার। সেখানে বিরোধী মত যথাযথ মর্যাদা পায় না। তখন রাজপথ ছাড়া আর কোনো ভিন্ন পথ থাকে না। আমি শুধু এটুকু বুঝি, হরতাল হলে দেশের খুব ক্ষতি হয়ে যায় (ভাবমূর্তি অথবা সামগ্রিক), যে দেশ আমাকে অনেক কিছু দিয়েছে (একটা ভাষা, একটি শহীদ মিনার, কিছু কবিতা আর বেঁচে থাকার মতো স্বপ্নগুচ্ছ)।দেশটা কিছু কৃষকের, কিছু গার্মেন্টস কর্মীর, রাস্তায় বড় হওয়া কিছু মানুষেরও। যাদের মূল্যবান ভোটে(!) ঠিক হবে আগামী নির্বাচনে ক্ষমতায় কে আসবে? হরতাল হলে এ মানুষগুলোর ক্ষতি হয়ে যায়। হরতাল মানুষের স্বাধীনতা হরণ করে। হরতাল মানুষকে ভয়ের জগতে বন্ধ করে রাখে।এ জন্যই আমি হরতালবিরোধী।নাম প্রকাশে অনিচ্ছুকলালমাটিয়া, ঢাকা।