চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অচল বিদ্যায়তনমওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা বিএসসি অনার্স ইন ফুড টেকনোলজির পরিবর্তে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ফুড টেকনোলজির দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করে আসছেন। ছয় মাস ধরে বিভিন্ন নিয়মতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীরা চেষ্টা চালালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যার সমাধান না করে বরং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে স্তব্ধ করার লক্ষ্যে নানা তৎপরতা চালিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে আলোচনায় বসার নাটক, নিরীহ শিক্ষার্থীদের ওপর নির্মম পুলিশি নির্যাতন, দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা, কিছু শিক্ষার্থীকে গ্রেপ্তার করে অমানুষিক নির্যাতনের মতো ঘটনা এখানে ঘটেছে। সর্বশেষ ৫ জানুয়ারি ৯ জনকে বহিষ্কারের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার প্রায় চার মাস পর কোন অপরাধে তাঁদের বহিষ্কার করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার্থীদের সোনালি সময়। এই সোনালি সময় থেকে ছয়টি মাস চলে যাওয়ার অর্থ প্রতিযোগিতা থেকে অনেক পিছিয়ে যাওয়া। ২৫০ জন শিক্ষার্থীর জীবন থেকে ঝরে যাওয়া এই সোনালি সময়ের কি কোনো মূল্য নেই কর্তৃপক্ষের কাছে? বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা কাটাতে কোনো ইতিবাচক উদ্যোগ না নিয়ে কর্তৃপক্ষ পুরো ঘটনা ধামাচাপা দিতে নতুন শিক্ষার্থী ভর্তি করে, তাঁদের নিয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে ব্যস্ত হয়েছে। তবে কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যার সমাধান না করে নতুন গোলযোগ সৃষ্টি করতে চাচ্ছে? আমরা কি পাব না আমাদের ন্যায্য অধিকার?তাহিমনা, সাকিব, আমিনুল শিক্ষার্থী, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ, মভাবিপ্রবি।জাতীয় শিক্ষানীতিমুহম্মদ জাফর ইকবাল তাঁর সাবলীল লেখালেখির মাধ্যমে এ দেশের মানুষকে ভালো কাজে অনুপ্রাণিত করে যাচ্ছেন, বিশেষ করে তরুণদের মাঝে তিনি অসম্ভব জনপ্রিয়। আমাদের তরুণদের মানসিক গড়নে তাঁর লেখালেখির বড় প্রভাব পড়ে। গত ২৮ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘জাতীয় শিক্ষানীতি, ধর্ম এবং হরতাল’ শিরোনামের লেখাটিও ‘জাতীয় শিক্ষানীতি’ সম্পর্কে বহু বিষয়ে আমাদের ধারণা স্পষ্ট করবে। তাঁর কলামটি পড়ে মনে হয়েছে, তাঁরা মোটামুটি গ্রহণযোগ্য একটি শিক্ষানীতি তৈরি করতে পেরেছেন।তবে তাঁর কলামের তৃতীয় অনুচ্ছেদের কিছু অংশের সঙ্গে বিনয়ের সঙ্গে ভিন্নমত পোষণ করি। শিক্ষানীতির বিরোধিতা করে যাঁরা হরতাল ডেকেছিলেন, তাঁদের সমালোচনা করে, তাঁদের সম্পর্কে জাফর ইকবাল লিখেছেন, ‘যাঁরা হরতাল ডেকেছেন, তাঁরা আসলে সেই বাংলাদেশকে চান না। সত্যি কথা বলতে কি, তাঁরা এই বাংলাদেশকেই চাননি...এই বাংলাদেশকে তাঁরা আর পাকিস্তান রাষ্ট্র বানাতে পারবেন না কিন্তু চিন্তাভাবনায়, আদর্শে বাংলাদেশকে পাকিস্তানের মতো ১০০ বছর পেরিয়ে নেওয়াই হচ্ছে তাঁদের একমাত্র লক্ষ্য। আমাদের দেশের রাজনীতিবিদের মুখে এ ধরনের কথা প্রায়ই শুনে আমরা অভ্যস্ত। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এসব কথা তাঁরা প্রায়ই বলেন। তদ্রূপ অপর পক্ষ পার্শ্ববর্তী দেশ ভারতকে নিয়েও বিভিন্ন প্রপাগান্ডা চালায়, উদ্দেশ্য একই—রাজনৈতিক ফায়দা হাসিল। আর পাকিস্তানের যে অবস্থা, তাতে কোনো সুস্থ মানুষ মনে হয় না বাংলাদেশকে পাকিস্তানের মতো করতে চাইবে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শ নিয়েই প্রতিষ্ঠিত। কেউ চাইলেই এ দেশের স্বকীয়তা নষ্ট করে ফেলতে পারবে—ব্যাপারটি এত সরল নয়। এ দেশের মানুষের প্রাজ্ঞতা ও প্রতিরোধী চেতনার ওপর আস্থা রেখে এ কথা অনায়াসে বলে দেওয়া যায়। তাই মুহম্মদ জাফর ইকবালের কলামের উদ্ধৃত কথাগুলো দেখে বেশ অবাক হয়েছি। ডা. মেহবুবুর রহমানযশোর।নতুন বিমানবন্দর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকারত্ব হ্রাস, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, ন্যায়নীতি প্রতিষ্ঠা ইত্যাদি কাজ প্রতিটি সরকারের জন্য আবশ্যক। বর্তমান সরকার এসব কাজকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। সরকারের একটা বড় স্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ’। এর জন্য বিদ্যুৎ ও গ্যাস আবশ্যিক শর্ত; অথচ এই দুই খাতেই সংকট চলছে প্রকটভাবে। এমন সময়ে শোনা যাচ্ছে, ৫০ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আড়িয়ল বিলে একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং নতুন একটি নগর নির্মাণের জন্য এ প্রকল্প। যদি আড়িয়ল বিলের মতো একটি বৃহৎ জলাশয়কে ভরাট করে বিমানবন্দর ও শহর নির্মাণ করার জন্য দেশবাসীর ওপর সরকারি ব্যয়ের বোঝা চাপানো হয়, তা হবে অত্যন্ত বেদনাদায়ক। এটিকে তুঘলকি কাণ্ড বললেও খুব কম বলা হবে।কল্পনায় দেখছি, আড়িয়ল বিল ভরাট হয়ে গেছে, কৃষিজীবী ও মৎস্যজীবীরা সেখান থেকে চলে গেছে। তারা চলে গেছে অজানার উদ্দেশে। যদিও দেশে চলছে মাছের প্রকট সংকট। বংশপরম্পরায় তারা যে পেশায় নিয়োজিত থেকে সৎ ও সরল জীবন যাপন করত, তা ত্যাগ করে সোমালিয়ার জলদস্যুদের মতোই ভয়ংকর হয়ে উঠেছে। এরূপ কল্পনার বাস্তবায়ন অবশ্যই আমাদের কাম্য নয়।দেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। তার পরও অধিকসংখ্যক বিমান চলাচলের জন্য যদি অতিরিক্ত রানওয়ের প্রয়োজন হয়, তবে বর্তমান শাহজালাল বিমানবন্দরেও তার ব্যবস্থা করা যেতে পারে। ক্যান্টনমেন্ট এলাকার অব্যবহূত স্থান এ কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। তা না করে যদি সত্যিই আড়িয়ল বিলে বিমানবন্দর তৈরি করা হয়, তবে তার ফলে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে শ্রীনগর, সিরাজদিখান, নবাবগঞ্জ ও দোহার উপজেলার অসংখ্য মানুষ। আর পরোক্ষভাবে সারা দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। স্বাভাবিকভাবেই বর্তমান ক্ষমতাসীন দলের জন্য বিষয়টি খুব ভালো ফল বয়ে আনবে না। তাই জনগণের স্বার্থে ও সরকারি দলের নিজেদের স্বার্থেই আড়িয়ল বিলে বিমানবন্দর ও নগর প্রতিষ্ঠার কাজ থেকে বিরত থাকা উচিত। জয়নাল আবেদীন চৌধুরীখিলগাঁও, ঢাকা।