চিঠিপত্র
বিমানের পেনশনবাংলাদেশ বিমান এ দেশের জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে এর আবির্ভাব। এর অধীন কর্মকর্তা ও কর্মচারীরা বেতন-ভাতা ও অন্যান্য যে সুবিধা পেয়ে আসছিলেন, তা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন। এই প্রতিষ্ঠানের পেনশনভোগীরা সরকারি বেতন স্কেলের পুনর্নির্ধারণের সঙ্গে সঙ্গে নিয়মিত কর্মচারীদের মতোই সরকারি নির্দেশনা অনুযায়ী এত দিন সুযোগ-সুবিধা পেয়ে এসেছেন।পরবর্তীকালে যদিও সংস্থাটি কোম্পানির অধীনে চলে যায়, তবু এখনো এটি মন্ত্রণালয়ের অধীনে। যেসব কর্মচারী কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই অবসর গ্রহণ করেছেন, তারা অবশ্যই সরকারি বিধিমালা অনুসারে নতুন পে-স্কেল অনুযায়ী বর্ধিত হারে পেনশন পাওয়ার দাবিদার। তাঁদের চাকরিতে যোগদান ও অবসর গ্রহণের সময়কালে কোম্পানির কোনো অস্তিত্বই ছিল না। তাঁরা চাকরিতে যোগদান করেছেন এবং অবসর গ্রহণ করেছেন জাতীয় পাতাকাবাহী বিমান সংস্থার অধীনে। অথচ, অত্যন্ত দুঃখের বিষয়, সাম্প্রতিক নতুন বেতন স্কেল অনুসারে সরকার কর্তৃক যে বিধিমালা ও নির্দেশনা আছে, সে অনুসারে পেনশনভোগীদের পেনশনের হার, মেডিকেল ও বোনাস ইত্যাদি দেওয়ার ব্যবস্থা এখনো বাস্তবায়িত হয়নি। উল্লেখ্য, সরকারি নির্দেশ অনুযায়ী নতুন বেতন স্কেল বাস্তবায়নের কথা ২০০৯ সালের জুলাই থেকে (সূত্র: বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা ডিসেম্বর ২, ২০০৯)। দেড় বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও বিমান কর্তৃপক্ষ সরকারি নির্দেশ এখনো বাস্তবায়ন করেনি। নতুন পে-স্কেল ঘোষিত হওয়ার আগে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে যে মহার্ঘ ভাতা ঘোষিত হয়েছিল, তা বিধিমালা অনুযায়ী দেওয়া হচ্ছে। তাই নতুন বেতনকাঠামো অনুযায়ী আর্থিক সুবিধা থেকে পেনশনভোগীদের বঞ্চিত করার জন্য কোনো যুক্তি থাকতে পারে না।জয়নাল আবেদীন চৌধুরীখিলগাঁও, ঢাকা।পাহাড় কেটে প্লটগত ২৮ ডিসেম্বর প্রথম আলোর সম্পাদকীয় পাতায় ‘হাজার খাদকে খায় ককসোবাজার’ শিরোনামের লেখাটির জন্য আনিসুল হককে একজন কক্সবাজারবাসী হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি লিখেছেন, ‘সর্বত্র প্লট বানানো হচ্ছে, বিক্রি হচ্ছে। কিছুদিনের মধ্যে কক্সবাজার, কুয়াকাটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সবকিছুকে নষ্টভ্রষ্ট ধ্বংস করার এক অপূর্ব প্রতিভা নিয়ে বাংলাদেশে আমরা বেঁচে উঠছি। আমাদের সর্বনাশা লোভের বিধ্বংসী ছোবল সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তৃত হচ্ছে। এই ধ্বংসের হাত থেকে প্রকৃতির দান কুয়াকাটা-সেন্ট মার্টিনকে বাঁচান।’ তিনি এ ব্যাপারে মাস্টার প্ল্যান তৈরির কথা বলেছেন। এ সবই অত্যন্ত জরুরি বিষয়। তবে আমাদের খেয়াল করা দরকার, কক্সবাজারে পাহাড় কেটে সরকারি প্লট তৈরির ঘটনাও ঘটেছে, আর তাতে জেলা প্রশাসনের উৎসাহ ছিল ব্যাপক। পাহাড় কেটে যেসব সরকারি প্লট তৈরি করা হয়েছে, সেগুলো বরাদ্দ পেয়েছিলেন বাংলাদেশ সচিবালয়ের অনেক উচ্চপদস্থ আমলা। স্থানীয় পরিবেশবাদীদের আন্দোলনের কারণে পাহাড় কেটে প্লট তৈরির কাজ বন্ধ করা হয়, প্লটের বরাদ্দ বাতিল করা হয়, কিন্তু প্রকৃত দোষী যারা, তারা ধরাছোঁয়ার বাইরে। আমি এ বিষয়ে বিশেষ নজর দিতে পরিবেশ, পর্যটন ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জোর দাবি জানাচ্ছি। টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোড নির্মিত হলে পর্যটকেরা পাহাড় ও সমুদ্রের ঢেউয়ের অপরূপ দৃশ্য দেখে গাড়ি চালিয়ে টেকনাফ থেকে এক ঘণ্টায় কক্সবাজারে আসতে পারবে। আর এতে পর্যটকের সংখ্যাও বহু গুণ বাড়বে। জাফর আলমমিরপুর, ঢাকা।