চিঠিপত্র
সীমান্তে হত্যাসীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশির মৃত্যুর সংবাদ একটি নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। কোনো আন্তর্জাতিক সীমান্তে এভাবে নির্বিচারে মানুষ হত্যা বিরল। বিএসএফের এই হত্যাযজ্ঞ বন্ধুত্বের নিদর্শন তো নয়ই, সুপ্রতিবেশীসুলভও নয়। আমরা বারবার দেখি, যখনই বিএসএফ-বিডিআরের (বর্তমানে বিজিবি) যেকোনো পর্যায়েই আলোচনা হোক না কেন, বিএসএফ প্রতিবারই কথা দেয়, তারা আর এরূপ করবে না। কিন্তু তারা কথা রাখে না। এমনকি এমনো ঘটেছে, সেদিনের সংবাদপত্রেই আমরা আবারও কোনো বাংলাদেশির হত্যার খবর দেখতে পাই। আমাদের দিক থেকেও জোরালো প্রতিবাদ-প্রতিকার করা বা চাওয়া হয় না। যেন বিষয়টি আমরা মেনে নিয়েছি। আমাদের সীমান্তবর্তী জনসাধারণ যেন এভাবে হত্যার শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য সরকারকে সক্রিয় ভূমিকা নিতে হবে।মো. ইফতেখার রহমান, নওগাঁ।জাতীয় পরিচয়পত্র২০০৯ সালের মাঝামাঝি ভোটার তালিকা হালনাগাদ করা হয়। কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয়নি। বর্তমান সময়ে ব্যাংক হিসাব খোলা থেকে শুরু করে বহু ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্র চাওয়া হয়। সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ ক্রিকেটের টিকিট কিনতেও জাতীয় পরিচয়পত্র চাওয়া হয়। ফলে আমার মতো বহু ক্রিকেটপ্রেমী বিশ্বকাপ ক্রিকেটের টিকিট কিনতে পারেনি। তা ছাড়া সারা দেশে পৌরসভা নির্বাচন হচ্ছে। এর পরই ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই যত দ্রুত সম্ভব, নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়ার জন্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি।এস এস রুবেলহাটিকুমরুল, সিরাজগঞ্জ।