চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ চাওয়াআমি জীবনসায়াহ্নে। হুইলচেয়ারে বসে চলাও আমার জন্য অনেক কষ্টের। তবু দিনবদলের আশায় অনেক কষ্টে ভোটকেন্দ্রে যাই। আমার একটি ভোটের কারণে যদি কোনো অঘটন ঘটে যায়, এই আশঙ্কায়। মুক্তিযুদ্ধের সপক্ষের কর্মী হিসেবে ছেলেমেয়েরা বিভিন্ন সময় হয়েছে অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত। নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এদের কাউকেই শুধু প্রাপ্তির আশায় কখনো তোষামোদকারীর ভূমিকায় দেখিনি।আমার প্রাণপ্রিয় ছোট ভাই শহীদ সিদ্দিক। ভাইয়ের গুণকীর্তন না করলেও বলতে হয়, জনপ্রিয় এই ছাত্রনেতা একাত্তরে ছিল বাজিতপুর কলেজের ছাত্র সংসদের সহসভাপতি। সাতচল্লিশের ভারত বিভাগের সময় জন্ম। একাত্তরের স্বাধীনতার সূর্যসৈনিক হিসেবে শহীদ। মুজিব বাহিনীর এই অকুতোভয় আপসহীন মুক্তি সংগ্রামীর দেহ বাংলার কোন মাটিতে মিশে আছে জানি না। তার জন্মতারিখ জানি, মৃত্যুর তারিখ জানি না। সিদ্দিকের বাড়ি সরারচর রেলস্টেশন-সংলগ্ন গ্রাম পাথারিয়াকান্দিতে। তার স্মৃতি রক্ষার্থে এবং প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরারচর রেলস্টেশনের নাম শহীদ সিদ্দিকের নামে করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।আয়েশা খাতুন বাজিতপুর, কিশোরগঞ্জ।বেতন ফিমানহীন বহু কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বেসরকারি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এগুলোকে শিক্ষাপ্রতিষ্ঠান না বলে ব্যবসাপ্রতিষ্ঠান বলাই যুক্তিযুক্ত। বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাসহ অন্যান্য সাহায্য-সহযোগিতা সরকারি আইন অনুযায়ী চলছে। কিন্তু শিক্ষার্থীর বেতন ও ভর্তি ফির বেলায় এখানে শুধু আলাদা নিয়ম। তাই শিক্ষার্থীদের বেতন ও ভর্তি ফির ব্যাপারে একটা সরকারি নীতিমালা আবশ্যক।সন্তানদের শিক্ষাখরচ ও বাসা ভাড়া দিতে গিয়ে নিম্ন ও মধ্যবিত্ত অভিভাবকেরা হিমশিম খাচ্ছেন। শিক্ষার্থীদের শিক্ষাসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা কিংবা বিদ্যালয় পরিচালনার ধরনে বিশেষ পার্থক্য দেখা না গেলেও এসব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে যে বেতন ও ফি আদায় করে, তাতে বিরাট ব্যবধান বা বৈষম্য থাকে, যা সমীচীন নয়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকার একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করলে এই অসংগতি দূর করা সম্ভব হবে। তাই কেউ আর ইচ্ছামাফিক টাকা আদায় করতে পারবে না।মো. আতিকুর রহমান খানআড়াইহাজার, নারায়ণগঞ্জ।হরিজনহরিজন নামে পরিচিত প্রান্তিক জনগোষ্ঠী প্রায় ২০০ বছর আগে ‘পরিষ্কারক হিসেবে’ এ দেশে নিয়ে আসে তৎকালীন ব্রিটিশ সরকার। রাজধানী ঢাকাসহ প্রধান প্রধান শহরে তাদের থাকার ব্যবস্থা করা হয়। তখনকার জনসংখ্যার সাপেক্ষে সেসব জায়গা প্রতুল হলেও এখন জনসংখ্যা অনেক বেড়েছে। কিন্তু তাদের বসবাসের জায়গা অনেক জায়গাতেই বাড়েনি বলা চলে। তাই গাদাগাদি করে থাকাও তাদের জন্য অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়েছে। বর্তমানে পুরান ঢাকার পাকিস্তান মাঠের পাশে অল্প জমির ওপর হরিজনের ৭৫০ পরিবারের বসবাস। অল্প পরিসরে বিপুল মানুষের মধ্যে থাকতে বাধ্য হয়ে কেউ রান্না ঘরে আবার কেউ বা বারান্দায় থেকে দিনাতিপাত করছে।এ অবস্থায় তাদের অন্যত্র স্থানান্তরে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না অথবা সেখানে ঢাকা সিটি করপোরেশনের বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা আছে কি না, জানা যায় না। সরকার অথবা নগর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের দুর্দশা ঘোচাতে উদ্যোগী হবে কি?মানব রঞ্জনশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।