চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসহনীয় বাজার৯ জানুয়ারি প্রথম আলোর প্রধান শিরোনামে প্রকাশিত ‘অসহনীয় বাজার, অসহায় মানুষ’ শীর্ষক লেখা প্রতিবেদনে রাজধানী ঢাকাসহ সারা দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটি চিত্র লক্ষ করেছি। আরও দেখেছি,মধ্য ও নিম্ন আয়ের শ্রেণীভুক্ত মানুষের অসহায়ত্ব, হতাশা ও দুর্দশার একটি প্রতিচ্ছবি। হতদরিদ্ররা ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে কম মূল্যে অর্থ মন্ত্রণালয়ের ট্রাক থেকে পাঁচ কেজি চাল পাওয়ার আশায়। চালসংকটের কারণে অনেককেই ফিরে আসতে হয় খালি হাতে। যাদের দেওয়া হয় তাদের মধ্যে অনেকেই পাঁচ কেজির পরিবর্তে চার থেকে সাড়ে চার কেজি চাল পায় বলে অভিযোগ তোলে। এখানেও ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। অন্যদিকে মধ্যবিত্তরা লোকলজ্জার ভয়ে লাইনেও দাঁড়াতে পারে না। সাধ্যের মধ্যে তাদের সাধারণ সাধগুলো পূরণ করতেও বেগ পেতে হচ্ছে অনেক।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যানজট, বিদ্যুৎ ও গ্যাস-সংকট, অনিয়ম-দুর্নীতি, মেয়েদের উত্ত্যক্ত করাসহ নানা সমস্যায় জর্জরিত এই ছোট্ট, জনবহুল দেশের সমস্যাগুলো নির্মূল করার প্রতিজ্ঞা আওয়ামী লীগ দিয়েছিল তাদের নির্বাচনী ইশতেহারে। কিন্তু এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। যে দেশের অসংখ্য মানুষ ক্ষুধা ও দারিদ্র্যে জর্জরিত, সে দেশের মানুষ হয়ে আমরা এত তাড়াতাড়ি ‘ডিজিটাল বাংলাদেশ’-এর মতো অত্যাধুনিক হাইটেক স্বপ্ন দেখতে চাই না। সরকার দেশ ও মানুষের কল্যাণের জন্য এরই মধ্যে যেসব পরিকল্পনা নিয়েছে, সেগুলোর সঠিক বাস্তবায়নে দ্রুত উদ্যোগ প্রয়োজন।মো. আলী আহমেদ সরকারি বাঙলা কলেজ, ঢাকা।