চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী সমীপেগত ৩০ ডিসেম্বর ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের দেয়ালে ২০০৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বৃত্তির ফল স্কুলের নামসহ একটা নামের তালিকা দেওয়া হয়েছে। দেখা গেল, ওই তালিকায় ওই স্কুলের ছাত্রের নামই বেশি। পরে জানলাম, আগে এই স্কুলে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তের সংখ্যা ১৭টি এবং পুনঃপ্রকাশে একই বৃত্তিপ্রাপ্তের সংখ্যা নতুন করে ৫০-এর অধিক। তালিকায় সব স্কুল মিলিয়ে সাধারণ গ্রেডে প্রাপ্ত বৃত্তির সংখ্যা মাত্র চার। আমি বিস্মিত হলাম। আরও বিস্মিত হলাম এ কারণে, ২০০৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ওপর ভিত্তি করে নতুন করে বৃত্তি প্রদান করা দেখে। যেখানে ২০১০ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলও বের হয়েছে। মানুষ যেখানে ২০১০ সাল নিয়ে ব্যস্ত, সেখানে শিক্ষা মন্ত্রণালয় ২০০৯ সাল নিয়ে ব্যস্ত কেন? এখানে স্বভাবতই প্রশ্ন ওঠে, আগের ফলাফলে কি এদের বঞ্চিত করা হয়েছিল? এটা কি ভুল সংশোধন বা বঞ্চিতদের ক্ষতিপূরণ। বৃত্তি তো শুধু ফল নয়, এর সঙ্গে অর্থের ব্যাপার জড়িত। তাই এক অর্থবছরের বরাদ্দ পরবর্তী অর্থবছরে নিয়মতান্ত্রিকভাবে দেওয়া কি সম্ভব?পরীক্ষা যেহেতু কেন্দ্রীয়ভাবে হয় এবং ফল কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হয়, তাহলে বৃত্তির বেলায় কেন মেধানুসারে হয় না। আর যদি মেধানুসারে হয়, তাহলে বৃত্তির বেলায় সারা দেশে নির্দিষ্ট কোনো নম্বরকে মানদণ্ড ধরা হয় না কেন? এটা না করার জন্য কোমলমতি ছেলেমেয়েদের মধ্যে একটা হীনম্মন্যতাবোধ জাগ্রত হয় এবং ভালো করার উৎসাহ হারিয়ে ফেলে। এটা কোনোভাবেই অভিপ্রেত নয়। এর আগে আমরা দেখে এসেছি, ট্যালেন্টপুলের চেয়ে সাধারণ গ্রেডে বৃত্তির সংখ্যা অনেক বেশি, যাতে সাধারণ ছাত্রছাত্রীদের আরও উৎসাহ দেওয়া যায়। দুঃখের বিষয়, এখানে দেখলাম পুরো উল্টো চিত্র। থানাভিত্তিক ফলে পরীক্ষার মানদণ্ড এক থাকছে না। মানসম্মত শিক্ষকের অভাব আর লেখাপড়ার মানও সমান নয়। তাই বলে কেন্দ্রীয়ভাবে প্রকাশিত ফলের ওপর ভিত্তি করে বৃত্তি প্রদান প্রভাবিত হতে পারে না। এর সঙ্গে আগে প্রদত্ত জেলা-থানাভিত্তিক বৃত্তি পরীক্ষার তুলনা হতে পারে না। এ দেশে শহর বা গ্রামের মধ্যে শিক্ষার বৈষম্য প্রচুর। আর এ জন্য এই সমস্যার প্রকৃত সমাধান করা প্রয়োজন। শুধু দু-চারটি বেশি বৃত্তি দিয়ে তাদের খুশি করার কোনো প্রয়োজন নেই। সেটা হতে পারে অন্যভাবে, কোনো নামে আর্থিক সহায়তা প্রদান করে, কোনোভাবেই মেধাভিত্তিক বৃত্তির নামে নয়। প্রকৃত সমাধানকল্পে সরকারকেই প্রথম উদ্যোগ নিতে হবে। শিক্ষকদের নিয়মিত এবং নির্দিষ্ট সময় পর পর বদলি, সমমানের শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানে বণ্টন, প্রাইভেট পড়ানোকে নিরুৎসাহিত করার জন্য প্রয়োজনে শিক্ষকদের বেতন-ভাতা বাড়াতে হবে। তাঁদের অন্যান্য সুবিধা বাড়াতে হবে। থানাভিত্তিক বৃত্তি যদি দেওয়া হয়, তাহলে প্রশ্ন উঠতে পারে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন থানাভিত্তিক হবে না। গ্রাম বা থানাভিত্তিক কোনো কোটা কি ভর্তি পরীক্ষায় রাখা আছে। যদি তা না থাকে, তবে আমার অনুরোধ, এক দেশে দুই নিয়ম রাখবেন না। আর বিশেষভাবে অনুরোধ, ২০০৯ সালের সমাপনী পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে কেন এক বছর পর নতুন করে বৃত্তির তালিকা প্রদান করা হলো, এটা খতিয়ে দেখা। এটা কি নিয়ম মেনে তথা মন্ত্রণালয়ের নিরপেক্ষ সিদ্ধান্ত, না কাউকে খুশি করার প্রয়াস, নাকি কারও তদবিরের ফসল। যদি নিরপেক্ষ সিদ্ধান্ত হয়, তাহলে কি এর জন্য সর্বজনীন কোনো মানদণ্ড নির্ণয় করা হয়েছিল? ক্ষুদ্র ক্ষুদ্র ভুল বা দোষ থেকে বড় বড় দোষের জন্ম হয়। আশা করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে চিন্তা করে পুরো ব্যাপারটা তলিয়ে দেখবে। জেড এ খানকার্ডিওলজি বিভাগবারডেম হাসপাতাল, ঢাকা।