চিঠিপত্র
আদিবাসী কোটাগত কয়েক বছরের মতো এবারও দেশের কয়েকটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষ করে পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আদিবাসী কোটায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভর্তি-ইচ্ছুকেরা ভোগান্তি ও বিড়ম্বনার আশঙ্কা করছেন। আদিবাসী শিক্ষার্থীর ভর্তিসংক্রান্ত বিষয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সুনির্দিষ্ট ও অভিন্ন নীতিমালা না থাকার কারণে ভর্তি ও নির্বাচন-প্রক্রিয়ায় অনিয়মের ঘটনা ঘটে থাকে।কোটায় ভর্তির ব্যাপারে কর্তৃপক্ষ সঠিক নির্দেশনা না দেওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়ে হয়রানির শিকার হন। ভর্তির আশায় অনেক শিক্ষার্থী বিভিন্ন ব্যক্তি ও ছাত্রনেতাদের দ্বারস্থ হয়ে প্রতারিত হন। একটি প্রতিষ্ঠানে বা বিভাগে শতকরা কত ভাগ আদিবাসী কোটা সংরক্ষিত বা কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন, এ ব্যাপারে ভর্তি-ইচ্ছুকদের সাধারণত জানানো হয় না। দেখা যায়, বিভাগ ও ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সংরক্ষিত আসনের দ্বিগুণ বা তিন গুণ শিক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির যোগ্যতা অর্জন করে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র কর্তৃপক্ষের বরাবর পেশ করেন। এরপর মৌখিক বা ভর্তি কমিটির সুপারিশের মাধ্যমে চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত হন। এ ক্ষেত্রে শিক্ষার্থীকে কর্তৃপক্ষের দেওয়া কিছু শর্ত পালন করতে হয়। যেমন—আদিবাসী পরিচয় প্রতিপাদনের জন্য জেলা প্রশাসন বা হেডম্যান/কার্বারি/গোত্রপ্রধান কর্তৃক প্রদত্ত সনদ ও একাডেমিক সনদ উপস্থাপন করতে হয়। ইদানীং ভুয়া আদিবাসী সনদ সংগ্রহ করে অ-আদিবাসীরা আবেদন করছেন। অথচ একজন প্রকৃত আদিবাসীর সন্তান সব যোগ্যতা থাকা সত্ত্বেও ভর্তি হতে পারছেন না। কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির যোগসাজশে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এ রকম গর্হিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধকল্পে আদিবাসী শিক্ষার্থী ভর্তি কমিটিতে একজন প্রতিনিধিত্বকারী আদিবাসী ছাত্রসংগঠন বা বাংলাদেশ আদিবাসী ফোরামের প্রতিনিধি রাখতে হবে, যিনি আদিবাসীদের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা রাখেন। যিনি বাংলাদেশের সব আদিবাসী সম্পর্কে অবগত এবং প্রকৃত আদিবাসী শিক্ষার্থী নির্বাচনের ক্ষমতা রাখেন। এতে ভুয়া শিক্ষার্থী ভর্তি হতে পারবেন না।তা ছাড়া বাংলাদেশে বহু আদিবাসী জাতিগোষ্ঠী থাকা সত্ত্বেও দেখা যায়, বিশেষ কয়েকটি জাতিগোষ্ঠীর ও এলাকার অধিকসংখ্যক আদিবাসী শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন। পক্ষান্তরে অন্যান্য এলাকার অপেক্ষাকৃত কম শিক্ষিত, অনুন্নত ও পিছিয়ে পড়া আদিবাসী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে পাস করে উচ্চশিক্ষাঙ্গনের সদর দরজায় পৌঁছালেও তুলনামূলকভাবে কম নম্বর পাওয়ার কারণে ভেতরে প্রবেশ করতে পারছেন না। ফলে ওই শিক্ষার্থীর সম্প্রদায় অনালোকিতই থেকে যাচ্ছে। তাই আদিবাসীদের অবস্থান ও সংখ্যানুপাতে কোটা বরাদ্দ করা হলে কোটা-ব্যবস্থার সঠিক মূল্যায়ন ও সুফল পাওয়া যাবে বলে মনে হয়।স্বপ্ন এক্কামেরুল বাড্ডা, ঢাকা।