চিঠিপত্র
শিক্ষকের কথাআমি একজন শিক্ষক। যখন কোনো খবরে পড়ি, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি আর ভর্ৎসনার কারণে কোনো শিক্ষার্থী মানসিক ক্ষতির সম্মুখীন হয়, তখন নিজের মধ্যে হীনম্মন্যতা কাজ করে। আমরা শিক্ষকেরা কী এতটাই খারাপ? একজন শিক্ষকের বড় গুণগুলোর একটা হচ্ছে সংবেদনশীলতা। যদি তিনি তাঁর শিক্ষার্থীদের বুঝতে ও জানতে না পারেন, তাহলে তিনি কী শিক্ষাদান করবেন।চকচকে দালান আর দামি আসবাব একটি বিদ্যালয়ের সব কথা নয়। উপযুক্ত শিক্ষক না থাকলে তা কখনোই ভালো স্কুল হয় না। যোগ্য শিক্ষক পাওয়ার প্রথম শর্ত হলো যৌক্তিক বেতন ও সুবিধাদি। অনেক বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণের দিকে দৃষ্টি থাকে না। শিক্ষাদান এখন একটি প্রতিষ্ঠিত বিজ্ঞান। প্রশিক্ষণ ছাড়া ছাত্রদের মনোজগৎ যেমন বোঝা সম্ভব নয়, তেমনি শিক্ষার্থীভেদে বিভিন্ন শিখন-কৌশল অবলম্বনও সম্ভব নয়। যতই আন্তরিকতা থাকুক না কেন, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া যোগ্য শিক্ষক হওয়া সত্যিই দুরূহ। প্রশিক্ষণ না থাকলে পেশাগত যে দায়বদ্ধতা ও শ্রদ্ধাবোধ গড়ে ওঠার কথা, তা হয়ে ওঠে না। আর এর নির্মম শিকার হয় আমাদের কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষাজীবনের শুরুতেই শিক্ষকদের প্রতি একটা খারাপ ধারণা তৈরি হয়। পরবর্তী সময়ে যা কাটাতে বেশ বেগ পেতে হয়।জয়দীপ দেদক্ষিণ খুলশী, চট্টগ্রাম।পরীক্ষাবিভ্রাটকিছুদিন আগে বাংলাদেশ কলেজ অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তির জন্য আগ্রহী ছাত্রছাত্রীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয় এবং আবেদনকারীদের মধ্যে যথারীতি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হয়। উক্ত শিক্ষাবর্ষের ভর্তির পরীক্ষার দিন ১৪ জানুয়ারি ধার্য ছিল। কিন্তু পরীক্ষার মাত্র নয় দিন আগে কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়েই হঠাৎ কলেজ কর্তৃপক্ষ কলেজের ওয়েবসাইটে ঘোষণা দেয় যে এ বছর ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটা আমাদের কাছে মনে হয়েছে অযৌক্তিক ও হঠকারী সিদ্ধান্ত।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশক্রমে, কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, এই ভর্তি পরীক্ষা বাতিল করার পেছনে শিক্ষকস্বল্পতাকে দায়ী করা হয়েছে। আমাদের প্রশ্ন হলো, কেনই বা ভর্তি বিজ্ঞপ্তি আহ্বান করা হলো, কেনই বা তা বাতিল করা হলো, আমরা বুঝতে পারছি না। যদি শিক্ষকস্বল্পতা দায়ী হয়, তাহলে এই সমস্যা সাম্প্রতিককালের নয়, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। তাহলে আগে কর্তৃপক্ষের যথোপযুক্ত অনুমোদন না নিয়ে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীকে ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে বিভ্রান্ত করা হলো কেন?শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, বিষয়টি বিবেচনা ও যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নির্ধারিত ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা গ্রহণ করে তাঁদের শিক্ষাজীবন রক্ষা ও উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির উদ্যোগ নিন।মো. মোস্তফা সাঈদভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীর অভিভাবক, ঢাকা।‘লোকসানি বিমান’: কর্তৃপক্ষের বক্তব্যপ্রথম আলোতে গত ১৪ জানুয়ারি ‘লোকসানি বিমান’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয়র দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়, ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে বিমানের লাভের পরিমাণ ছিল যথাক্রমে ২০ ও ৬৫ কোটি টাকা। আসলে বর্ণিত সময়ে ট্যাক্স কর্তনের পর নিট লাভের পরিমাণ ছিল যথাক্রমে পাঁচ কোটি ৯১ লাখ ও ১৫ কোটি ৫৭ লাখ টাকা। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছাড়ার সময় বিমানের তহবিলে ৫০০ কোটি টাকা রেখে যাওয়ার তথ্যও সঠিক নয়। ২০০৮ সালের ৩১ জানুয়ারি বিমানের তহবিলে ১১৬ কোটি ৮৯ লাখ টাকা মজুদ ছিল। এ ছাড়া ২০০৯-১০ অর্থবছরে লোকসানের পরিমাণ ৮০ কোটি টাকা। এটি সত্য। অদক্ষ ব্যবস্থাপনার কারণে এই লোকসান হয়েছে বলে সরলীকরণ করা হয়েছে। প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনায় ব্যবস্থাপনার সঙ্গে আরও অনেক বিষয় যেমন-বাজার, পরিচালন ব্যয়, জ্বালানি, বৈশ্বিক অবস্থা, রক্ষণাবেক্ষণ, কর্মচারীদের বেতন-ভাতা এখানে উপেক্ষিত হয়েছে। বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে লাভ করা হয়েছে। কিন্তু তখন বিমানের অনেক গন্তব্যেই ফ্লাইট পরিচালনা বন্ধ করা হয়। যেসব রুটে ভালো যাত্রী পাওয়া যেত এবং পরিচালন ব্যয় তুলনামূলকভাবে কম ছিল, কেবল সেসব গন্তব্যে আসা-যাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছিল। জাতীয় প্রতিষ্ঠান হলেও তখন কেবল বাণিজ্যিক বিষয়টি প্রাধান্য পেয়েছিল। বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চারটি জাহাজ ভাড়ায় এনে বন্ধ করে দেওয়া অনেক গন্তব্য আবার চালু করেছে। এ জন্য শতকোটি টাকা ব্যয় হয়েছে, ফলাফল পাওয়া শুরু হয়েছে মাত্র। লোকসান কাটিয়ে লাভের ধারায় ফিরে যাওয়ার আশা রাখে বিমান। এ ছাড়া এ সময় পূর্ববর্তী সময়ের চেয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা আট কোটি টাকা বেড়েছে। খান মোশাররফ হোসেনউপমহাব্যবস্থাপক, জনসংযোগবিমান বাংলাদেশ এয়ারলাইনস।