চিঠিপত্র
ডিজিটাল বিশ্ববিদ্যালয়৬ জানুয়ারি বর্তমান সরকারের দুই বছর পূর্ণ হলো। বিভিন্ন প্রাপ্তি ও ব্যর্থতার মধ্যে কেটেছে গত দুই বছর। কয়েকটি ক্ষেত্রে সরকার বেশ কৃতিত্ব দেখালেও অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। প্রত্যাশা করছি, আগামী বছরগুলোতে ব্যর্থতাগুলো কেটে গিয়ে নতুন প্রাপ্তি যোগ হবে। নতুন শিক্ষানীতি প্রণয়নসহ শিক্ষা ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে গত দুই বছরে। এ সরকার ক্ষমতায় আসার আগেই লক্ষ্য নির্ধারণ করেছিল, বাংলাদেশকে ‘ডিজিটাল বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলার। এই স্লোগানের ভেতর অনেক প্রশংসনীয় ব্যাপার আছে। কিন্তু বাস্তবে কতটুকু এগোতে পেরেছে সরকার? ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ার জন্য সবার আগে প্রয়োজন শিক্ষাব্যবস্থাকে ডিজিটাল করে গড়ে তোলা। শিক্ষার্থীদের ডিজিটাল বিশ্বে যুগোপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে ইন্টারনেটের বিকল্প নেই। অথচ দুঃখজনক হলেও সত্য, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এমনকি প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) কোনো রকম ইন্টারনেট সংযোগের বাইরে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা ডিজিটাল পরিবেশের বাইরে রেখে পুরো দেশে ডিজিটাল পরিবেশ সৃষ্টি হবে কীভাবে? আজকের দিনে শিক্ষাপ্রতিষ্ঠান কেন ইন্টারনেটের আওতার বাইরে থাকবে? হাসি, শিক্ষার্থীচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।ব্যাটারিচালিত রিকশাযানজট ও বিভিন্ন শ্রেণীর গাড়ি, বিশেষ করে, ব্যক্তিগত গাড়ির আধিক্যে জনজীবন অতিষ্ঠ। তার ওপর এসে সম্প্রতি যোগ হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা।পত্রিকান্তরে জানা যায়, অনুমোদন ছাড়াই দেশের বিভিন্ন স্থানে প্রায় দেড় লাখ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। বিক্রির জন্য প্রায় ৫০ হাজার গাড়ি মজুদ আছে। চীন থেকে আমদানি করা এসব অটোরিকশায় যাতায়াত করা যাত্রীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব গাড়ি যাতায়াতের সমস্যার সমাধান তো নয়ই, বরং যানজট সৃষ্টি এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তা ছাড়া এই গাড়িগুলোর পেছনে প্রতিদিন বিপুল পরিমাণে বিদ্যুৎ খরচ হচ্ছে।এসব কারণ বিবেচনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই গাড়িগুলো চলাচলের জন্য অনুমোদন দেয়নি। অননুমোদিত এসব ঝুঁকিপূর্ণ গাড়ি পুলিশকে নিয়মিত উৎকোচ দিয়ে রাস্তায় চালানো হচ্ছে। চীন থেকে আমদানি করে এসব গাড়ি আমদানিকারকেরা প্রায় দ্বিগুণ মূল্যে বিক্রি করে লাভবান হচ্ছে। দেশের অনেক বেকার দ্বিগুণ মূল্যে এগুলো ক্রয় করে জীবিকা নির্বাহ করছে।রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব জেলা শহরে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দ্রুত হারে বাড়ছে। এখন থেকে এই গাড়িগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে যানজট ও দুর্ঘটনা বহু গুণে বেড়ে যাবে। অতএব জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মাহতাব আলী মিরপুর, ঢাকা।পথশিশুআমাদের দেশে পথশিশু একটি সামাজিক সমস্যা। দিন দিন এই সমস্যা আরও প্রকট হচ্ছে। সাধারণত যারা পথশিশু, তাদের দেখার কেউ থাকে না। বলতে গেলে তারা নিজেরাই নিজেদের অভিভাবক। পথই হলো তাদের ঠিকানা ও আশ্রয়। চরম দারিদ্র্য, নদী ভাঙন, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ছিন্নমূল মানুষ মাথা গোঁজার আশায় শহরমুখী হয়। এঁদের শিশু সন্তানেরাই একদিন কঠিন বাস্তবতায় পথে পথে ঘুরে। পরিবার ভেঙে যাওয়ার কারণে শিশুরা রাস্তাকে তাদের আপন ঠিকানা ভাবে। এসব শিশুর দিকে দৃষ্টি দেওয়া দরকার। তাদের উন্নয়নে আশ্রয়কেন্দ্র নির্মাণের তুলনায় পুনর্বাসন কর্মসূচিকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। ভবঘুরে ও শিশুবিকাশ কেন্দ্রের সফলতা নিয়ে কমবেশি সবাই সন্দিহান। প্রকল্পভিত্তিক কর্মসূচিতে উপকারের চেয়ে অর্থের অপচয় হয় বেশি। এতে তাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। সবার আগে সমস্যার মূলে নজর দিতে হবে। এ কাজে স্থানীয় সরকার ও প্রশাসনকে কাজে লাগাতে হবে। নিঃস্বার্থ ও সামাজিক উন্নয়নে নিবেদিতপ্রাণ এনজিও ও দানশীল ব্যক্তি তাদের দায়িত্ব নিতে পারেন।জাহেদুর রহমান বাগমারা, রাজশাহী।