চিঠিপত্র
বিষাক্ত কলাদ্রুত পাকাতে কলায় বিষাক্ত কার্বাইড মেশানো হচ্ছে। সব সময় পাওয়া যায় এবং কিছুটা সহজলভ্য হওয়ায় কলা সবার কাছে পছন্দের ফল। এ কারণে সবাই সব সময় কমবেশি এই ফলটি কিনে থাকে। কিন্তু কলায় বিষাক্ত কার্বাইড মেশানোর ফলে তা স্বাস্থ্যের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দেখা দিচ্ছে। উত্তরাঞ্চলের বগুড়া ও জয়পুরহাট কলার হাটের জন্য বিখ্যাত। এখান থেকে প্রতিদিন প্রায় ১০০ ট্রাক কলা দেশের বিভিন্ন জায়গায় যায়। কিন্তু দ্রুত পাকাতে এই দুই জেলার ব্যবসায়ীরা কলায় বিষাক্ত কার্বাইড ছিটাচ্ছেন। এতে ১২ ঘণ্টার মধ্যে কলার রং সবুজ থেকে হলুদ হয়ে যায় এবং ওই কলা দুই থেকে তিন দিন শক্ত থাকে। হলুদ রঙের কারণে ক্রেতারা সহজেই আকৃষ্ট হয়। কার্বাইড মেশানো এই কলা মানবদেহের কিডনি ও যকৃতের জন্য ক্ষতিকর। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই কার্বাইড মেশানো বন্ধ করতে হবে। কার্বাইড মেশানো ব্যবসায়ীদের বিরুদ্ধে নিতে হবে আইনানুগ ব্যবস্থা। সর্বোপরি সাধারণ মানুষকে সচেতন হতে হবে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি আশা করছি।জাহেদুর রহমানবাগমারা, রাজশাহী।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের মতো সীমিত আয়ের লোকজনের জীবন রীতিমতো দুর্বিষহ করে তুলেছে।আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আয় সীমিত। চাকরিজীবী ও অন্য পেশাজীবীদের অধিকাংশের অবস্থা দিন এনে দিন খাওয়ার মতো। কিছুসংখ্যক ঘুষখোর ও কালো টাকার মালিকের কথা আলাদা। সীমিত আয়ে কোনোমতে জীবন বাঁচাতে যখন মানুষকে হিমশিম খেতে হচ্ছে, তখন যদি কারণে-অকারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য কয়েক গুণ বৃদ্ধি পায়, তাহলে মানুষের দুর্দশা সত্যিই অবর্ণনীয় হয়ে দাঁড়ায়। গত কয়েক বছরে বিভিন্ন খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্রবিশেষে তিন গুণ পর্যন্ত বেড়েছে। এমনকি এক মাসে দু-তিন দফায় পণ্যের মূল্য বেড়েছে, তা কিন্তু বিচিত্র কিছু নয়। সেই তুলনায় মানুষের আয় বেড়েছে সামান্য। আয় ও ব্যয়ের এই বিরাট ব্যবধানের ফাঁকে পড়ে আমাদের জীবন ওষ্ঠাগত। অতএব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।মো. আলমগীর কবির, নওগাঁ।