চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাপনী পরীক্ষাসারা দেশে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা নেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ বটে। কিন্তু বছর না যেতেই প্রশাসনিক কিছু অব্যবস্থাপনার কারণে তা প্রশ্নের সম্মুখীন হতে চলেছে। প্রথম বছরের সমাপনী পরীক্ষা ও ফলাফল সম্পর্কে কিছু বুঝে উঠতে না উঠতেই এ বছর কিছু স্বার্থান্বেষী শিক্ষকের অনৈতিক কার্যকলাপের কারণে অনেক স্কুল তথা ছাত্রছাত্রীর জীবনে নেমে এসেছে বিপর্যয়।পরীক্ষাকেন্দ্রের স্কুলের প্রধান শিক্ষকই কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। বর্তমানে কেন্দ্র সচিবের স্কুলের ছাত্ররা ওই কেন্দ্রেই পরীক্ষা দিয়ে থাকে। ফলে কেন্দ্র সচিবের স্কুলের শিশুরা ভালো ফল ও মেধাতালিকায় বেশি স্থান পাচ্ছে। উল্লেখ্য, সুপার ও পরীক্ষা পরিদর্শকদের স্কুলের ছাত্রদের নিকটতম পার্শ্ববর্তী কেন্দ্রে পরীক্ষা দেওয়ার নিয়ম রয়েছে।যেসব শিক্ষক নিয়মিত স্কুল না করে শিক্ষা অফিসের সঙ্গে লিয়াজোঁ রেখে তাঁদের চাকরির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, দেখা যায় তাঁরাই হচ্ছেন হল সুপার, প্রধান পরীক্ষক, নিরীক্ষক ও তাঁদের পছন্দনীয় শিক্ষকেরাই পরীক্ষক নিয়োগ হচ্ছেন। এ ছাড়া তাঁরাই পরীক্ষার খাতা বিলি-বণ্টনে নেতৃত্ব দিয়ে থাকেন। ফলে কোড নম্বর জানাসহ কোন স্কুলের কোন খাতা কার কাছে দেওয়া হলো, তা তাঁদের নখদর্পণে থাকে।এ ছাড়া বিভাগ তথা বিষয়ভিত্তিক সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষকের কোনো অভাব না থাকলেও বাণিজ্যে স্নাতক শিক্ষককে বিজ্ঞান বিষয়ের প্রধান পরীক্ষক করার অভিযোগও শোনা গেছে। এসব সমস্যার কারণে শিক্ষার্থীদের মূল্যায়ন অনেক ক্ষেত্রে যথাযথ হচ্ছে না। এ ধরনের ভুলভ্রান্তি শিশুদের ভবিষ্যৎ প্রস্তুতির পথে অবশ্যই বিরূপ প্রভাব ফলবে। পরীক্ষার খাতা পুনঃপরীক্ষণের বিষয়টিও সহজতর করা প্রয়োজন বলে আমি মনে করি।আমাদের পরম শ্রদ্ধেয় মুহম্মদ জাফর ইকবাল শিশুদের হাসতে হাসতে পরীক্ষার হলে যেতে বলেন। হাসতে হাসতেই আমাদের শিশুরা পরীক্ষার হলে যায় এবং হাসিমুখেই পরীক্ষা দিয়ে ঘরে ফিরে নিজে নিজে কত পাবে হিসাবে কষে নেয়। কিন্তু ফলাফলে অর্ধেক নম্বরও না পেয়ে শিশুরা কাঁদে বৈকি। কিছু স্বার্থান্বেষী শিক্ষকেরা তাঁদের স্কুলকে শতভাগ পাসের আওতায় আনাসহ মেধাতালিকাভুক্ত স্কুল হয়ে বাহবা কুড়ানোর হীনমানসিকতার কারণে এমনটি হয়ে থাকে।আমি একজন অভিভাবক হিসেবে তাই শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় তথা প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কোমলমতি শিশুদের শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ উন্নয়নের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আবেদন জানাচ্ছি। এ জন্য সব ধরনের অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে কেন্দ্র সচিবদের স্কুলের পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাসহ উপযুক্ত, সৎ, যোগ্য ও নিষ্ঠাবান শিক্ষক থেকে বাছাই করে প্রধান পরীক্ষক ও অন্যান্য পরীক্ষক নিয়োগ এবং নম্বর দেওয়ার প্রশিক্ষণ এবং প্রয়োজনে পরীক্ষা খাতা পুনঃপরীক্ষণের বিষয়টি বর্তমান অবস্থা থেকে অধিকতর সহজ করার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাই। প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষাটি অধিকতর গ্রহণযোগ্য করার জন্য এই কাজগুলো করা জরুরি।আবু সাঈদমাইজদীকোর্ট, নোয়াখালী।এমএলএম প্রতারণাঅবশেষে দেশে এমএলএম নীতিমালা হচ্ছে জেনে বাণিজ্য মন্ত্রণালয়কে সাধুবাদ জানাই। এমএলএম কোম্পানিগুলোর লোভনীয়, বানোয়াট, প্ররোচিত প্রচারণা তথা প্রতারণা থেকে এবার দেশের সাধারণ মানুষের মুক্তি মিলবে বলে আশা করছি। সেই সঙ্গে যারা এ কাজে লিপ্ত, তাদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। এমএলএম নামধারীরা যেসব পণ্য কিংবা সেবা নিয়ে ব্যবসা শুরু করে, তা রীতিমতো ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। আইন প্রয়োগকারী সংস্থার দুর্বলতা কিংবা অবহেলার কারণে এরা সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। আর নেপথ্যে অনেকটা অজান্তেই এদের সহযোগিতা করেছেন দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। বিভিন্ন সময় এমএলএম কোম্পানিগুলোর বার্ষিক সভা কিংবা বড় বড় অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেছে দেশ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের। তাঁদের নাম ভাঙিয়ে নির্বিঘ্নে প্রতারণার প্রচারণা চালিয়েছে এ প্রতারক চক্র। উল্লিখিত ব্যক্তিরে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে এভাবে, তাঁরা এসব কোম্পানির সদস্য। সুতরাং এত জ্ঞানীগুণী ব্যক্তিরা যেখানে আছেন, সেখানে সাধারণ মানুষের ভাবনা কেন! আর সহজ-সরল সাধারণ মানুষের মাঝে কেউ কেউ তাদের প্রচারণায় মুগ্ধ হয়ে, কেউ কেউ লোভে পড়ে, আবার কেউ কেউ সেবার মানসিকতা নিয়ে এ প্রতারক চক্রের ফাঁদে পা রেখেছে। অত্যন্ত দুঃখের বিষয়, এমএলএম কোম্পানিগুলো তাদের প্রতারণার কর্মী হিসেবে বেছে নিয়েছে দেশের কোমলমতি শিক্ষার্থীদের, যারা একটু সচ্ছলতার স্বপ্ন নিয়ে এ প্রতারক চক্রের সঙ্গে মিলে গেছে। দেশের যুবসমাজের বেকারত্বের দুর্বলতার সুযোগে যুবকদেরও এরা সহজে দলে ভিড়িয়েছে। একটা বিষয় শোচনীয়, তা হলো, এদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে এরা এমএলএম ছাড়া অন্য কিছুই বুঝতে না চায়। ফলে শিক্ষার্থীরা মনোযোগ হারাচ্ছে শিক্ষার প্রতি। অন্যদিকে কর্মক্ষম যুবকেরা হয়ে পড়ছে অলস ও উচ্চাভিলাষী। এভাবেই ধ্বংসের মুখে পতিত হচ্ছে শিক্ষার্থীরা এবং যুবসমাজ। পিছিয়ে পড়ছে দেশের সম্ভাবনা এবং অর্থনৈতিক অবস্থা। তাই বিশিষ্ট ব্যক্তিদের প্রতি বিষয়টি ভেবে দেখার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ থাকবে, শুধু এ প্রতারণা বন্ধ নয়, বরং প্রতারক চক্রকে ধরে শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই জাতি এ অভিশাপের হাত থেকে রক্ষা পাবে। মো. আলমগীর হোসেন কেরানীগঞ্জ, ঢাকা।