চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযমপ্রধানমন্ত্রী সম্প্রতি নারায়ণগঞ্জের পাগলায় ডিজেলচালিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনকালে বিদ্যুৎ ব্যবহারে সংশ্লিষ্ট সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে জাতীয় গ্রিডে বাড়তি বিদ্যুৎ সংযোজনের কোনো বিকল্প নেই। কারণ, উৎপাদন ছাড়া অন্য কোনো উপায়ে সমস্যাটির স্থায়ী সমাধানের সুযোগ খুব সীমিত। তবে যে উপায়েই বাড়তি বিদ্যুৎ যোগ করার উদ্যোগ গ্রহণ করা হোক না কেন, তা অত্যন্ত ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। একই কথা প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য। দেশের বিশাল জনগোষ্ঠী এখনো এ দুটির সুবিধা, বিশেষ করে প্রাকৃতিক গ্যাস সংযোগের সুবিধা থেকে বঞ্চিত। এমনকি সংযোগ থাকা সত্ত্বেও খোদ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ দেশের অনেক এলাকায় সব সময় পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না বিধায় ভোক্তারা প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন।এ পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরে দেশে শিল্প কলকারখানা এবং আবাসিক ভবনে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের ক্ষেত্রে বিশেষভাবে সংযমী হওয়ার কোনো বিকল্প নেই। তাই বিদ্যুৎ ব্যবহারে প্রধানমন্ত্রীর এমন আহ্বান অত্যন্ত সময়োচিত, প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। তবে ব্যবহারকারীদের প্রতি মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি এসব খাতের প্রতিটি পর্যায়ের কাজে নিয়মিত কঠোর মনিটর, প্রতিটি স্তরে চুরি ও দুর্নীতিরোধে পর্যাপ্ত পদক্ষেপসহ পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ বা গ্যাসের যেকোনো ধরনের অবৈধ সংযোগ, মিটার কারচুপি ইত্যাদি সম্পূর্ণ বন্ধ করাসহ এসব কাজে সহায়তাকারী সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনার বিকল্প নেই। বিদ্যুতের ক্ষেত্রে বহুতলবিশিষ্ট আবাসিক ভবনের প্রতিটি ফ্ল্যাটের জন্য আলাদা মিটার ব্যবহার নিশ্চিত করতে হবে। কারণ, বহুতলবিশিষ্ট আবাসিক ভবনে একই মিটার বা স্বল্পসংখ্যক মিটারের মাধ্যমে যৌথভাবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কারচুপি আর অপচয়ের প্রবণতা বেশি লক্ষ করা যায়।অন্যদিকে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ক্ষেত্রে বাস্তব অবস্থা আরও জটিল ও নাজুক। আমাদের দেশে আবাসিক সংযোগে গ্যাসের ক্ষেত্রে মিটার না থাকায় এবং ব্যবহারকারীদের দায়িত্বজ্ঞানহীনতা এবং অসচেতনতার কারণে প্রতিনিয়ত মূল্যবান এবং দুষ্প্রাপ্য গ্যাস সম্পদের অনেক অপচয় ঘটছে। তাই বিদ্যুতের মতো প্রতিটি ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস সংযোগ গ্রহণকারী তথা ব্যবহারকারীকে বৈধ মিটারের আওতায় আনা একান্ত জরুরি। শাহীদুল আযমমিরপুর, ঢাকা।কবি হলেই হবে?শিক্ষা-প্রশাসন বিষয়ে বদরে মুনীরের ‘বেসরকারি কলেজের নিরীক্ষা!’ শীর্ষক লেখাটি পড়ে ভালো লাগল। উৎসাহ পেলাম। এমন মননশীল ব্যক্তিদেরই সমাজে প্রয়োজন। আমি বিশ্বাস করি না কাউকে বাধ্য হয়ে ক্ষমতার অন্যায্য দাপটের কাছে মাথানত করতে হয়। এই মাথানত না করে থাকতে পারা চেতনার শুদ্ধতম উন্মেষের ব্যাপার। মানুষের প্রয়োজন শুধু বৈষয়িক নয়, অনুভবের স্বস্তি আর স্বাচ্ছন্দ্যেরও। আমি নিশ্চিত, কোনো দুর্নীতিপরায়ণ ব্যক্তিই তার অপকর্মে স্বস্তি পায় না। তাই মিথ্যা অজুহাতে তার দুর্নীতিপরায়ণ হতে না চাওয়ার কারণ খাড়া করতে থাকে। এখানে বুঝতে হবে আমাদের প্রয়োজনের হিসাবটা গভীরভাবে অনুধাবন করা হয় না। কারণ, বাহ্যিক বা সহজগ্রাহ্য বিষয়টুকু ভাবা হয়। তাই স্বস্তিহীন এক অনুভবে সমাজ আক্রান্ত। একে অপরকে দোষ দিচ্ছে। কেউই নিজেকে সংশোধন করছে না। এখানেও সঠিক নিরীক্ষার অভাব।কবিরা জীবনকে বিশুদ্ধ চেতনায় অনুভব করেন। লেখকের আশা, শিক্ষাসচিব কবি বলে হয়তো সংশোধনের গতি ত্বরান্বিত হবে। হলে ভালো। তবে শুধু একজন কবিকে দিয়ে এ কাজ দুরূহ। তা তিনি যত শীর্ষস্থানীয় কর্মকর্তাই হোন। তবে কি সবাইকে কবি হতে হবে? নাকি সব সাধারণ মানুষই মর্যাদামণ্ডিত হবেন? মানুষ হিসেবে ব্যক্তিমর্যাদা সমুন্নত করবেন। যে পরিবেশে, সমাজে সবাই নিজের সঠিক প্রয়োজন অনুধাবন করতে শিখবেন। আর যিনি কাজটি করতে না পেরে অন্যায্য আচরণ করছেন, তাঁকে প্রতিহত করে সংশোধনের পথে আনতে হবে। তাই বদরে মুনীরের এ প্রতিবাদ সমাজ সংস্কারের প্রতিবাদ। আসুন, আমরা প্রতিবাদ করি আর দুর্নীতিপরায়ণ হওয়ার ইচ্ছা অবদমিত করি।এ টি এম নজরুল ইসলামনাটোর।