চিঠিপত্র
বিশ্বকাপের প্রস্তুতি১৯ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের মধ্যে বিশ্বকাপ ক্রিকেট, ২০১১-এর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিরপুর স্টেডিয়ামে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হবে, আর দুটি খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে। এ কারণে সরকার প্রায় ৫৬ কোটি টাকা ব্যয়ে মিরপুর স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়াম (যেখানে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের উপস্থিতি ঘটবে) এবং চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের আশপাশের রাস্তাঘাট, ফুটপাত, ড্রেন সংস্কার ও মেরামতকাজ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এগিয়ে চলছে। ৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে।যে স্টেডিয়ামের কাচঘেরা কক্ষে বসে বিদেশি সাংবাদিকেরা মিরপুর স্টেডিয়ামের সীমানা থেকে মাত্র ৪০০ গজ দূরে রূপনগর আবাসিক এলাকার বিশাল জলাশয়ের চারপাশে অবৈধভাবে গড়ে ওঠা বস্তির দৃশ্য সরাসরি সম্প্রচার করবেন, তখন বিশ্বকাপ আয়োজক হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি কতটা উজ্জ্বল থাকবে?হাইকোর্টের নির্দেশ রয়েছে, ঢাকা শহরের চারদিকে বয়ে যাওয়া নদী, খাল-জলাশয় অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ করে পরিবেশবান্ধব ঢাকা শহর গড়ে তোলার। কিছু কিছু উচ্ছেদ কার্যক্রম চলছে শীতলক্ষ্যা নদী এবং তুরাগ নদের পাড়ে গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলোতে। কিন্তু রূপনগর জলাশয়ের এবং রূপনগর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের কোনো কার্যক্রম এখন পর্যন্ত আমরা দেখছি না। যাঁরা অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি দেখভাল করছেন, তাঁরা কি চান না বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আসা টিভি ক্যামেরার হাত থেকে আমাদের মুখ রক্ষা হোক?ক্রিকেটভক্ত বিদেশি পর্যটকেরা আমাদের কাছে বিনোদনও আশা করবেন। মিরপুর স্টেডিয়ামের এত কাছের একটি জলাশয়কে পরিষ্কার করে চারদিকে ফুটপাত করে দিলে সবারই চোখ জুড়াত। জলাশয়টির মালিক সরকারের গণপূর্ত বিভাগ, দেখভাল করার দায়িত্ব ঢাকা ওয়াসার ওপর ন্যস্ত। অবৈধ দখলকারীদের দায়ের করা সব মামলা খারিজ করা আছে, এখন শুধু কর্তৃপক্ষের সদিচ্ছার প্রয়োজন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, রূপনগর জলাশয়টিকে অবৈধ দখলমুক্ত করার মাধ্যমে লেকে রূপান্তরে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।মো. আবুল বাশাররূপনগর, মিরপুর, ঢাকা।