চিঠিপত্র
স্কুলবাসআমার দুই ছেলে আসাদ এভিনিউ-সংলগ্ন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ষষ্ঠ ও চতুর্থ শ্রেণীর ছাত্র। সকালে দুই ছেলের হাত ধরে, সঙ্গে বইয়ের ব্যাগ নামের দুটি ভারী বস্তা নিয়ে শ্যামলী থেকে বাসে ওঠার যুদ্ধ এবং স্কুল শেষে আবার আসাদগেট থেকে একইভাবে বাসায় ফেরার অভিযান কতটা ভয়াবহ ও অনিরাপদ, সেটা ভুক্তভোগীই জানেন। তখন বাসের চালক ও হেল্পারের দয়ার ওপর ভরসা করতে হয়। বাসে উঠতে না পারা এবং স্কুলের গেট বন্ধ হয়ে যাওয়ার দুশ্চিন্তায় ওই মুহূর্তে মাথা ঠান্ডা রাখাই মুশকিল।অবশেষে গত ১৬ জানুয়ারি সকালে যখন প্রতিদিনের মতো ছেলেদের নিয়ে শ্যামলী বাস স্টপেজে একের পর এক বাসের সামনে গিয়ে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়ে থমকে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে সুন্দর একটি লাল বাস আমাদের পাশে এসে থামল এবং হেল্পার সযতনে ছেলেদের বাসে তুলে নিলেন। বাসে ওঠার পর জানতে পারলাম, ওটা স্কুলবাস। স্কুলগামী ছাত্রছাত্রীদের আনা-নেওয়ার দায়িত্ব পালন করবে। এ রকম মোট ১৪টি বাস ২৬টি স্কুলের ছাত্রছাত্রীদের এ সেবা দেবে। ওই মুহূর্তে আমার অনুভূতি বলে বোঝাতে পারব না। সঙ্গে ছেলেরাও যারপরনাই খুশি। ভাবলাম, গত তিন বছরের কষ্টের বুঝি অবসান হলো।সেই সঙ্গে বিত্তশালী পরিবারের ‘একটি সন্তানের জন্য একটি প্রাইভেট গাড়ি’ কর্তৃক সৃষ্ট ঢাকা শহরের যানজটের কিছুটা অবসান হবে। সুন্দর বাস, আনুষঙ্গিক প্রয়োজনীয় অন্যান্য সুবিধার কথা শুনে চিন্তা করলাম, প্রাইভেট কারওয়ালারা নিশ্চয়ই শতভাগ না হলেও ৬০-৭০ ভাগ নিজের গাড়ি রেখে এসব বাসের প্রতি আকৃষ্ট হবেন। তাতে এ শহরের যানজটের কবলে যে শ্রমঘণ্টা, মানসিক শক্তি ও পরিবেশ বিপর্যয় ঘটছে, তা কিছুটা হলেও লাঘব হবে। সে মুহূর্তে আমি অনেক সুদূরপ্রসারী প্রত্যাশাই করেছিলাম। হাজারো সমস্যায় জর্জরিত আমরা, সমাধানের উপায় তো দূরে থাক, সমস্যা বলার জায়গাই পাই না। আমাদের মতো সাধারণ মানুষের নিত্যদিনের অনেক সমস্যার অন্তত একটা সমাধান পেয়ে আশ্বস্ত হয়েছিলাম।সাধারণ মানুষ অল্পতেই খুশি। বাচ্চাদের সময়মতো নিরাপদে স্কুলে পৌঁছাতে পারা এবং বাসায় ফিরিয়ে আনতে পারার জন্য এ ধরনের বাস অন্য সড়কগুলোতেও দেওয়া উচিত এবং আরও বেশিসংখ্যক বিদ্যালয়কে এর আওতায় নিয়ে আসা দরকার।মুক্তি বিশ্বাস, শ্যামলী, ঢাকা।