চিঠিপত্র
গ্যাস অফুরন্ত নয়‘গ্যাস একটি জাতীয় সম্পদ। এর ব্যবহারে সচেতন হউন’—এমন স্লোগান আমরা সব সময়ই শুনে আসছি। কিন্তু বাস্তবে এই সচেতনতামূলক স্লোগান কতটুকু কাজে আসছে, সেটা সত্যিই এক বড় প্রশ্ন। একটি জাতি হিসেবে স্বাধীনতার প্রায় চার দশক পার হওয়ার পর আমাদের মধ্যে যে সচেতনতা বোধ সৃষ্টি হওয়া প্রয়োজন ছিল, তা নেই বললেই চলে। আমার অভিজ্ঞতায় দেখেছি, ঢাকা ও চট্টগ্রাম নগরের অনেক বাসায়ই সামান্য একটি দেশলাইয়ের কাঠি বাঁচানোর জন্য সারা রাত গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা হয়। প্রশ্ন হচ্ছে, এভাবে একটি দেশলাইয়ের কাঠি বাঁচানোর জন্য যদি চুলা জ্বালিয়ে রাখা হয়, তবে প্রতিদিন কী পরিমাণ গ্যাস নষ্ট হচ্ছে, তা কি আমরা কখনো ভেবে দেখেছি। প্রতি মাসে মাত্র ৪৫০ থেকে ৬০০ টাকা চার্জ দিয়ে নষ্ট করছি হাজার হাজার টাকার গ্যাস। এভাবে দেশের ক্ষতি করলে একদিন দেখব আমাদের সন্তানেরাই গ্যাসের জন্য হাহাকার করছে। মা হিসেবে আপনি বা আমি কি তা চাই? নিজের বিবেকের কাছে আমরা নিজেই একবার প্রশ্ন করে দেখতে পারি।শিহাবুন সাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।শিক্ষা সফর তাত্ত্বিক জ্ঞানকে পূর্ণাঙ্গ করে তুলতে শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ে কাজ বা অভিজ্ঞতা অর্জন করা ছাড়া শিক্ষা কখনো পূর্ণাঙ্গতা পায় না। ব্যবহারিকে গুরুত্ব না দেওয়া আমাদের দেশের শিক্ষার মান কমে যাওয়ার অন্যতম কারণ। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও কিন্ডারগার্টেনের মতো কিছু বিষয় মুখস্থ করাচ্ছে। ফলে শিক্ষায় অনেক ঘাটতি থাকছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রম নেই বললেই চলে। শিক্ষা সফর মাঠ পর্যায়ের শিক্ষা ও বর্তমান সমস্যাগুলোকে চিহ্নিত করতে সহায়তা করে। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শিক্ষা সফর কমিয়ে দিয়েছে। তারা সাত দিনের শিক্ষা সফরকে তিন দিন এবং বিদ্যমান তিন দিনকে এক দিন করেছে। নতুন প্রস্তাবনায় শিক্ষার্থীদের কাঁধে কিছু খরচ বেঁধে দেওয়া হয়েছে। আমরা এর ভুক্তভোগী। একটা বিষয় স্পষ্ট, একদিকে শিক্ষক-কর্মচারীর বেতন ও ভাতা বাড়ছে, অপরদিকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা সফর কমে যাচ্ছে। শিক্ষা সফরের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আজমল হুদাবাকৃবি, ময়মনসিংহ।