চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের ছোবল১২ বছর কঠোর পরিশ্রমের পর প্রায় ১০০ জনের সঙ্গে প্রতিযোগিতা করে ছিনিয়ে নিতে হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের একেকটি আসন। বিশ্ববিদ্যালয়ের সবুজ অঙ্গন তাঁদের দৃপ্ত পদভারে মুখরিত হয়ে ওঠে। কিন্তু কিছুদিন পরেই বেশ কিছু শিক্ষার্থীর জীবনে ঘটে ছন্দপতন। দিনে দিনে আমূল বদলে যায় এত দিনকার চালচলন, হয়ে ওঠে বেপরোয়া। কথিত বড় ভাইদের প্ররোচনায় মাদকের করাল গ্রাস নেমে আসে তাঁদের জীবনে। না, কথাটা বোধহয় ঠিক হলো না! শুধু অগ্রজদের দোষারোপ করে কী লাভ? নিজস্ব চিন্তাধারা, বিবেক-বুদ্ধি যখন সময়ের ‘অপসংস্কৃতি’র কবলে পড়ে আর্তনাদ করে, তখন আমাদের পথ দেখাবে কে? চারপাশে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার লোকেরও অভাব হয় না। তাঁরা ভুলে যান, তাঁদের বাবা-মা কী অমানুষিক পরিশ্রম করেছেন তাঁদের এই অবস্থানে পৌঁছোতে। একজন ছাত্র হিসেবে আমার মনে হয়, বিশ্ববিদ্যালয়ে অবৈধ মাদকের অবাধ বিচরণ বন্ধ করা সম্ভব হলে সহিংসতার মাত্রা বহুলাংশে কমে যাবে। মাদক আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে অমিত সম্ভাবনা, ধ্বংস করছে একেকটি সূর্যস্নাত জীবন। তাই শিক্ষকদের নিয়ন্ত্রিত আচরণ, আবাসিক হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ক্ষুদ্র ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন, অগ্রজদের দায়িত্বপূর্ণ আচরণ, একই সঙ্গে আমাদের নৈতিক সচেতনতা বৃদ্ধি এবং সর্বোপরি মাদক প্রশ্নে প্রশাসনের কঠোর অবস্থান ও আইন প্রয়োগ আমাদের এ ভয়াল থাবা থেকে মুক্তি দিতে পারে। আমাদের বাবা-মার কথা চিন্তা করে না হোক, দেশের মঙ্গলের চিন্তা বাদ দিলেও অন্তত নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে মাদকের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক এক কাতারে আসুন।সৈয়দ মো. তাহমীদশিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।[email protected]