চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষের প্রত্যাশাদেখতে দেখতে সময়চক্রের ঘূর্ণাবর্তে ২০০৯ সাল আমাদের জীবনের অতিক্রান্ত একটি অধ্যায় হয়ে গেল। এই অধ্যায় হতে শিক্ষা নিয়ে নতুন করে পথ চলতে হবে, নতুন করে স্বপ্ন বুনতে হবে। বিডিআর বিদ্রোহ, আইলা ট্র্যাজেডি, পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে আগুন ও নৌযান ট্র্যাজেডিসহ যত রকম অঘটনের সম্মুখীন আমরা হয়েছি, তেমন কোনো ঘটনা যাতে ২০১০-এ পুনর্মঞ্চায়িত না হতে পারে, এ ব্যাপারে সবার সতর্ক দৃষ্টি কাম্য। ঢাকায় ট্রাফিক-ব্যবস্থার রূপান্তর, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও কৃষকদের পৃথক পরিচয়পত্র প্রদানসহ যত ধরনের ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে, দ্রুততার সঙ্গে এসবের বাস্তবায়ন কাম্য। এর পাশাপাশি ক্রসফায়ার বা এনকাউন্টার বন্ধ করা, গ্রামীণ অর্থনীতিকে সুসংগত করা, ভারত-বাংলাদেশের অমীমাংসিত ইস্যুগুলোর নিষ্পত্তি করা ও বিরোধী দলকে সংসদে আনার ক্ষেত্রে ছাড় দেওয়াসহ ইতিবাচক যাবতীয় ক্ষেত্রে কার্যকর উদ্যোগ সরকারকে আরও জনঘনিষ্ঠ করে তুলতে সহায়ক হবে। সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। ২০১০-এর শেষে প্রাপ্তির খাতা যেন পরিপূর্ণ থাকে, নবর্ষের প্রারম্ভে এমনই প্রত্যাশা সবার।মু. আব্দুর রহমান জামীসাতাইশ, টঙ্গী, গাজীপুর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য ভর্তি হচ্ছেন। মা-বাবা সন্তানদের এখানে পাঠাচ্ছেন অনেক প্রত্যাশা নিয়ে। তাঁদের সন্তানেরা উপযুক্ত শিক্ষা এবং উচ্চতর ডিগ্রি নিয়ে যথার্থ মানুষ হয়ে ফিরবে, এটাই তাঁদের প্রত্যাশা। কিন্তু ভালো নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়। হতাশায় আচ্ছন্ন শত শত অভিভাবক ও শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টি উদ্বোধনের পর তিনটি বছরও পেরোয়নি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। শ্রেণীকক্ষ-সংকট, শিক্ষক-সংকট, পর্যাপ্ত আবাসন ও পরিবহন-সংকট এবং বহিরাগতদের উত্পাত বিশ্ববিদ্যালয়টিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বেদনাদায়ক বিষয়, রাজনৈতিক কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়টি বন্ধ। বিদ্যমান অচলাবস্থার জন্য কুমিল্লার রাজনৈতিক নেতৃত্বের অভ্যন্তরীণ কোন্দল দায়ী। অনেক ত্যাগ, চড়াই-উতরাই এবং অপেক্ষার পালা শেষে স্বাধীনতার ৩৫ বছর পর কুমিল্লাবাসী একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ পেতে সক্ষম হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক চর্চা হবে, এটাই স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের মতো এমন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাঁদের ন্যায্য দাবি আদায়ে বদ্ধপরিকর হবেন, সুস্থ রাজনৈতিক চর্চা করবেন এবং এখান থেকে সঠিক জ্ঞান আহরণ ও উচ্চতর গবেষণা চালাবেন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার স্বার্থে একত্রে কাজ করবেন—এটাই সর্বস্তরের মানুষের প্রত্যাশা। আমরা তার বিপরীত চিত্র দেখতে চাই না। এ দেশের ১৫ কোটি মানুষের দেওয়া করের টাকায়ই নির্বাহ হয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যয়ভার। তাই আমরা চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালিত হোক। একটি সংকটমুক্ত ও সুশৃঙ্খল বিশ্ববিদ্যালয় হিসেবে যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়, তবেই বলা যায় কুমিল্লার সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটবে। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ, স্থিতিশীলতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিশ্চিত করতে সবার প্রত্যাশা সরকারের যথার্থ দৃষ্টি ও পৃষ্ঠপোষকতা। তাই বিশ্ববিদ্যালয়টি যেন আর দিনের পর দিন, মাসের পর মাস বন্ধ না থাকে; যেন আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আড়ালে শিক্ষাথীর জীবন অনিশ্চয়তার মুখে না পড়ে, সে জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।মোহাম্মদ মনিরুজ্জামান খান বরুড়া, কুমিল্লা। সঞ্চয়পত্রের মুনাফাযে হারে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, সে হারে মানুষের আয় বাড়েনি। ক্ষুদ্র ব্যবসায়ী, পেনশনভোগী কর্মকর্তা ও কর্মচারী, দরিদ্র ও মধ্যবিত্তের পরিবার, চাকরিজীবীসহ অনেকে সঞ্চয়পত্রের মুনাফার টাকা দিয়ে অনেক কষ্টে সংসার চালায়। এখন আর এ মুনাফায় সংসার চলে না। বাড়িভাড়া, সন্তানের লেখাপড়ার খরচ, বিদ্যুত্, পানি, গ্যাস, পরিবহন, চিকিত্সা, ওষুধ ও সামাজিক অনুষ্ঠানের ব্যয়, মাসিক বাজার-খরচ সব বেড়েছে। দিশেহারা মধ্যবিত্ত এ অবস্থায় কেমন করে টিকে থাকবে? এই অল্প মুনাফায় তো সংসার চালাতে পারছি না। সরকারের কাছে আমার আবেদন, এই দ্রব্যমূল্যের বাজারে পরিবার-পরিজন নিয়ে কোনোরকম বেঁচে থাকার জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি করুন।মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, ঢাকা। মনোলোকে ‘নতুন বছর’বছর আসে, বছর যায়। এই আমরা, সেই আমরাই রয়ে যাই। কিছু আয়োজন, কিছু আড়ম্বর। ব্যস, সব শেষ। আবার আমরা ফিরে যাই আমাদের ধামাধরা গোলকে। ফিরে যাই আমাদের উদ্ধারহীন যন্ত্রণার শাশ্বত বলয়ে, ঘুরপাক খাই লক্ষ্যহীন জীবনের সেই গত্ বাঁধা ছকে।বছর বছর, বছরের সংখ্যা বদলায়। ক্যালেন্ডারের পাতা বদলায়। কিন্তু নিয়তির পাতা বদলায় না। বোধের পরত বদলায় না। বিশ্বাসের রং বদলায় না। অভ্যাসের রূপ বদলায় না। বদলায় না রোগ-শোক-বন্যা-খরা-মঙ্গাপীড়িত জীবনের অপ্রতিরোধ্য দাসত্ব। বদলায় না দলাদলি, কাঁদা-ছোড়াছুড়ি, দুর্নীতি, আত্মস্বার্থসর্বস্ব ও হিংসাশ্রয়ী রাজনীতির চিরচেনা চিত্র। নতুন সালের মোড়কে আজন্ম দেখি পুরোনো সালেরই কাসুন্দি। রূপগত পরিবর্তনের ডামাডোলেই আমাদের ফিবছর নববর্ষ উদ্যাপন; গুণগত পরিবর্তনের ইচ্ছা বা উত্সাহ দেখি না কোথাও।আফতাব উদ্দিন ছিদ্দিকীঅ্যাডভোকেট, জজকোর্ট, ঢাকা।[email protected]