চিঠিপত্র
ফল প্রকাশে দেরিযারা ২০০৩-০৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান (অনার্স) শ্রেণীতে ভর্তি হয়েছিলেন, তাঁদের সম্মান চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে আগস্ট ২০০৯-এ। পাঁচ মাস অতিক্রান্ত হলেও এখনো ফল প্রকাশিত হয়নি। এতে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা শেষ করলেও ফল প্রকাশিত না হওয়ায় কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারছেন না। তাঁরা ২৯তম বিসিএসসহ প্রথম/দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আবেদন করতে পারেননি। অথচ যাঁরা ২০০৩ সালে এইচএসসি পাস করে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে (২০০৩-০৪ শিক্ষাবর্ষে) ভর্তি হয়েছিলেন, তাঁরা ইতিমধ্যে স্নাতকোত্তর পর্যায় শেষ করে চাকরিজীবনে প্রবেশ করেছেন। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার অসহায় শিক্ষার্থীর মধ্যে নেমে এসেছে হতাশা। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলছে। কিছু ক্ষেত্রে এর প্রমাণ রাখলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশের ক্ষেত্রে তার ছিটেফোঁটা লক্ষণও প্রকাশ পাচ্ছে না। আমাদের শিক্ষামন্ত্রী প্রাথমিক শিক্ষা সমাপনী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল দ্রুত প্রকাশের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিয়েছেন। আশা করি, তিনি এসব অসহায় ভুক্তভোগী শিক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার ফল দ্রুত প্রকাশে যথাযথ পদক্ষেপ নেবেন।মোঃ শাহ্জাহান মিয়াঢাকা কলেজ, ঢাকা। পুলিশের মনোগ্রাম বদলবর্তমান সরকার বাংলাদেশ পুলিশের মনোগ্রামে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৮৫ সালে বাংলাদেশ পুলিশের মনোগ্রামে নৌকা ও বৈঠা অন্তর্ভুক্ত করা হয়, যা বিগত চারদলীয় জোট সরকার ২০০৪ সালে বদল করে। এ সময় পুলিশের মনোগ্রাম থেকে নৌকা প্রতীক বাদ দিয়ে তাতে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বর্তমান সরকার আবার তা আগের প্রতীকে ফিরিয়ে আনতে চায়।আমার মনে হয়, যে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়, সেই সরকারকে মনোগ্রাম পরিবর্তনের মতো বিষয় নিয়ে মাথা ঘামালে চলবে না। তাদের ভাবতে হবে আরও গভীরের বিষয় নিয়ে। বাংলাদেশ পুলিশ সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা দূর করার লক্ষ্যে কাজ করতে হবে। পুলিশ যেন জনগণের বন্ধু হয়; আর তা করতে হলে পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী ও আধুনিক করা প্রয়োজন। কিন্তু সেদিকে নজর না দিয়ে প্রতীকের মতো একটি বিষয় নিয়ে কাজ করে শুধু শুধু বিতর্ক বাড়ানো ছাড়া আর কিছুই অর্জিত হবে না। আমাদের পুলিশের বিরুদ্ধে রয়েছে দায়িত্বে অবহেলা, ঘুষ গ্রহণ, নিরীহ লোকদের ওপর নিপীড়নসহ নানা অপকর্মের অভিযোগ। এসব দিকে নজর না দিয়ে মনোগ্রাম বদলানোর কাজে কেন সরকার ব্যস্ত হলো, তা বোধগম্য নয়। সাজ্জাদ হোসেন মহিলা কলেজ পাড়া, ঝিনাইদহ। [email protected]