চিঠিপত্র
নদীর নামফলককাজের জন্যই আমাকে নিয়মিত ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যেতে হয়। ঢাকা-সিলেট মহাসড়ক ধরে পেরিয়ে যাই পাঁচটি জেলার বিস্তীর্ণ শিল্পাঞ্চল, নদী, হাওর আর ফসলের খেত। কৃষিভিত্তিক সমাজের ক্রমশ শিল্পসমৃদ্ধির দিকে রূপান্তর চোখে পড়ার মতো।সম্প্রতি চমত্কার একটি বিষয় আমার নজর কেড়েছে, তা হচ্ছে, মহাসড়কটির নরসিংদী অংশের নদীগুলোর নামফলক স্থাপন। কাজটি করেছে পানি উন্নয়ন বোর্ড নরসিংদী শাখা। নদীর ওপর অবস্থিত প্রতিটি সড়ক সেতুর আগেই ছোট্ট একটি নামফলকে লিখে দেওয়া হয়েছে নদীটির নাম। কিছু নাম আগে থেকেই জানতাম, কিছু নতুন করে জানলাম।পাঁচদোনার মোড় পার হলেই যে শীর্ণ জলাধারটি চোখে পড়ে সেটাই এককালের প্রমত্ত ‘পুরাতন ব্রহ্মপুত্র’। ১৮৮০ সালে প্রলয়ংকরী ভূমিকম্পে তা আজ প্রায় মৃত। নরসিংদী শহরের কাছ দিয়ে বয়ে যাওয়া নদীটির নাম ‘হাড়িদোয়া’, কাকচক্ষু জলের সুন্দর নদীটির নাম ‘পাহাড়িয়া’, সবজি চাষের জন্য বিখ্যাত ‘বারৈচা’র পাশ দিয়ে বয়ে যাওয়া নদটি ‘আড়িয়াল খাঁ’, আর নরসিংদী ও কিশোরগঞ্জের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদটি হলো ‘ব্রহ্মপুত্র’। এ সবই জানলাম নামফলকগুলো দেখে।আমাদের দেশের নদ-নদীর নামগুলো বড় কাব্যিক আর সুন্দর। কপোতাক্ষ, সুরমা, চিত্রা, কর্ণফুলী, চন্দনা, ইছামতী—এমনি অসম্ভব সুন্দর সব নাম। প্রতিটি নদীর সঙ্গে জড়িয়ে আছে আবহমান বাংলার হাজার বছরের ইতিহাস। দুই কূলের মানুষের সুখের অশ্রু আর দুঃখের জল নদীগুলো বয়ে যাচ্ছে অনন্তকাল।দেশের সড়ক-মহাসড়কগুলোতে যদি প্রতিটি নদীর নাম বা বিখ্যাত স্থানের নাম যদি এভাবেই নামফলকে লিখে দেওয়া হয়, তাহলে পথ চলতে চলতেই মানুষ দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতি সম্পর্কে জানতে পারবে; আগ্রহী হবে দেশকে নিয়ে, উদ্বুদ্ধ হবে দেশপ্রেমে। ডা. সারওয়ার ইবনে সালাম রামপুরা, ঢাকা। স্বাস্থ্যসম্মত পায়খানাসরকারিভাবে ইউনিয়ন পর্যায়ে ‘রিং’ বা চাকতি স্লাবসহ বিনামূল্যে বিতরণ করা হয়। এটা গ্রামীণ অবকাঠামো ও জনস্বাস্থ্যের জন্য একটি ব্যাপক উন্নয়নমূলক কাজ। নিঃসন্দেহে এ কর্মসূচি গ্রামীণ স্যানিটারি ল্যাট্রিনবঞ্চিত ও ব্যবহারে অনভ্যস্ত জনসাধারণকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারে আগ্রহী করে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে। দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ ক্ষেত্রেই স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দের পরও কাঁচা অস্বাস্থ্যকর পায়খানাই ব্যবহূত হতে দেখা যায়। দীর্ঘদিন ধরে ওই বরাদ্দ করা চাকতি বা রিংগুলো বাড়ির এক কোণে অযত্নে পড়ে থাকে। ইউনিয়ন পরিষদ শুধু ওই রিংগুলো বরাদ্দ দিয়েই ক্ষান্ত, তা বসানো এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে উদ্বুদ্ধ করার বাধ্যবাধকতা তাদের নেই! সরকার এভাবেই নানা পদক্ষেপ নিচ্ছে, নেবে, অতীতেও নিয়েছিল। কিন্তু স্যানিটারি ল্যাট্রিনগুলোর বরাদ্দ যারা পেয়েছে তাদের কতজন ওই ল্যাট্রিন বসিয়েছে এবং কতজন বসাতে ব্যর্থ হয়েছে, এর সুষ্ঠু জরিপ দরকার।সরকার যেহেতু স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান—এই মৌলিক অধিকারগুলো জনগণকে দিতে অঙ্গীকারবদ্ধ; সে ক্ষেত্রে একটি স্যানিটারি ল্যাট্রিন বসানোর খরচসহ যদি গ্রামীণ পর্যায়ে বরাদ্দ দেওয়া হয় এবং তা বসানো নিশ্চিত করা হয়, তাহলে বাধ্যতামূলক স্যানিটারি ল্যাট্রিন বা স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করার সরকারি নির্দেশনায় অনেক সাফল্য আসবে। এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।মো. আশরাফ হোসেননবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। পশুচিকিত্সক চাইক্রমবর্ধমান জনসংখ্যার সুষম খাদ্যের প্রধান উপকরণ আমিষের ঘাটতি এক বিরাট সমস্যা। এ ঘাটতি পূরণ করতে হলে হাঁস-মুরগি, গরু-মহিষ ও ছাগল-ভেড়া আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ, লালন-পালন, রোগ দমন এবং চিকিত্সা অপরিহার্য। কিন্তু আমাদের দেশে প্রতিটি উপজেলা পশু হাসপাতালে পশুচিকিত্সক তথা ভেটেরিনারি সার্জনের পদ মাত্র একটি, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ ছাড়া আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর প্রায় ১০০ জন করে ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ডিগ্রিধারী গ্র্যাজুয়েট বের হতেন। কিন্তু বর্তমানে দেশের ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর প্রায় ৪০০ জন ডিভিএম গ্র্যাজুয়েট তথা ভেটেরিনারিয়ান বের হন। কাজেই এত বিপুলসংখ্যক ভেটেরিনারিয়ানকে দেশের পশুসম্পদের উন্নয়নকাজে লাগানো, পাশাপাশি তাঁদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা পশু হাসপাতালে আরও একটি করে নতুন ভেটেরিনারি সার্জন পদ সৃষ্টি করা জরুরি। মো. আবদুল মোমিন (চতুর্থ ব্যাচ)হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। রাস্তা সংস্কার প্রয়োজনহবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচং একটি অতি পরিচিত গ্রাম। হবিগঞ্জ শহর থেকে এর দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। দুঃখজনক ব্যাপার হলো, হবিগঞ্জ শহর ও বানিয়াচংয়ের মধ্যে সড়ক যোগাযোগব্যবস্থা অত্যন্ত খারাপ। দিন দিন অবস্থার আরও অবনতি হচ্ছে। প্রতিদিন অসংখ্য মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে এই সড়ক ব্যবহার করছে। এমনকি অনেক ছাত্রছাত্রী বানিয়াচং থেকে প্রতিদিন এসে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্কুল-কলেজে অধ্যয়ন করছে। রাস্তায় অসংখ্য গর্তের কারণে যাত্রীদের ভোগান্তি এখন চরমে। রাস্তাটি সরু হওয়ায় দুটি গাড়ি পাশাপাশি চলতে সমস্যা হয়। মূল সড়কের পাশের বেশির ভাগ অংশের মাটি সরে গেছে। শিগগিরই পদক্ষেপ না নিলে হয়তো হবিগঞ্জ-বানিয়াচং সড়কে গাড়ি চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, জনসাধারণের দুর্দশা লাঘবের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।প্রিয়াঙ্কা বিশ্বাসশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়, সিলেট। সংশোধনীগত ১ জানুয়ারি প্রকাশিত প্রথম আলোর ইংরেজি নববর্ষের বিশেষ ক্রোড়পত্রের শেষ পাতায় সালমা খানের ‘স্বপ্ন যেন ব্যর্থ না হয়’ শিরোনামের লেখাটির তৃতীয় কলামের তৃতীয় ও ষষ্ঠ লাইনের শেষে ভুলবশত দুই বার ‘প্রতীকী’ ছাপা হয়েছে, এ দুই জায়গায় পড়তে হবে ‘প্রতিটি’। একই লেখার শেষ কলামের চতুর্থ লাইনের শেষে ছাপা হয়েছে ‘ক্ষমতা’, এখানে পড়তে হবে ‘সমতা’। আমরা দুঃখিত।