চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ বিপর্যয়একরাশ হতাশা, সমালোচনা, প্রতিবাদ আর অপ্রাপ্তির মধ্য দিয়ে জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কোপ-১৫ থেকে ঘোষিত হলো কোপেনহেগেন অ্যাকর্ড। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বিশ্বের ১৯২টি দেশের প্রতিনিধিরা যখন জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশে এর যে প্রভাব পড়তে শুরু করেছে, সে জন্য উন্নত বিশ্বকে দায়ী করছিলেন, তখন আমাদের দেশের কিছু লোক ‘নিজের পায়ে কুড়াল মারা’র মতো বিস্ময়কর দৃষ্টান্ত দেখালেন! প্রথম আলোর শুধু ডিসেম্বর মাসের গুটিকয়েক সংবাদের শিরোনাম দেখলে আমাদের দায়িত্বহীন আচরণ অনেক স্পষ্ট হয়ে ওঠে।এ মাসের কয়েকটি সংবাদ এখানে তুলে ধরা হলো: লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৩০টি সেগুনগাছ চুরি, কুতুবদিয়ায় প্যারাবন দখল করে লবণ মাঠ তৈরির অভিযোগ, রেমা-কালেঙ্গায় নির্বিচারে গাছ কাটা হচ্ছে/বনের খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ছে, রায়গঞ্জে কৃষিজমিতে ইটভাটা/পোড়ানো হচ্ছে কাঠ, সংরক্ষিত বনের মধ্যে আওয়ামী লীগের নেতার ইটভাটা, উজাড় হয়ে যাচ্ছে পবার বন, সুন্দরবনের পাশের বন থেকে শতাধিক কেওড়াগাছ নিধন। এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নির্বিচারে কাটা হয় হাজার হাজার গাছ। প্রথম আলোর এক ফলোআপ প্রতিবেদন থেকে জানা যায়, গত এক বছরে সীতাকুণ্ডের ১২৫ একর সবুজ বেষ্টনীর অন্তত ৫০ হাজার গাছ দুর্বৃত্তরা কেটে নিয়েছে। হিমালয়ের বরফগলা পানি কিংবা মেরু অঞ্চলের গলিত বরফের সাগর উপচানো পানি আমাদের তলিয়ে নেওয়ার আগে আমরা নিজেরাই যে নিজেদের ধ্বংস আয়োজন করছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের নেতাদের পরিবেশ রক্ষার্থে বাদানুবাদ আর স্বদেশে দুর্বৃত্তদের পরিবেশ বিপর্যয়ের আয়োজন—এ বিষয়ে এবিএম মূসা তাঁর ‘সময়ের প্রতিবিম্ব’ কলামে ‘বিশ্ব আবহাওয়া বনাম বাংলাদেশ পরিবেশ’ লেখায় প্রশ্ন রেখেছেন, ‘... পণ্ডিত ব্যক্তিরা যখন মাথায় মাথা ঠেকিয়ে নিষ্কৃতির উপায় খুঁজছেন, তখন আমরা বঙ্গোপসাগরের তীরের বেড়িবাঁধের গাছ কাটছি, উপকূল অঞ্চলের বন ধ্বংস করছি। এ কি বিশ্ব পরিবেশ সমস্যা, নাকি আমাদের নিজেদের দুশ্চিন্তা?’ (২৪ ডিসেম্বর) দুর্বৃত্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই এমন ঘটনা দিন দিন বাড়ছে। আশার কথা হলো, এ বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে এবং তিনি অবৈধভাবে গাছ কাটার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দীর্ঘমেয়াদি শাস্তি প্রদানে কঠোর আইন করে জামিন-অযোগ্য ধারা অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন। প্রচলিত আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বন বিভাগকে আরও শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করতে হবে। প্রশাসনকেও কুম্ভকর্ণের ঘুম ভেঙে জেগে উঠতে হবে। কোপ-১৫ থেকে আমাদের প্রাপ্তি-অপ্রাপ্তি যা-ই হোক না কেন, আমাদের সৃষ্ট সমস্যা আর দুশ্চিন্তাগুলোর সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। পরিবেশ বিপর্যয়কারীরা যত প্রভাবশালী হোক না কেন, ‘জাতীয় শত্রু’ হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।গুটিকয়েক মানুষের লোভ আর খামখেয়ালিপনা যেন সমগ্র দেশ ধ্বংসের কারণ হয়ে না দাঁড়ায়, সে ব্যাপারে সরকার থেকে শুরু করে আপামর জনতা—সবাইকে সচেতন থাকতে হবে।সাদেক আহমেদশিক্ষার্থী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়sadequel9@ yahoo.com মাদকাসক্ত চিকিত্সকগত ২৫ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘পেশা চিকিত্সা, নেশা মাদকের’ সংবাদটি পড়ে খুবই মর্মাহত হয়েছি। সমাজে চিকিত্সকদের আসন অনেক উঁচুতে। সেই চিকিত্সকেরা যদি মাদকাসক্ত হন, তাহলে লজ্জায় মাথা নোয়ানো ছাড়া আমাদের কোনো গতি থাকে না। দেশের চিকিত্সাবিজ্ঞানের সর্বোচ্চ বিদ্যাপীঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক চিকিত্সক নিয়মিত মাদক গ্রহণের মতো চিকিত্সকদের নীতিহীন, বিবেকহীন কাণ্ড ঘটিয়ে আমাদের মনে দুঃস্বপ্নের জন্ম দিয়েছেন। যাঁরা এ দেশের অবহেলিত মানুষের সেবা-শুশ্রূষা করার মহান ব্রত নিয়ে এহেন বিবেকহীন কাণ্ড করেছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা করি। এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে মাদকের বিস্তাররোধে গণমাধ্যমের ভূমিকা অব্যাহত রাখার অনুরোধ করছি।সুমিত বণিককিশোরগঞ্জ। কৃষিঋণবাংলাদেশ কৃষিপ্রধান দেশ। মোট জনসংখ্যার বেশির ভাগ কৃষিজীবী। কৃষকদের বাঁচাতে, কৃষিকে উন্নত করতে এ পর্যন্ত অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু এসব পরিকল্পনা কৃষকদের উন্নতিতে খুব বেশি সহায়ক হয়নি।বাংলাদেশে কৃষকদের উন্নয়ন-সহায়তার জন্য ১৯৭৫ সালে কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। কৃষকদের কৃষিকাজে উন্নয়নের জন্য স্বল্প সুদে ঋণ দেয় এ ব্যাংক। কিন্তু অনেক প্রকৃত কৃষক এ ঋণসুবিধা ভোগ করতে পারেন না। দেখা যায়, গ্রামের ধনী, বেশি জমির মালিক, কৃষির পাশাপাশি নানা ধরনের ব্যবসা করে থাকেন এমন ব্যক্তিরাই এর সুফল পেতে পারেন। কৃষি ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থ কৃষিকাজেই ব্যবহূত হবে, এমন খুব একটা দেখা যায় না। কৃষি ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীসহ অনেকের সুপারিশ গ্রহণ বর্তমানে অলিখিত ও অলঙ্ঘনীয় আইনে পরিণত হয়েছে। নানা ধরনের আইনের জটিলতার প্যাঁচে পড়ে লেখাপড়া না জানা কৃষক হাঁপিয়ে ওঠেন। নানা রকম আইনের ধাপ ও হয়রানির ভয়ে প্রকৃত কৃষকেরা ঋণ নেওয়ার পরিবর্তে স্থানীয় ধনীদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে থাকেন। অনেকে কৃষি ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি করছেন অথবা ব্যবহারের বিলাসী সামগ্রী ক্রয়ের জন্যও এ টাকা ব্যবহার করছেন। তাই কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ, যেন এ ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেন।দিনেশ চন্দ্র মাহাতোজয়পুরহাট। ডাকঘর সংস্কারফেনীর ছাগলনাইয়া উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ বাজারে অবস্থিত প্রাচীন ডাকঘর আলমবাজার। এলাকার বিশাল জনগোষ্ঠীর চিঠিপত্রসহ অর্থনৈতিক লেনদেনে এ ডাকঘরটির ভূমিকা অনস্বীকার্য। বর্তমানে এর অবকাঠামোগত অবস্থা শোচনীয়। যথাযথ তদারকির অভাবে ডাকঘরটির এ দশা হয়েছে। এ অবস্থায় ডাকঘরটির আশু সংস্কার করে হারিয়ে যাওয়া অবয়ব ফিরে পেতে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।রাশেদুল ইসলাম চৌধুরীপুরাতন মুহুরীগঞ্জ, ফেনী।