চিঠিপত্র
বৈধ-অবৈধ পার্কিংঢাকা শহরে বৈধ পার্কিং কোথায় আছে? আজকের ঢাকার প্রধান দুটি সড়ক মিরপুর রোড ও এয়ারপোর্ট রোড যখন নির্মিত হয়, তখন এর দুই পাশে ছিল শুধু আবাসিক ভবন। সেই ভবনগুলোতে আসা গাড়িগুলো রাখার জন্য পর্যাপ্ত জায়গা ছিল। নব্বইয়ের দশক থেকে এই দুই রাস্তার দুই পাশের আবাসিক ভবনগুলো ভেঙে তৈরি হতে থাকে বাণিজ্যিক ও বহুতল আবাসিক ভবন। পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকা সাপেক্ষে এই ভবনগুলোর নকশা অনুমোদন করে রাজউক। অথচ নির্মাণের পর দেখা যায়, আবাসিক ভবনগুলো এবং গুটিকয়েক বিপণিবিতান ছাড়া আর কোনো ভবনেই নির্মাতারা নকশা অনুযায়ী গাড়ি পার্কিংয়ের জায়গা রাখেননি। অন্য সব রাস্তায়ও একই অবস্থা।ফলে এসব রাস্তার পাশের হাসপাতাল, স্কুল-কলেজ, খাবারের দোকান, ওষুধের দোকান—যেখানেই যাই, পার্কিংয়ের জায়গা না থাকায় গাড়ি রাখতে হয় রাস্তায়। ফলাফল, রাস্তায় পার্ক করে রাখা গাড়ির লাইন—যাকে বলা হয় অবৈধ পার্কিং। অবৈধ পার্কিংয়ের শাস্তি এক হাজার টাকা জরিমানা। যেসব আবাসিক ভবনে পার্কিংয়ের জায়গা রয়েছে, সেগুলো কেবল ভবনে বসবাসকারীদের জন্য। বাইরে থেকে আসা গাড়ি তাই রাস্তার পাশেই রাখতে হয়। নগর পরিকল্পনায় নগরপতিরা পার্কিংস্থল রাখেননি। ফলে আমরা যারা প্রতিবছর গাড়ির বৈধ কাগজপত্র রাখি, কর দিই, যারা নগরে বসবাসের জন্য নানাভাবে কর দিই, তাদের অবৈধ পার্কিংয়ের জন্য জরিমানা দিতে হয়।আমার এক বন্ধু মারা যাওয়ার পর তাঁর বহুতল ভবনে গেছি—আমার মতো আরও অনেকেই এসেছেন এবং পার্কিংয়ের জায়গা না পেয়ে গাড়ি রাস্তার পাশে সবাই এক লাইন করে রেখেছেন। মোটরসাইকেলে চড়ে পুলিশ কর্মকর্তা এসে অবৈধ পার্কিংয়ের দায়ে জরিমানা করলেন। এক মাইল দূরত্বের মধ্যে কোনো পার্কিংস্থল নেই। বৈধ পার্কিং কোথায় পাব জিজ্ঞেস করতেই তিনি জানালেন, বেশি কথা বললে ১৪০ ধারায় আদেশ অমান্য করার জন্য অভিযুক্ত করে জরিমানা দ্বিগুণ করে দেবেন। তার পরও গাড়ি রাখতে হচ্ছে। বৈধ পার্কিং কোথায়?সাজা ইসলামপ্রকৌশলী। পিটিআই কার্যক্রম১৯৫১ সালে তত্কালীন পাকিস্তান সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য এই ভূখণ্ডে ৫৩টি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউশন (পিটিআই) প্রতিষ্ঠা করে। শিক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশনের ওপর। এটি পিটিআইতে এক বছর মেয়াদি সিইনএড কোর্স চালু করে। স্বাধীন বাংলাদেশে গত ৩৯ বছরে নয়টি শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠিত হয়। কমিশনগুলোর প্রতিবেদনে এক বছর মেয়াদি সিইনএড কোর্সকে অপ্রতুল, চাহিদার তুলনায় অপর্যাপ্ত এবং যুগোপযোগী নয় বলে মন্তব্য করা হয়। ১৯৫১ সালের পর এই ভূখণ্ডের জনসংখ্যা পাঁচ থেকে ১৫ কোটিতে পৌঁছেছে। সেই অনুপাতে বিদ্যালয়, শিক্ষার্থী, শিক্ষকের সংখ্যা বেড়েছে। দুঃখের বিষয়, পিটিআই সংখ্যা ও এগুলোতে শিক্ষার মান যুগের চাহিদা অনুযায়ী বাড়েনি।বর্তমানে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়েছে। সরকার প্রাথমিক শিক্ষা বোর্ড গঠন করে অষ্টম শ্রেণীতে একটি পাবলিক পরীক্ষার মাধ্যমে তৃণমূল পর্যায়ে শিক্ষার গোঁজামিল ও অপচয় রোধের চেষ্টা করছে। এক বছর মেয়াদি সিইনএড প্রশিক্ষণপ্রাপ্ত অনেক শিক্ষকের সরকারের শিক্ষানীতির ভার বহনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। পৃথিবীর প্রায় সব দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ করা হয় চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রিপ্রাপ্তদের।একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ গ্রহণের উপযোগী জনশক্তি গড়তে হলে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ডিপ্লোমা ইন এডুকেশন সম্পন্ন করা প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া আবশ্যক। বিপুলসংখ্যক ডিপ্লোমা ইন এডুকেশন প্রযুক্তিবিদের প্রশিক্ষণ প্রদানে প্রতিটি উপজেলায় সরকারি-বেসরকারি একাধিক প্রাইমারি টিচার্স টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা, পিটিআইগুলোর নাম পরিবর্তন করে প্রাইমারি টিচার্স টেকনোলজি ইনস্টিটিউট করা এবং নবপ্রতিষ্ঠিত ইনস্টিটিউটগুলোতে চার শিফট শিক্ষাব্যবস্থা চালু করা প্রয়োজন। ডিজিটাল প্রযুক্তি কর্মকাণ্ডগুলো সহজতর করতে ব্যর্থ ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন থেকে প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণব্যবস্থা পৃথক করে স্বতন্ত্র ডিপ্লোমা শিক্ষা বোর্ড নির্মাণে এগিয়ে আসবেন শিক্ষামন্ত্রী—এই প্রত্যাশা করছি।খন রঞ্জন রায়চট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাব। বন ধ্বংসবাংলাদেশে পরিবেশ বিনষ্ট করার জন্য যেন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কতিপয় কুচক্রী মহল। সংবাদপত্রে এ বিষয়ে অনেক প্রতিবেদন প্রকাশিত হলেও বাস্তবে কোনো ফল হয়নি। দেশ ও দেশের মানুষের জন্য তা খুবই উদ্বেগের, উত্কণ্ঠার। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর প্রথম আলোতে ‘বন ধ্বংস করে ইটভাটা, কর্তৃপক্ষের অনুমতি!’ শিরোনামের সংবাদটি পড়ে বিস্মিত হয়েছি। কারণ, পরিবেশ বিপর্যয় রক্ষায় যখন সবাই সোচ্চার, তখন খোদ সরকারি কর্তৃপক্ষ কীভাবে বন ধ্বংস করে ইটভাটার অনুমতি দেয়।কর্তৃপক্ষের অনুমতি প্রদান শুধু জাতীয় স্বার্থে ভুলই নয়, সুস্পষ্ট আইনের লঙ্ঘনও বটে। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন-১৯৮৯ এবং সংশোধিত ২০০১ সালের ধারা ৪(৫)-এ বলা আছে, ‘সরকারের নিকট ন্যস্ত বনাঞ্চল, আবাসিক এলাকা ও ফলের বাগান থেকে তিন কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ইটভাটা স্থাপনের লাইসেন্স প্রদান করা যাবে না।’ উপ-ধারাটির ব্যাখ্যায় আছে, ‘আবাসিক এলাকা বলতে ৫০টি পরিবার বাস করে এমন এলাকা এবং ফলের বাগান বলতে অন্যূন ৫০টি ফলজ বা বনজ গাছ আছে এমন বাগানকে বোঝাবে।’সুতরাং সামাজিক বনায়ন ধ্বংস করে ইটভাটার অনুমতি সুস্পষ্ট আইনের লঙ্ঘন। পরিবেশ রক্ষাকারী সরকারি সংস্থার কর্তৃপক্ষ যদি নিজেরাই পরিবেশ রক্ষার আইন ভঙ্গ করে, তাহলে সাধারণ জনগণ এই আইনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল হবে?আর বিশ্ববাসীর কাছে আমাদের অবস্থান কী হবে? তাই পরিবেশ বিপর্যয় রোধ করতে হলে এখনই পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ আইনগুলোর বাস্তবসম্মত প্রয়োগ জরুরি। তা না হলে পরিবেশ রক্ষায় আমাদের সংগ্রাম বিফলে যাবে। এ ব্যাপারে দায়িত্বশীল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।বেলাল হোসেনশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেতু চাইরাজধানী ঢাকার চাপ কমাতে হলে কেরানীগঞ্জকে পরিকল্পিত আদর্শ উপশহর হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। আর সেই লক্ষ্য পূরণে কামরাঙ্গীরচর-খোলামোড়ার সংযোগস্থলে বুড়িগঙ্গা নদীর ওপর একটি সেতু নির্মাণ করা প্রয়োজন। এখানে সেতু নির্মিত হলে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ অংশের সাতটি ইউনিয়নে শিল্প-কারখানা গড়ে উঠবে। এতে যেমনি সৃষ্টি হবে কর্মসংস্থান, তেমনি দূর হবে বেকারত্ব।মহাজোট ক্ষমতায় এলে এখানে একটি সেতু নির্মাণ করা হবে, এমন প্রতিশ্রুতি সর্বশেষ সংসদ নির্বাচনের সময় করা হয়েছিল। এখন তাই তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় স্থানীয় জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। কর্মস্থল রাজধানী ঢাকা হওয়ায় হযরতপুর, তারানগর ও সাক্তা ইউনিয়নের হাজার হাজার কর্মজীবী নারী-পুরুষ প্রতিদিন খোলামোড়া ঘাট দিয়ে নৌকাযোগে কামরাঙ্গীরচরে পারাপার হয়ে রাজধানীতে যাতায়াত করছে। এই ঘাটে ৩৫-৪০টি নৌকা প্রতিদিন চলাচল করে। নৌকায় দুই টাকা ও ঘাটে এক টাকা করে দিয়ে যাত্রীদের প্রতিদিন পারাপার হতে হয়।ঢাকা জেলা প্রশাসকের আওতাধীন এই ঘাটের আয় প্রতি মাসে প্রায় এক কোটি টাকা হলেও যাত্রীসেবার মান বাড়েনি। ঘাটের উভয় প্রান্তে ওঠা-নামাকালে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পর্যন্ত খোলামোড়া ঘাটের উন্নতি না হওয়ায় ওঠা-নামাকালে যাত্রীদের পা পিছলে পড়তে হয়। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।ইলিয়াছ আহমদকামরাঙ্গীরচর, ঢাকা।