চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিটি ক্লিনিকবর্তমান সরকার ক্ষমতায় আসার পর জানতে পারি, সারা দেশের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর চিকিত্সাসেবার মানোন্নয়নে দেশব্যাপী কমিউনিটি ক্লিনিকগুলো চালু করার নীতিগত সিদ্ধান্ত হয়। এটি সময়োপযোগী একটি পদক্ষেপ। সম্প্রতি কমিউনিটি ক্লিনিক চালু প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি দৃষ্টিগোচর হয়। এই বিজ্ঞপ্তিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে ১৩ হাজার ৫০০ বিবাহিত মহিলার কর্মসংস্থানের কথা বলা হয়েছে। এই পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এইচএসসি পাস। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৩৩০০-৬৯৪০ (গ্রেড-১৪)। সারা দেশে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এক বছর মেয়াদি প্যারামেডিকেল সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে। এই এক বছর মেয়াদি প্যারামেডিকস কোর্সে ভর্তি হতে এসএসসি পাস হতে হয়। এই কোর্স সম্পন্নকারীদের প্রাথমিক মেডিকেল স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম সম্পর্কে সাধারণত ভালো অভিজ্ঞতা থাকে। তাদের এই অভিজ্ঞতা কমিউনিটি ক্লিনিক পরিচালনা করতে ভালো ভূমিকা রাখতে পারে। তা ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিটিআই সম্পন্নকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলের সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে এই এক বছর মেয়াদি প্যারামেডিকেল কোর্স সম্পন্নকারীরা কেন এ সুযোগ পাবেন না? কমিউনিটি ক্লিনিকগুলো কোনো একদিন সরকার চালু করবে, সে আশায় অনেক শিক্ষার্থী এই প্যারামেডিকেল কোর্স সম্পন্ন করেছেন। কাজেই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ নামের প্রকল্পের কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে নিয়োগের ক্ষেত্রে এইচএসসি পাসের পাশাপাশি এসএসসি পাস করা এক বছর মেয়াদি প্যারামেডিকেল সার্টিফিকেট কোর্স সম্পন্নকারীদেরও যেন সুযোগ দেওয়া হয়।মো. আবুল বাশারশ্রীনগর, ভৈরব, কিশোরগঞ্জ।