চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভিতে বিনোদনআমি সত্তরোর্ধ্ব একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এ বয়সে একজন বৃদ্ধের পক্ষে সময় কাটানো একটি সমস্যা। আমার জন্য সন্ধ্যাবেলায় সময় কাটানো বা বিনোদনের একমাত্র মাধ্যম টেলিভিশন।আমাদের দেশে টেলিভিশনের আবির্ভাব হয়েছিল ষাটের দশকে। তখন বিটিভিতে অন্য কিছু বাদ দিলেও অন্তত নাটক উপভোগ্য ছিল। তখনকার দিনে একাধারে ৪৫ মিনিটব্যাপী নাটক দেখানো হতো। সকাল-সন্ধ্যা বা সংশপ্তক-এর মতো নাটক এতই জনপ্রিয় ছিল যে দর্শক তাদের নৈমিত্তিক কাজ আগেভাগে সমাধা করে নাটক শুরুর সময় টিভির সামনে বসে থাকতেন। বর্তমানে আমাদের দেশে অনেকগুলো টিভি চ্যানেল হয়েছে এবং প্রতিদিন চ্যানেলে একাধিক নাটক, টক শো এবং বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখানো হচ্ছে। এসব নাটকের মধ্যে ভালো ভালো নাটক দেখানো হয়, যার প্রায় সব কটি খণ্ড নাটক। খণ্ড নাটকের একেক খণ্ড (এপিসোড) এমনভাবে প্রদর্শিত হয় যে অনেক ক্ষেত্রে গল্পের খণ্ডটি দর্শকদের কাছে বোধগম্য হয় না। স্বতন্ত্র খণ্ড কেন করা হলো, তাও বোঝা কঠিন। এসব নাটকের মাঝখানে বিজ্ঞাপনের আধিক্য এতই বেশি যে কয়েক মিনিট নাটক দেখানোর পর এর প্রায় তিন গুণ সময় বিজ্ঞাপন দেখতে হয়।কোনো কোনো বিজ্ঞাপন একই বিরতিতে দু-তিনবার এমনকি পাঁচবারও দেখানো হয়, যা অত্যন্ত বিরক্তিকর এবং দর্শকদের ধৈর্যচুতির কারণ হয়। দর্শকদের রুচির বা ধৈর্যের বিষয়টি বিবেচনা না করে শুধু আর্থিক লাভের জন্য টিভি কর্তৃপক্ষ এমনটি করে থাকে। তাই আমার মতো একজন বৃদ্ধের কাছে টিভির অনুষ্ঠান বিনোদনের পরিবর্তে জ্বালাতন হয়ে ওঠে। আর কালবিলম্ব না করে টিভি চ্যানেলের মালিকদের একটি নীতিমালা প্রণয়ন করা উচিত, যাতে বিরতির সময় বিজ্ঞাপনের স্থায়িত্বকাল কোনো অবস্থাতেই মূল প্রদর্শিত অনুষ্ঠানের এক-চতুর্থাংশের বেশি না হয়।আজ আমাদের দেশের কয়েকটি চ্যানেল বিভিন্ন দেশে প্রদর্শিত হচ্ছে, কিন্তু ভারতে প্রদর্শন নিষিদ্ধ। কোন যুক্তিতে বাংলাদেশি চ্যানেলগুলো ভারতে দেখানো হয় না? তথ্য মন্ত্রণালয় উদ্যোগ নিলে সদুত্তর পাওয়া সম্ভব।আশা করি, টিভি কর্তৃপক্ষ আমাদের চ্যানেলগুলোকে পৃথিবীর উন্নত টেলিভিশনের সমপর্যায়ে নিয়ে আসবে এবং বিজ্ঞাপনের মান ও স্থায়িত্বকাল সহনীয় পর্যায়ে রাখবে। আফতাবুর রহমানধানমন্ডি, ঢাকা।