চিঠিপত্র
শ্রম আদালতশ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর শ্রম আইন বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করলেও এই আইনের আওতায় মামলাসংক্রান্ত প্রয়োজনে সীমিতসংখ্যক শ্রম আদালত থাকায় ওই আইন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।এর আগে ১৯৬৫ সালের কারখানা আইন এবং ১৯৬৫ সালের দোকান ও প্রতিষ্ঠান আইনের আওতায় মামলাগুলো সংশ্লিষ্ট জেলা পর্যায়ের একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করার পর তা দ্রুত নিষ্পত্তি হতো। কিন্তু বিগত চারদলীয় জোট সরকারের আমলের শেষ পর্যায়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ পাস করার পর এই আইনের অধীনে কোনো মামলা শ্রম আদালত ব্যতীত অন্য কোনো আদালতে গ্রহণযোগ্য হবে না বলে প্রজ্ঞাপন জারি করা হয়।সমগ্র বাংলাদেশে মাত্র সাতটি শ্রম আদালত রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। ছয়টি বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের জন্য দুটি আদালত; যার একটি রাজশাহী অন্যটি বগুড়ায় স্থাপিত। বরিশাল ও খুলনা বিভাগের জন্য মাত্র একটি আদালত, যা খুলনায় স্থাপিত। চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য মাত্র একটি আদালত, যা চট্টগ্রামে স্থাপিত। ঢাকা বিভাগের জন্য তিনটি আদালত, যা ঢাকার শ্রম ভবনে স্থাপিত। এত স্বল্পসংখ্যক আদালত থাকায় মামলার বিবাদীদের ভোগান্তির অন্ত থাকে না।সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা প্রয়োজনীয়সংখ্যক শ্রম আদালত গঠন করতে পারে। শ্রম আদালতের চেয়ারম্যান হন একজন কর্মরত জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার একজন বিচারক। সেই ক্ষেত্রে গেজেট প্রজ্ঞাপন জারি করলে মামলার বিবাদীরা ভোগান্তির হাত থেকে অনেকটা রক্ষা পেত। এ ব্যাপারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।এম এন আহম্মেদদশমিনা, পটুয়াখালী।মৌখিক পরীক্ষাসম্প্রতি কয়েক হাজার পরীক্ষার্থী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এমএলএসএস পদে লিখিত পরীক্ষায় অংশ নিই। গত ২৩ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। অনেক পরীক্ষার্থী এতে উত্তীর্ণ হয়। ২৪ ডিসেম্বর মৌখিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত এর তারিখ জানানো হয়নি। এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। আমরা আশা করব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অবিলম্বে মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে পরীক্ষার্থীদের হতাশা থেকে মুক্তি দেবে। হাসান উর রহমান, ঢাকা।হেল্পলাইনবিজ্ঞান ও প্রযুক্তির যুগে মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রায় সবাই হেল্পলাইনের সঙ্গে পরিচিত। মোবাইল অপারেটরগুলো ২৪ ঘণ্টা তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন তথ্যসেবা দিয়ে থাকে। এর মধ্যে নিউজ, হেডলাইন, চিকিত্সা, শিক্ষা ও কৃষি উল্লেখযোগ্য। এ ছাড়া বিনোদন, খেলাধুলা, কুইজও থাকে। তবে সাধারণ জ্ঞানের কোনো হেল্পলাইন নেই। বিশ্বের নানা বিষয়ে অনেক সময় নানা তথ্য জানা দরকার হয়। তাই চাহিদামাফিক সঙ্গে সঙ্গে অজানা কোনো কিছু জানার জন্য এক বা একাধিক হেল্পলাইন থাকলে ভালো হয়। আশা করি, মোবাইল ফোন অপারেটররা বিষয়টি ভেবে দেখবে।বিশ্বজিত্ কুমার মৃধাবিএল কলেজ, খুলনা।ভূমি জরিপের ভুল বাংলাদেশের সর্বশেষ ভূমি জরিপ ১৯৮৩—১৯৯০ সালে সম্পন্ন হয়। এতে অগণিত ভুল রয়ে যায়। সব ধরনের মামলার মধ্যে জমিসংক্রান্ত মামলার সংখ্যাই সর্বাধিক। মাঠ জরিপের কাজে নিয়োজিত কিছু অসত্ কর্মীর যোগসাজশে সাধারণ মানুষের জমির জরিপে যেসব ভুল হয়েছে, সেগুলোর মধ্যে দাগ ও নামের ভুল, একজনের জমি অন্যের নামে, সিএস/আরএস মালিকানা থাকা জমি খাসজমিতে অন্তর্ভুক্তকরণ, সিএস/আরএস মালিকানা থাকা ভূমি টাকার বিনিময়ে অন্যের নামভুক্তকরণ, জমির পরিমাণ বেশি/কম হওয়া, পরচা আছে, নকশায় জমি নেই, সরকারি খাল, বিল, প্রভাবশালীদের নামভুক্ত করা এবং যৌথ মালিকানার একাধিক নামভুক্ত শরিকানা ভূমি একজনের নামে পরচা প্রকাশ অন্যতম।এমতাবস্থায় ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ভূমি জরিপ মাঠ পরচা পূর্ণ সংশোধনী করতে বিশেষ আদালত বসিয়ে ব্যাপক প্রচারের মাধ্যমে জনগণের কল্যাণ সাধনের জন্য ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।মো. আবু জাফর সিদ্দিককেন্দুয়া, নেত্রকোনা।নাম বদলএকজন মানুষের জন্মের পর যেমন নামকরণ আবশ্যক হয়, তেমনি একটি স্থান বা প্রতিষ্ঠানেরও নামকরণ আবশ্যক হয়। মানুষকে যেমন চেনা যায় তার নামের মাধ্যমে, তেমনি একটি স্থান বা প্রতিষ্ঠানকেও চেনা যায় তার নামের মাধ্যমে। নাম যখন বারবার বদলানো হয় তখন তা চেনার চেয়েও অচেনা হয়ে যায় বেশি। আমাদের দেশে সরকার বদলের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানের নামও বদলে যায়। বিগত সরকার যেমন বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানের নাম বদলে নতুন নামকরণ করেছিল, বর্তমান সরকারও একই ধরনের কাজ করছে। বারবার নাম বদলের ফলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুুখীন হচ্ছে নতুন প্রজন্মের শিশুরা। আমরা কি পারি না নাম বদলানোর রাজনীতি পরিহার করতে? আমাদের প্রত্যাশা, সরকার জনগণকে বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানের প্রকৃত নাম ও ইতিহাস জানাবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা, তারা বিভিন্ন স্থানের বারবার নাম বদলানোর রাজনীতি পরিহার করবে।মো. এনায়েত হোসেনশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।সড়ক সংস্কারদক্ষিণ সুনামগঞ্জের রানীগঞ্জ বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। ব্রিটিশ আমল থেকে এ বাজারটি সুনামগঞ্জ জেলায় বেশ বিখ্যাত। এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র, একটি উচ্চবিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি আলিম সিনিয়র মাদ্রাসা, দুটি খাদ্য গুদাম, দুটি বাণিজ্যিক ব্যাংক, একটি ডাকঘর, একটি ভূমি অফিস, দুটি ইনস্যুরেন্স কোম্পানি ও বেশ কয়েকটি এনজিও সংস্থা আছে। অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী এখানে অবস্থান করছেন এবং প্রতিদিন দক্ষিণ সুনামগঞ্জের হাজার হাজার মানুষের উপজেলা ও জেলা সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যেতে হয়। কিন্তু উপজেলা সদরে যেতে হলে কত যে দুর্ভোগে পড়তে হয়, তা ভাষায় প্রকাশ করা যায় না। সরকার আসে, সরকার যায়, কিন্তু রানীগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক সড়কটি সংস্কার হয় না।রানীগঞ্জ থেকে জগন্নাথপুর সড়কটি পাকাকরণের কোনো আলামত দেখা যাচ্ছে না। তবে আমরা আশাবাদী, বর্তমান সরকার রানীগঞ্জ-জগন্নাথপুর সড়কটির পাকাকরণের কাজ অবিলম্বে সম্পন্ন করে দক্ষিণ সুনামগঞ্জের ভাগ্যবিড়ম্বিত মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করবে। ওই আঞ্চলিক মহাসড়কের পাকাকরণ কাজ সম্পন্ন হলে সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জবাসীর জীবনে যোগাযোগের ক্ষেত্রে বিরাট অগ্রগতি হবে। আমি বর্তমান মহাজোট সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন অবিলম্বে রানীগঞ্জ থেকে জগন্নাথপুর ও রানীগঞ্জ থেকে ইনাথগঞ্জ সড়কের অসম্পন্ন কাজগুলো অর্থাত্ দক্ষিণ সুনামগঞ্জের মানুষের প্রাণের দাবিটি বাস্তবায়ন করে।আহমদ আলীরানীগঞ্জ, সুনামগঞ্জ।সুন্দর ও পরিচ্ছন্ন ঢাকাভোরবেলা পথে বেরিয়ে যখন দেখি, রাস্তার পাশে বাসাবাড়ির আবর্জনা পড়ে আছে, তখন মনটা সত্যিই খারাপ হয়ে যায়। অথচ আমাদের এই প্রিয় ঢাকা হতে পারে এ অঞ্চলের সবচেয়ে সুন্দর একটি নগর। মাত্র কয়েক দশক আগেও ঢাকা ছিল মোটামুটি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় একটি শহর। রমনার সবুজ চত্বর এখনো চোখ জুড়ায়। এখন ঢাকা আয়তনে অনেক বেড়েছে। লোকসংখ্যা বেড়েছে অকল্পনীয় হারে। যানবাহনের সংখ্যা অগণিত। সবকিছুর সঙ্গে বেড়ে চলেছে আবর্জনা। কিন্তু বিশ্বের কোনো বড় শহরেই অসুন্দরের স্থান নেই। তাহলে কেন আমরা আমাদের রাজধানী ঢাকাকে এমন অপরিষ্কার থাকতে দেব? তাই ঢাকাকে পরিচ্ছন্ন রাখার যে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মনে করি তাতে সবারই সাড়া দেওয়া উচিত। দি সিটি স্কুল ইন্টারন্যাশনালের ছাত্রছাত্রীরা গুলশান-২ চত্বর এবং বনানীতে ‘পরিচ্ছন্ন ঢাকা শহর ২০১০’ প্রচারাভিযানে অংশ নিয়েছে। জনমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা সড়ক প্রদক্ষিণ করেছি। ঢাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ করেছি। আসুন, আমরা প্রতিজ্ঞা করি, আমাদের এই ঢাকাকে সুন্দর রাখব, বাসযোগ্য করে রাখব।দি সিটি স্কুল ইন্টারন্যাশনালের ছাত্রছাত্রীরাগুলশান, ঢাকা।