চিঠিপত্র
বাঁধ দিয়ে মাছ শিকারগত ১১ জানুয়ারি প্রথম আলোয় ‘পদ্মায় “বাঁধ” দিয়ে মাছ শিকার’ শীর্ষক মূল শিরোনামটি দেখে আমরা যুগপত্ভাবে বিস্মিত এবং ব্যথিত। পরিবেশ-প্রতিবেশের ওপর এমন অবৈধ এবং পরিবেশবিরুদ্ধ কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এহেন কর্মকাণ্ডকে সুচারুভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য প্রতিবেদক পান্না বালাকে ধন্যবাদ।প্রতিবেদনটির সঙ্গে প্রকাশিত ছবিতে দেখা যায়, পদ্মার দিগন্তবিস্তৃত জলরাশিতে শত শত বাঁশের সারি। মূলত মাছ শিকারের উদ্দেশ্যে ফরিদপুরের চরভদ্রাসনের গাজীরটেকে ও চরহরিরামপুরের মধ্যে পদ্মা নদীর মূল প্রবাহে আড়াআড়িভাবে দেড় কিলোমিটার ধরে এই বাঁশের সারি দেওয়া হয়েছে। আর এই অবৈধ কর্মকাণ্ডের নেপথ্যে এসেছে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের নাম।দেশের অন্যতম বৃহত্ এবং গুরুত্বপূর্ণ একটি নদীর মূল প্রবাহে দেড় কিলোমিটার বাঁধ দিয়ে মাছ শিকার করার নজির পৃথিবীর অন্য কোনো দেশে আছে বলে শোনা যায় না। আমরা এমনই হতভাগা জাতি, যারা প্রতিনিয়ত প্রকৃতির ওপর এমন নির্মম অত্যাচারের মাধ্যমে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরে চলেছি।প্রতিবেদন সূত্রে জানা যায়, ১৫ জন শ্রমিকের ২০ দিনের শ্রমে নির্মিত বাঁধটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার বাঁশ। উল্লেখ্য, নদীর যে অংশে এই বাঁশের বাঁধ নির্মাণ করা হয়েছে, ওই অংশটি তীব্র ভাঙনপ্রবণ। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, এমন দীর্ঘ বাঁধের ফলে নদীর প্রবাহ দারুণ বাধাগ্রস্ত হয় এবং তাতে করে ভাঙন আরও তীব্র হয়। এ ছাড়া এতে করে নদীর প্রতিবেশব্যবস্থা ভেঙে পড়ে। সে সঙ্গে মাছ বিলুপ্তিও ত্বরান্বিত হয়। নদীর পরিবেশের এমন বিরূপ প্রভাব থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে গত এক দশক স্থানীয় আওয়ামী লীগ-বিএনপির নেতারা এমনই নানা কৌশলে বছরের পর বছর মাছ শিকার করে আসছেন, যেন নদী তাঁদের রাজনৈতিক সম্পত্তি!প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর জনমহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে প্রশাসন বাঁশগুলো তুলে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু শুধু বাঁশ তুলে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তিও দিতে হবে। এবং ভবিষ্যতে যাতে কেউ এমন অবৈধ কর্মকাণ্ডে যুক্ত না হতে পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নইলে দেশের নদনদী বাঁচানোর জন্য সরকারের নেওয়া নানা প্রশংসনীয় পদক্ষেপ অনায়াসে ভণ্ডুল হয়ে যাবে।রানা আব্বাস, শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।[email protected]মৌখিক পরীক্ষাপিএসসির অধীনে বিভিন্ন নিয়োগ, পিএসসি গৃহীত নন-ক্যাডার পদে নিয়োগ, সরকারি-বেসরকারি ব্যাংক অফিসার নিয়োগ, স্বাস্থ্য সহকারী, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসহ সরকারি নিয়োগ পরীক্ষায় যোগ্য, মেধাবী প্রার্থী বাছাই করার জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়।আর এই নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে দুর্নীতি হয় মৌখিক পরীক্ষায়। মৌখিক পরীক্ষায় প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশের মাধ্যমে চাকরি পায় অনেক অযোগ্য ব্যক্তি। গরিব মেধাবী প্রার্থীরা লিখিত পরীক্ষায় ভালো করেও তদবিরের অভাবে মৌখিক পরীক্ষায় বাদ পড়ে। মৌখিক পরীক্ষা সরকারের সব নিয়োগ পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রথম আলোতে সম্প্রতি প্রকাশিত হয়েছে, ঢাকা মেডিকেল হাসপাতালে বাবুর্চি (কুক বা মশালচি), পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) ও পিয়নের মতো চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সাংসদেরা অন্তত ৫০ জনের নামে সুপারিশ করেছেন। এর বাইরে চিকিত্সক নেতা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী নেতা এবং কয়েকটি দৈনিক পত্রিকার সাংবাদিক আরও অনেকের জন্য সুপারিশ করেছেন। মৌখিক পরীক্ষার মাধ্যমে লোক নিয়োগ করা হবে মাত্র ১৭১ জন। আর সুপারিশ এসেছে দেড় গুণেরও বেশি।সরকারি নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা বাদ দিয়ে শুধু লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাবীদের চাকরিতে সুযোগ দেওয়ার দাবি জানাই। রইচ উদ্দিন, শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়।